সেই তোরেস, এই তোরেস

এসি মিলান থেকে ধারে অ্যাটলেটিকো মাদ্রিদে ফেরার পরই বলেছিলেন, ‘সবাইকেই একদিন ঘরে ফিরতে হয়।’ এই ক্লাবেই নিজেকে প্রথম চিনিয়েছেন ইউরোপে, ‘এল নিনো’ নামটাও এখানে পাওয়া। পুরোনো ঠিকানায় কি আগের সেই তোরেসকে দেখা যাবে আবার? সেটা এখনই বলা মুশকিল, তবে পরশু জোড়া গোল করে যেন মনে করিয়ে দিয়েছেন সেই পুরোনো বিধ্বংসী তোরেসকে।
অথচ প্রথম একাদশেই থাকার কথা ছিল না তাঁর। মারিও মানজুকিচ চোট পাওয়ায় শেষ মুহূর্তে সুযোগ পেয়ে যান তোরেস। যে মাঠে এ আগে কখনোই গোল পাননি, সেখানে প্রথম গোল পেতে তাঁর সময় লাগল মাত্র ৪৬ সেকেন্ড। দ্বিতীয়টি পেলেন বিরতির পর খেলা শুরুর ৩৫ সেকেন্ড পর। প্রথম গোলটা সহজই ছিল, তবে দ্বিতীয়টি মনে করিয়ে দিয়েছে সেই পুরোনো কথাটা, ‘জাত স্ট্রাইকার কখনো মরে না।’
তাহলে কি নিজেকে আবার ফিরে পেতে শুরু করেছেন? তোরেস যেন আত্মবিশ্বাসে টগবগ করছেন, ‘আমরা এটা অবশ্যই উপভোগ করব। আমি তো এখন নিজেকে ২০০ ভাগ ফিরে পেয়েছি বলেই মনে হচ্ছে। খুবই খুশি আমি। যদিও অ্যাটলেটিকোর হয়ে এর চেয়েও দারুণ দিন আমি কাটিয়েছি।’ আগের লেগটা ২-০ গোলে জেতায় অ্যাটলেটিকো অনেকটা এগিয়েই ছিল। তোরেস জানিয়েছেন, পরের পর্বে ওঠা নিয়ে খুব একটা উদ্বিগ্ন ছিলেন না, ‘আমরা কখনোই ম্যাচটা নিয়ে সংশয়ে ভুগিনি, কখনোই খুব দুশ্চিন্তা করিনি।’
পুরো ম্যাচটা অবশ্য খেলেননি, ৫৮ মিনিটেই উঠে গেছেন। মুখে ঝকমকে হাসি নিয়েই তোরেস পরে জানিয়েছেন, ‘আমরা জিতছি, সেই সঙ্গে আমি ২ গোল পেয়েছি। সে জন্যই ওই হাসি। আর এই মাঠে তো এর আগে কখনোই গোল করতে পারিনি।’
তোরেসকে নতুনভাবে আবিষ্কারের খানিকটা কৃতিত্ব অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনেও দাবি করতেই পারেন। পরশু একটা কথা বললেন, যেটা স্প্যানিশ স্ট্রাইকারকে আরও উদ্দীপ্তই করবে, ‘ও এখন পরিণত হয়েই ফিরেছে। ওকে আনা নিয়ে খানিকটা দ্বিধা ছিল, ওর আসাটা আমাদের জন্য ভালো হয়েছে। আমরা ওকে পেয়ে খুব খুশি, ভক্তরাও।’ ইএসপিএন, বিবিসি।