সেই গোল নিয়েই বিতর্ক

গোল নিয়েই যত গোলমাল। আজ ব্রাজিলের জালে ইকুয়েডর একটা বল পাঠিয়েই দিয়েছিল। কিন্তু লাইন্সম্যানের বিতর্কিত সিদ্ধান্তে বাতিল হয়েছে গোলটি। এই গোল পেলে কোপায় ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেত ইকুয়েডর। যাদের বিপক্ষে এর আগে তারা ড্রই করেছে সেই ৫৩ বছর আগে। তার চেয়েও বড় কথা, এবারের কোপা ১৬ দলের হচ্ছে জন্য গ্রুপ পর্বে তিনটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ।
স্বাভাবিকভাবেই ম্যাচের পর এই না হওয়া গোল নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মিলান বোলানোসের ক্রস থেকে গোলটা হয়। কিন্তু লাইন্সম্যান মনে করেছেন, ক্রস করার আগে বল লাইনের বাইরে চলে গিয়েছিল। তবে রিপ্লেতে দেখা গেছে, বল লাইনের ভেতরেই ছিল। ক্রসটা বৈধই। ইকুয়েডর কোচ গুস্তাভো কিন্তেরোস খেপেছেন, ‘২৫ বার এই ভিডিওটা দেখে এলাম, বল পুরোপুরি লাইন ক্রস করেনি, ৬৫ শতাংশের মতো বাইরে গিয়েছিল, পুরোটা নয়। লাইন্সম্যান কিন্তু একদম নিশ্চিত ছিলেন, যদিও তিনি দাঁড়িয়ে ছিলেন ৫০ মিটার দূরে।’
নিজেদের দুর্ভাগাই ভাবতে পারেন ইকুয়েডরের খেলোয়াড়েরা। ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা অবশ্য ব্যাপারটা এড়িয়েই যেতে চাচ্ছেন, ‘যে জায়গায় ঘটনাটা ঘটেছে, তার থেকে আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম। বলা কঠিন বল বাইরে চলে গিয়েছিল কি না। খেলোয়াড়ের মধ্যে যারা দেখেছে, ওরা কিন্তু বলেছে বলটা লাইন পেরিয়ে গিয়েছিল।’ সূত্র : এএফপি।