সেই দুঃস্মৃতি মুছে দিতে পারবে ডর্টমুন্ড?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিনের ঘটনার পর এক সপ্তাহ হয়ে গেছে। এর মধ্যে দুটি ম্যাচও খেলেছে বরুসিয়া ডর্টমুন্ড। কিন্তু বোমা বিস্ফোরণের মুখে পড়ার সেই মানসিক ধাক্কা আসলে এখনো সামলে উঠতে পারেনি ডর্টমুন্ড। দুঃসহ সেই স্মৃতি নিয়েই আজ আরও একবার মোনাকোর মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাবটি। বিস্ফোরণের পরদিনই নিজেদের মাঠে যাদের কাছে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা ৩-২ গোলে হেরেছিল ডর্টমুন্ড।
কত দুঃসহ সেই স্মৃতি? বোঝা যাবে ডর্টমুন্ডের সুইস গোলরক্ষক রোমান বুরকির কথা শুনলেই, ‘আমি এখনো প্রতি রাতে ভয়ে ঘুম থেকে হঠাৎ জেগে উঠি। তারপর আমি বুঝতে পারি, আমি নিজের বাড়িতেই আছি, নিজের বিছানায়। এটা নিশ্চিত হয়ে আমি আবার ঘুমাতে যাই।’
বাকিদের মানসিক অবস্থাও কম-বেশি এ রকমই হওয়ার কথা। এই অবস্থায় নিজের সেরাটা দেওয়া যায় নাকি! যদিও মোনাকোর বিপক্ষে প্রথম লেগের তিন দিন পর বুন্দেসলিগায় ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচটা ৩-১ গোলে জিতেছে ডর্টমুন্ড। কিন্তু পুরো ঘটনাটা মন থেকে মুছে ফেলতে কিংবা সরিয়ে রাখতে আরও অনেক সময় লাগবে সবারই। তার ওপর প্রতিপক্ষের মাঠে শুধু জিতেই আসেনি মোনাকো, তিনটি গোলও নিয়ে এসেছে। ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হানস-জোয়াকিম ওয়াজকে তাই বাস্তবতা মেনে নিচ্ছেন, ‘ওই ঘটনার পর এখন পর্যন্ত দলটা যা করেছে, সেটাই তো অতিমানবিক। এর বেশি প্রত্যাশা করা ঠিক হবে না। আমরা এত স্বপ্নবাজ নই। আমাদের সুযোগ যে খুব কম, এটাও আমরা জানি।’
বুরকির মতো অনেকের ঘুম চলে গেছে। রক্ত ঝরেছে ডর্টমুন্ড ডিফেন্ডার মার্ক বার্ত্রার। এবার মোনাকোর মাঠে ঘাম ঝরিয়ে কি ডর্টমুন্ড পারবে প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লিখতে? এএফপি।