সেই তাদের এ কী দশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি মৌসুমে ক্লপের দলের এভাবেই মাথানত করে বারবার মাঠ ছাড়তে হয়েছে। ছবি: রয়টার্স
চলতি মৌসুমে ক্লপের দলের এভাবেই মাথানত করে বারবার মাঠ ছাড়তে হয়েছে। ছবি: রয়টার্স

২৪ এপ্রিল ২০১৩। সিগনাল ইদুনা পার্কে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ। মুখোমুখি বরুসিয়া ডর্টমুন্ড-রিয়াল মাদ্রিদ। ইতিহাস-ঐতিহ্যের বিচারে বাজির দর রিয়ালের দিকে বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচটায় কী হয়েছিল মনে আছে? ডর্টমুন্ডের সামনে স্রেফ খড়কুটোর মতো উড়ে গিয়েছিল রিয়াল! ৪-১ গোলে হারের সে ক্ষতিটা আর পুষিয়ে উঠতে পারেনি রিয়াল।
সেবার চ্যাম্পিয়নস লিগে ফাইনালটাও হয়েছিল ‘অল-জার্মান’। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফাইনালে ডর্টমুন্ড হেরেছিল লড়াই করেই, ২-১ ব্যবধানে। তা-ই নয়, গত কয়েক বছরে ডর্টমুন্ডের সাফল্য যথেষ্ট প্রশংসা-জাগানিয়া। ২০১০-১১, ২০১১-১২ মৌসুম বায়ার্ন-রাজের পতন ঘটিয়ে টানা দুবার লিগ শিরোপা জিতেছিল ইয়ুর্গেন ক্লপের দল। গত দুই মৌসুমে লিগ রানার্সআপও হয়েছিল। গত মৌসুমেও একেবারে খালি হাতে ফিরতে হয়নি, জিতেছিল জার্মান কাপ। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে িরয়ালের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারলেও, দ্বিতীয় লেগে জিতেছিল ২-০ ব্যবধানে।
অথচ সেই ডর্টমুন্ডের এবার এ কী দশা! মৌসুমের অর্ধেক শেষ। ১৭ ম্যাচে ডর্টমুন্ডের পয়েন্ট কত জানেন? মাত্র ১৫! ম্যাচ জিতেছে মাত্র চারটিতে, ড্র ৩টি এবং পরাজয় ১০টিতে। ১৮ দলের মধ্যে অবস্থান ১৭ নম্বরে। অবনমন অঞ্চলে হাঁসফাঁস খাচ্ছে ক্লপের দলের! তবে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে উঠেছে দলটি। সেখানে প্রতিপক্ষ জুভেন্টাস। কিন্তু এ মৌসুমে যে দশা, আগামীবার চ্যাম্পিয়নস লিগ তো দূরের কথা, ডর্টমুন্ড লিগ কোয়ালিফাই করতে পারে কি না সন্দেহ!
কেন এমন দুর্দশা জার্মানির দ্বিতীয় সেরা ক্লাবটির? অনেকে বলছেন, গত কয়েক মৌসুমে ক্লপের তুরুপের তাস ছিলেন রবার্ট লেভানডফস্কি। চলতি মৌসুম থেকে এ পোলিশ স্ট্রাইকার খেলছেন বায়ার্নে। লেভানডফস্কিকে হারিয়ে অনেকটাই বিবর্ণ ডর্টমুন্ড। এ তারকার ক্ষতিটা যেন কিছুতেই পুষিয়ে উঠতে পারছে না। তা ছাড়া, দলবদলের মৌসুমে অন্য ক্লাবগুলো যেখানে তারকাদের ভেড়াতে তৎপরতা চালিয়েছে কিংবা ডর্টমুন্ড থেকে তারকা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেখানে দলটির ভূমিকা ছিল অনেকটাই নিষ্ক্রিয়। তবুও ম্যাটস হ্যামেলস-মার্কো রিউসদের দলের এমন ত্রাহিদশা প্রায় অকল্পনীয়।
ব্যর্থতা স্বীকার করে নিয়ে স্পষ্টভাষী ক্লপ আত্মসমালোচনাই করছেন, ‘ডর্টমুন্ড একটা নির্বোধের দল।’ হারতে হারতে বুঝি ক্লান্তই হয়ে পড়েছেন ডর্টমুন্ড কোচ। ২০ ডিসেম্বর এ বছরে নিজেদের শেষ ম্যাচে ব্রেমেনের কাছে ২-১ গোলে হারের পর বললেন, ‘আজ আমাদের জন্য সবচেয়ে বড় খবর, ২০১৪ সালে আর ফুটবল খেলতে হচ্ছে না। আমাদের বিরুদ্ধে যে সমালোচনাই করা হোক না কেন, সেটা যথার্থ। আমাদের অবস্থা খাঁটি নির্বোধের মতো। সব দায় আমাদের।’
এর পরও ক্লপ আশা ছাড়ছেন না। বললেন, ‘আমাদের সব শেষ হয়ে গেছে, এখনই বলতে চাই না। মৌসুমের দ্বিতীয় পর্বের অাগে নিজেদের প্রস্তুত করতে তিন সপ্তাহ সময় পাচ্ছি। অবশ্যই উন্নতি করব, আমাদের তা করতেই হবে। মৌসুমের প্রথমার্ধে আমাদের অনেক দুর্বলতা ছিল। কিন্তু আমরা এতটা দুর্বল দল নয়। নিজেদের শক্তি সঞ্চয় করতে হবে। নতুন বছরে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে হবে।’ সূত্র: এএফপি।