সেই ছবি নিয়ে পিকে

ওর সঙ্গে কথা বলার পর নিজের অনুমানটাই জানিয়েছি। তবে এটা আনুষ্ঠানিক কিছু নয়। আর ও থাকবে কি থাকবে না, সেটা বলার আমি কেউ নই!
একটা ছবি, তাতে দুই শব্দের একটা ক্যাপশন—সে থাকছে। এতেই টুইটারে ঝড়! বার্সেলোনার সমর্থকেরা উচ্ছ্বসিত, পিএসজির ভক্তরা হতাশ।
কোন ছবি, তা তো বুঝতেই পারছেন। তিন দিন আগে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে যে ছবিটি ছড়িয়ে দিয়েছিলেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। ছবিতে তাঁর সঙ্গী সতীর্থ নেইমারের গলা জড়িয়ে ধরে আছেন তিনি। বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সা থেকে নেইমারকে ছিনিয়ে নিতে চায় পিএসজি—এমন গুঞ্জন যখন জোর বাতাস পাচ্ছে, সেই মুহূর্তে ওই ছবি আর ওই ক্যাপশন তো ঝড় তোলার মতোই!
তবে ওই ক্যাপশন দেখে বার্সার ভক্তদের মনে যদি উচ্ছ্বাস জেগে থাকে, সেটি একটু মিইয়ে যাওয়ার কথা সংবাদ সম্মেলনে পিকের কথা শুনে। বার্সেলোনার ডিফেন্ডার যে বলে দিলেন, ওই ক্যাপশনটা নেইমারের সিদ্ধান্ত বোঝাতে নয়, শুধুই তাঁর নিজের মনের ইচ্ছা জানাতে।
যুক্তরাষ্ট্রে প্রাক্-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে সংবাদ সম্মেলনগুলোতে এত দিন দলের তরুণ খেলোয়াড়দেরই পাঠিয়েছে বার্সা। গত পরশুই প্রথম এসেছিলেন সিনিয়র দুজন—পিকে ও মাচেরানো। স্বাভাবিকভাবেই পিকের দিকে ধেয়ে যাওয়া প্রশ্নগুলোতে ‘নেইমার’ আর ‘ছবি’র প্রসঙ্গটাই বেশি থাকল। পিকের জবাব, ‘এটা আমার ব্যক্তিগত মতামত। ওর সঙ্গে কথা বলার পর নিজের অনুমানটাই জানিয়েছি। তবে এটা আনুষ্ঠানিক কিছু নয়। আর ও থাকবে কি থাকবে না, সেটা বলার আমি কেউ নই!’
স্পেনে অবশ্য ওই ছবি নিয়ে নতুন গুঞ্জনও শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পিকের ওভাবে ছবি দেওয়ায় নাকি বিরক্ত হয়েছেন নেইমারের ঘনিষ্ঠজনেরা। পিএসজিতে যাবেন, না বার্সায় থাকবেন—এ নিয়ে দ্বিধায় ভুগতে থাকা নেইমারের ওপর ছবিটা নাকি আরও চাপ তৈরি করেছে। তবে পিকে সংবাদ সম্মেলনে বললেন উল্টো, ‘নেইমার ও তার বন্ধুদের সঙ্গে আমি গতকাল রাতে একই রুমে অনেকক্ষণ ছিলাম। ও মোটেই রাগ করেনি। ওর সঙ্গে আমরা সব সময়ই কথা বলছি। আমাদের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ। শুধু সতীর্থ হিসেবেই নয়, বন্ধু হিসেবেও।’
বন্ধু বলেই কিনা, নেইমারের বার্সা ছাড়তে চাওয়ার কারণটাও বুঝতে পারছেন পিকে। তবে এর অন্য দিকটাও মনে করিয়ে দিতে চাইলেন নেইমারকে, ‘ও যদি দলের নেতা হওয়ার ইচ্ছা থেকে অন্য কোনো ক্লাবে যায়, সেটা আমি বুঝতে পারব। কারণ, বার্সেলোনায় ও খেলছে সর্বকালের সেরার সঙ্গে—লিও মেসি। তবে প্যারিসে ও যদি চ্যাম্পিয়নস লিগ জিততে না পারে, তাহলে ওর যে স্বীকৃতি প্রাপ্য, সেটা পাবে না।’
স্বীকৃতি পাওয়া-না পাওয়া পরের ব্যাপার। আগে নেইমারকে পিএসজিতে যেতে তো হবে! প্রতিদিনই নতুন কিছু না কিছু শোনা যাচ্ছে নেইমার-পিএসজি নাটকের ব্যাপারে। ফ্রেঞ্চ পত্রিকা লে’কিপ বলছে, সিদ্ধান্তটা দ্রুত জানাতে নেইমারকে তাগিদ দিচ্ছে পিএসজি। আগামী দুই সপ্তাহের মধ্যেই দলবদলের কাজটা শেষ করে ফেলতে চায় প্যারিসের ক্লাবটি। তাদের ভয়, যত দেরি হবে, ততই দলবদলের প্রক্রিয়াটা আরও জটিল হয়ে যাবে।
পরশু ওয়াশিংটনে বার্সার সংবাদ সম্মেলনের আধা ঘণ্টা আগে মায়ামিতে হয়ে যাওয়া পিএসজির সংবাদ সম্মেলনে হয়তো এ ব্যাপারে আরেকটু পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারত। তবে হঠাৎ করেই ডাকা সেই সংবাদ সম্মেলনে নেইমারের ব্যাপারে প্রশ্নগুলো এড়িয়েই গেলেন পিএসজির কোচ উনাই এমেরি। শুধু বললেন, ‘যদি কোনো নতুন খেলোয়াড় আসে, তখনই আমরা তার ব্যাপারে কথা বলব।’ এএফপি, স্পোর্ত, মার্কা, লে’কিপ।