সেই তাদের এ কী দশা!

গত বিশ্বকাপের শুরুতেই ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল তারা। ইতিহাসের প্রথম দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরোর শিরোপাত্রয়ী জেতার কীর্তি গড়া, টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড ছোঁয়া স্পেনকে বানিয়ে দিল মামুলি একটা দল। বিশ্বকাপ শিরোপার ধরে রাখার মিশনে মাঠে নেমেই স্পেন ৫-০ গোলে ধরাশায়ী হলো হল্যান্ডের কাছে!
২০১০ বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধটা এভাবেই নিয়েছিল ডাচরা। যদিও আরও একবার তাদের যাত্রা থেমেছে সেমিফাইনালে। কিন্তু পর পর দুটো বিশ্বকাপে ফাইনাল আর সেমিফাইনাল খেলেছে যারা, সেই হল্যান্ড কিনা ধুঁকছে ইউরোর বাছাই পর্বেই! আগের ম্যাচে কখনোই ইউরো না-খেলা আইসল্যান্ডের কাছে নিজেদের মাঠে হেরেছে ১-০ গোলে। এর পর গতকাল তুরস্কের কাছে ৩-০ গোলের হার। ১৮ বছর পরে তুরস্কের কাছে হার তার চেয়েও বড় কথা, তিন দশক পর সম্ভবত এই প্রথম ইউরো চ্যাম্পিয়নশিপে দেখা যাবে না হল্যান্ডকে!
না, এখনো আশা আছে তাদের। কিন্তু সেই আশা গাণিতিক সমীকরণের নানা জটিলতায় মোড়ানো। বাছাই পর্বে বাকি আছে দুটো ম্যাচ। সেই দুটো ম্যাচ জিতলেও সরাসরি খেলার সুযোগ নেই ডাচদের। তখন খেলতে হবে প্লে অফ। তাই দুটো ম্যাচ বাকি থাকলেও হল্যান্ডকে নিয়ে আশার আলো দেখার জন্য সাহসী হতে হচ্ছে। এখন পর্যন্ত আট ম্যাচে মাত্র তিনটি জয় আর চারটি হার যে দলের, তাদের নিয়ে আশাবাদী হওয়াটা কঠিনই। বিশেষ করে হল্যান্ডের তিনটা জয়ই যেখানে গ্রুপের তলানির দুই দল লাটভিয়া আর কাজাখস্তানের বিপক্ষে।
দলের সবচেয়ে বড় তারকা রবিন ফন পার্সি অবশ্য আশা হারাচ্ছেন না। তবে সেই আশার গানটা খুব একটা সুর তুলছে না তাঁর নিজের গলাতেই। গতকালের পরাজয়ের পর এই স্ট্রাইকার বলেছেন, ‘এটা অবশ্যই আমাদের রক্তক্ষরণ ঘটাচ্ছে। চূড়ান্ত পর্বে ওঠাটা এখন আর আমাদের একার হাতে নেই। এটা ভয়াবহ, আমার কাছে এটা শোচনীয়ভাবে খারাপ। বাছাই পর্ব অনেক কঠিন। আমাদের অবশ্য এখনো সুযোগ আছে। আমাদের শেষ পর্যন্ত লড়াই করতে হবে। যেভাবেই হোক শেষ দুটো ম্যাচ জিততেই হবে।’
১৯৮৪ সালে সর্বশেষ ইউরোতে বাদ পড়েছিল হল্যান্ড। সেই লজ্জা মার্কো ফন বাস্তেন, রুদ খুলিতদের এতটাই আঘাত করেছিল, জেগে উঠেছিল ডাচ অহং। টোটাল ফুটবলের নাড়িপোঁতা দেশটি ১৯৮৮ ইউরোতে হয়েছিল চ্যাম্পিয়ন। ফুটবল ইতিহাসও বলছে, নিজেদের সর্বনিম্ন বিন্দুতে পৌঁছালেই কেন জানি ঘুম ভাঙে ডাচদের। দেখা যাক, খাদের কিনারে দাঁড়িয়ে থেকে আবারও ঘুম ভাঙে কিনা ফন পার্সি-স্নাইডারদের।