সেই চিলিকেই পেল আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটি গোল কলম্বিয়ার জালে, চিলির খেলোয়াড়েরা ভেসে গেলেন আনন্দে। কাল কোপা আমেরিকার সেমিফাইনালে l এএফপি
আরও একটি গোল কলম্বিয়ার জালে, চিলির খেলোয়াড়েরা ভেসে গেলেন আনন্দে। কাল কোপা আমেরিকার সেমিফাইনালে l এএফপি

ওই হারটা অনেক দিন তাড়া করে বেরিয়েছে মেসিদের। কোপা আমেরিকার শিরোপা থেকে হাতছোঁয়া দূরত্বে এসেও টাইব্রেকারের স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। ওই ফাইনালের পর আরও দুবার চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। কিন্তু ‘প্রতিশোধ’ নেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত মঞ্চ হলো ফাইনাল। সেটাই পেয়ে যাচ্ছে আর্জেন্টিনা। কাল কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে চিলি নিশ্চিত করেছে, ২০১৫ কোপা ফাইনালেরই পুনরাবৃত্তি হচ্ছে এবার।
আগের ম্যাচে মেক্সিকোকে ৭ গোলে উড়িয়ে দিয়ে যেখানে শেষ করেছিল, কাল চিলি যেন সেখান থেকেই শুরু করল। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে ১১ মিনিটের মধ্যেই। ৭ মিনিটে আরাঙ্গিজ আর ১১ মিনিটে ফুয়েনজালিদার দুটি গোলেই ফাইনালে উঠল চিলি। কোপার সেমিফাইনালে সর্বশেষ ১৯৮৭ সালে চিলির মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। সেবারও হেরেছিল ২-১ গোলে। তবে কাল পিছিয়ে পড়ার পরও কলম্বিয়ার জন্য আশা জেগে ছিল। আশা জুগিয়েছিল পরিসংখ্যান। ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও কলম্বিয়ার ঘুরে দাঁড়ানোর সর্বশেষ উদাহরণ ছিল চিলির বিপক্ষেই। ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বে যে ম্যাচটি তারা শেষ পর্যন্ত ৩-৩ ব্যবধানে ড্র করেছিল।
কিন্তু কাল আর ফেরা হয়নি কলম্বিয়ানদের। উইঙ্গার হুয়ান কুয়াদ্রাদোও স্বীকার করে নিলেন নিজেদের ব্যর্থতা, ‘আমরা ভালো খেলেছি, কিন্তু চিলি দলটা খুবই ভালো। আমরা ভেবেছিলাম ঘুরে দাঁড়াতে পারব। কিন্তু সব সময় যেটা চাইবেন, সেটা তো আর হবে না।’
কলম্বিয়া জিতুক—এটি যেন চায়নি প্রকৃতিও। মাঝখানে শিকাগোর প্রবল বৃষ্টির কারণে দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল খেলা। ভেজা মাঠ, তার ওপর দ্বিতীয় হলুদ কার্ডের খাঁড়ায় ৫৭ মিনিটে একজনকে (কার্লোস সানচেজ) হারিয়ে ফেলা—এই চ্যালেঞ্জ নিয়েও কলম্বিয়া চেষ্টা করে গেছে। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি হামেস রদ্রিগেজের দল।
চিলি যেন এবারের টুর্নামেন্টের মাঝপথে পুনর্জন্ম পেয়েছে। আর্জেন্টিনার কাছে হারের পর বলিভিয়ার সঙ্গে ড্র হলে হয়তো টুর্নামেন্ট থেকে ছিটকেই পড়তে হতো তাদের। কিন্তু সেই ম্যাচে যোগ করা সময়ে আর্তুরো ভিদালের পেনাল্টি থেকে আনা ২-১ গোলের জয়টাই যেন চিলিকে জাগিয়ে তোলে। পরের তিন ম্যাচে ১৩ গোল—ছুটে চলেছে চিলির জয়রথ। ঘুরে দাঁড়ানোর স্বস্তিটাই অনুরণিত হলো চিলির কোচ হুয়ান আন্তোনিও পিজ্জির কণ্ঠে, ‘কঠিন কিছু প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার পর আবার ফাইনালে যাওয়ার অনুভূতিটা দুর্দান্ত। আমাদের শুরুটা আগ্রাসী ছিল। সে জন্যই আমরা গোল পেয়েছি।’ এএফপি।