সেই নায়ক আজ 'ধিক্কৃত খলনায়ক'

২০০৫ সালের ১৯ নভেম্বর। বার্নাব্যু এল ক্লাসিকো চলছে। নিজেদের মাঠে বার্সেলোনার কাছে ৩-০ গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। এমন সময় করতালিতে মুখর পুরো মাঠ। বার্সেলোনার হয়ে সেদিন অবিশ্বাস্য খেলছিলেন রোনালদিনহো। দলের শোচনীয় অবস্থা ভুলে সেদিন তাই তাঁর বন্দনায় মেতে উঠেছিল রিয়ালের দর্শকেরাও। চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠে এমন সম্মান খুব কম খেলোয়াড়েরই জোটে।
দশ বছর পরে তার উল্টো অভিজ্ঞতাও হয়ে গেল এই ব্রাজিলিয়ান তারকার। ফ্লুমিনেন্সের হয়ে নিজের মাঠে নেমে রোববার দুয়ো শুনতে হলো রোনালদিনহোকে। যেন তিনিই খলনায়ক। আর করতালি নয়, তাঁর জন্য বরাদ্দ কেবল ধিক্কার!
রোনালদিনহো ব্রাজিল ফুটবলের এক আক্ষেপের নাম। ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডেভিড সিম্যানকে বোকা বানিয়ে করা সেই অবিশ্বাস্য ফ্রি কিক দিয়েই প্রথম আলোচনায় আসেন। পরের বছর তাঁকে লুফে নেয় বার্সেলোনা। আর এখানেই শুরু তাঁর জাদুকর হয়ে ওঠা। রিয়ালের প্রথম তারকাপুঞ্জের সময়টাতেও এমন আলো ছড়িয়েছেন, আলাদা করে চোখে পড়েছে। এক যুগ পর বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগও জিতিয়েছেন। ফুটবল বিশ্ব নতুন লাতিন ছন্দে মোহাবিষ্ট।
কিন্তু ফর্মের চূড়ান্তে থেকে ২০০৬ বিশ্বকাপে গিয়ে ব্রাজিলকে উপহার দিয়েছেন কেবল হতাশা। বিশ্বকাপের পর পরই যেন নিজেকেও হারিয়ে ফেলেন। ক্লাবের হয়ে ট্রেনিং করার চেয়ে নৈশ ক্লাবে আনা গোনাতেই আগ্রহ ছিল সব সময়। মেসির আজকের মেসি হয়ে ওঠার পেছনেও আছে তাঁর অবদান। আর সেই মেসির হাতে পুরো কাতালান রাজ্যপাট বুঝিয়ে দিয়ে চলে গেলেন এসি মিলানে।
মিলানের হয়ে মাঝে মধ্যেই পুরোনো ঝলক দেখা গেলেও দুটো শত্রু ছিল ছায়াসঙ্গী হয়ে। একটা ইনজুরি, অন্যটা রাতের জীবনের প্রতি তাঁর তীব্র নেশা। স্ট্রাইকার না হয়েও ২০০৫-০৬ এবং এর পরের মৌসুমে বার্সার জার্সিতে করেছিলেন যথাক্রমে ২৬ ও ২৪ গোল। সেই তিনি গোলের নিশানা হারিয়ে তো ফেললেনই, খেলাটাও যেন বানিয়ে দিতে পারছিলেন না।
২০০১ সালে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন। ঠিক দশ বছর পর আবারও ফিরলেন ব্রাজিলের ফুটবলে। সেখানেও একের পর ক্লাব পাল্টেছেন। ২০১৩ সালে অ্যাটলেটিকো মিনেইরোকে কোপা লিবার্তোদোরেস (দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই) জেতানোর পর মনে হয়েছিল, ভুল শুধরে ফিরে আসছেন রোনালদিনহো। কিন্তু আবারও সে-ই রোনালদিনহোই।
চার বছরে চারবারের মতো ক্লাব পাল্টে এই মৌসুমেই ফ্লুমিনেন্সে যোগ দিয়েছেন। ফ্লুমিনেন্সের হয়ে ছয়টি ম্যাচও খেলেছেন। কিন্তু কোথায় সেই জাদু? কোথায় সেই ঝলক? কোথায় গোল? খেলার মতো যে ফিটনেসই নেই! গত রোববার সমর্থকদের সব বাঁধ যেন ভেঙে গেল। ৬৮ মিনিটে মাঠ থেকে বেরোনোর সময় ফ্লুমিনেন্সের দর্শকেরা রীতিমতো অপমানই করল দুই বারের ফিফা বর্ষসেরাকে।
দুয়ো, ধিক্কার, গালাগালের বৃষ্টি। ক্লান্ত চোখে একবার সেদিকে তাকালেন। হেঁট মাথায় বেরিয়ে এলেন আবার। কে জানে, হয়তো হতাশা ভুলতে আবারও সে রাতে চলে গেছেন সুরার পাত্রের আশ্রয়ে!
বয়স ৩৪ হয়ে গেছে। সেরা সময় পেছনে ফেলে এসেছেন। কিন্তু রোনালদিনহোর আক্ষেপ শেষ হবে না কোনো দিনই। সেরা সময়টাকে এভাবে অপচয়! এই প্রতিভার এমন পরিণতি! নিজের প্রজন্মের অন্যতম সেরার এমন হারিয়ে যাওয়া!
কে ফেরাবে রোনালদিনহোকে!