সেই জাহিদকে চাইলেন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিফেন্ডার আতিকুর রহমান মিশু চোট পেয়ে ছিটকে গেছেন দল থেকে। তাঁর বিকল্প হিসেবে কোচ লোডভিক ডি ক্রুইফ চেয়ে পাঠান স্ট্রাইকার মিঠুন চৌধুরীকে! মিঠুনকে নিয়ে নানা নাটকের পর জানা গেল, এশিয়ান গেমসের ৩০ জনের প্রাথমিক দলে নাম ছিল না তাঁর। ফলে মিঠুনকে পাঠানো যাবে না। এই অবস্থায় প্রায় এক মৌসুম আড়ালে থাকা ‘খেয়ালি’ উইঙ্গার জাহিদ হোসেনকে গতকাল জরুরি ভিত্তিতে চেয়ে পাঠান ডি ক্রুইফ।
মোহামেডানের জার্সি গায়ে এ মৌসুমে হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছেন জাহিদ। চোটের অজুহাত দেখিয়ে ইচ্ছা করে খেলেননি—এই অভিযোগে তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে মোহামেডান।
এমন ঘোলাটে অবস্থার মধ্যে শেখ রাসেলের হয়ে এএফসি প্রেসিডেন্টস কাপে খেলতে কলম্বো যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জাহিদ। এই টুর্নামেন্টে যাওয়া নিয়েও মোহামেডানের তোপের মুখে পড়েছেন তিনি। তা ছাড়া শেখ রাসেল এখন তাঁকে ছাড়তে গিয়ে নানা আপত্তি দেখাবে, যেমনটা দেখিয়েছিল মিঠুনের বেলায়ও।
শেষ পর্যন্ত ‘দেশের প্রয়োজনে’ হয়তো জাহিদকে ছাড়তে বাধ্য হবে শেখ রাসেল। কিন্তু সব প্রক্রিয়া শেষে ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচের আগে জাহিদের দক্ষিণ কোরিয়া যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সে ক্ষেত্রে উজবেকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হয়তো খেলতে পারেন।