সেই ঘটনা নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে প্লাতিনিকে (ডান থেকে দ্বিতীয়) এড়িয়ে যাচ্ছেন রোনালদো l ইউটিউব থেকে সংগৃহীত
ক্লাব বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে প্লাতিনিকে (ডান থেকে দ্বিতীয়) এড়িয়ে যাচ্ছেন রোনালদো l ইউটিউব থেকে সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে এড়িয়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, ব্যালন ডি’অর নিয়ে প্লাতিনির মন্তব্যের কারণেই নাকি তাঁকে উপেক্ষা করেছেন রোনালদো। তবে উয়েফার মুখপাত্র পেদ্রো পিন্টো খোলাসা করেছেন, ব্যাপারটা আসলে সে রকম কিছু নয়। সেদিন নাকি পরিস্থিতির কারণেই দুজনের করমর্দনের সুযোগ হয়নি মঞ্চে। তবে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেরা খেলোয়াড়ের পুরস্কার সিলভার বল নেওয়ার আগে প্লাতিনির সঙ্গে ঠিকই সৌহার্দ্য বিনিময় করেছেন রোনালদো।
কয়েক দিন আগেই প্লাতিনি বলেছিলেন, এবার ব্যালন ডি’অর জেতা উচিত জার্মানির কারও, অন্য কারও নয়। মানে এবার ফিফা বর্ষসেরার জন্য রোনালদোকে যোগ্য মনে করছেন না তিনি। ক্লাব বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে প্লাতিনির সঙ্গে করমর্দন না করে সেই মন্তব্যের জবাব রোনালদো দিয়েছেন বলে মনে করেন কেউ কেউ। তবে পর্তুগিজ একটি দৈনিকের কাছে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে পিন্টো বলেছেন, ‘দুজনের মধ্যে কোনো সমস্যা নেই। সিলভার বলের পুরস্কার নেওয়ার আগে তাঁরা দুজন শুভেচ্ছা বিনিময় করেছেন। কিন্তু মঞ্চে প্লাতিনি কার্লো আনচেলত্তির সঙ্গে কথা বলছিলেন, তাই স্বাভাবিকভাবেই রোনালদো তখন অপেক্ষা করেননি।’
দুজনের মধ্যে দ্বন্দ্বের খবরে উয়েফা সভাপতিও বিমর্ষ বলে জানিয়েছেন পিন্টো, ‘আমাদের পক্ষ থেকে আমি নিশ্চিত করে বলতে চাই, দুজনের মধ্যে কোনো ভুল-বোঝাবুঝি নেই।’ তাঁর সঙ্গে রোনালদোকে ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেটা শুনে প্লাতিনি নিজেও নাকি মনঃক্ষুণ্ন হয়েছেন। গোলডটকম।