সেই নেপালই এখন প্রবল প্রতিদ্বন্দ্বী

মোড়কের গায়ে লেখা ‘এশিয়ান গেমসের প্রস্তুতি’ কিন্তু এর বাইরেও আজকের বাংলাদেশ-নেপাল ম্যাচটি পাচ্ছে অন্য রকম এক পরিচিতিই। প্রস্তুতি ছাপিয়েও নেপাল অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচটি যে বাংলাদেশের জন্য মর্যাদা ফিরে পাওয়ার অগ্নিপরীক্ষারও। মাত্র এক বছর আগেই সাফ চ্যাম্পিয়নশিপে কাঠমান্ডুতে এই নেপালের কাছেই ২-০ গোলে হারাটা যে ছিল এ দেশের ফুটবলের জন্য অমর্যাদাকর এক আখ্যান।
অনেকেই অবতরণিকাটির সঙ্গে একমত হবেন না। তাঁদের অভিযোগটা অনেকটা এমন, নেপালের কাছে বাংলাদেশের হারাটা তো খুবই স্বাভাবিক। বাংলাদেশ কি নেপালের চেয়ে খুব ভালো দল? সর্বশেষ এক-দুই যুগ ধরেই তো নেপাল বাংলাদেশের জন্য পরীক্ষার এক নাম। নেপালের সঙ্গে নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের সময়টা তো অনেক আগেই পেরিয়ে এসেছে বাংলাদেশ।
আজ বিকেলে আর্মি স্টেডিয়ামে নেপাল অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচটি ঠিক এ কারণেই বাংলাদেশের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমান প্রজন্মের ফুটবলারদের কাছে এই ম্যাচটি যেন হারানো রাজত্ব ফিরে পাওয়ার লড়াইও। আর যার কাছে বাংলাদেশ হারুক, নেপাল-মালদ্বীপের মতো দলের সঙ্গে হার তো এখনো আত্মসম্মানকে খোঁচা দিয়ে যায়। আহত করে একদা দক্ষিণ এশীয় ফুটবলের অবিসংবাদিত সেরা দল বাংলাদেশের অহংবোধকে। এই ম্যাচকে প্রতিশোধের ম্যাচ না হয় না-ই বলা গেল। খেলাধুলার সঙ্গে ‘প্রতিশোধ’ শব্দটি ঠিক ভালো মানায় না। কিন্তু অগ্নিপরীক্ষা তো যায়। এই ম্যাচ তাই মামুনুল, সোহেল রানা, তকলিচ, ওয়াহেদদের জন্য নিজেদের প্রমাণের অগ্নিপরীক্ষাও।
এশিয়ান গেমসে এখন পর্যন্ত যে দুটি দলের সঙ্গে বাংলাদেশ জয় পেয়েছে, তাদের একটি এই নেপাল। ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে শেখ মোহাম্মদ আসলামের গোলে এই নেপালকেই ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপে সেবার জাপান, ইরান, কুয়েতের সঙ্গে লড়াই করে একই ব্যবধানে হেরে (৪-০) নেপালকে সামনে পেয়ে জয় পেতে অসুবিধা হয়নি বাংলাদেশের।
একটা সময় ছিল যখন নেপাল বাংলাদেশকে ভয় পেত। বলে-কয়ে বাংলাদেশকে হারানোর ব্যাপারটির সঙ্গে নেপাল পরিচিত হলো তো এই সেদিন। হ্যাঁ, এটা ঠিক যে নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের সময়ও একাধিকবার নেপালের কাছে হারের রেকর্ড আছে বাংলাদেশের। কিন্তু সবকিছুর বিচারেই সেই হারগুলোকে ধরা হতো দুর্ঘটনা হিসেবে। ওগুলো তো দুর্ঘটনাই ছিল। একবার হারলে পরেরবারই তো নেপালকে উড়িয়ে দিয়ে আবারও নিজেদের সেরা প্রমাণ করেছে বাংলাদেশ।
এই তো সেদিনও, কাঠমান্ডুর মাঠে এএফসি চ্যালেঞ্জ কাপে হাজার পঁচিশেক দর্শকের গগনবিদারি চিত্কারও বাংলাদেশকে আটকাতে পারেনি। ২-০ গোলে নেপালকে হারিয়ে নিজেদের সেরা হিসেবে প্রমাণ করেছিলেন মামুনুল, ওয়ালী, মিঠুন, এমিলিরা। কিন্তু গত সাফ চ্যাম্পিয়নশিপে কী যেন হলো দলের। রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি গোল হজম করে লজ্জায় মুখ ঢাকতে হলো দেশকে। আজ ঘরের মাঠে নেপালকে পেয়ে ওই হারের স্মৃতিটি কি আবার চাগিয়ে উঠবে না বাংলাদেশের? আমরা এত বাজে দল নই—এই ব্যাপারটা সবাইকে জানিয়ে দেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর কোথায় পাবেন বাংলাদেশের ফুটবলাররা?
ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে এখনো বাংলাদেশ-নেপালের মুখোমুখি লড়াইয়ে জয়ের হিসাবে এগিয়ে আছে বাংলাদেশই। মোট ১৯টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ১১টিতে, নেপাল ৬টিতে। এই ১৯টি ম্যাচে বাংলাদেশ গোল করেছে ২৫টি, নেপাল ১৪টি। নেপালের বিপক্ষে বাংলাদেশের ছয়টি হারের তিনটিই কাঠমান্ডুর মাঠে। ঘরের মাঠে বাংলাদেশ হেরেছে একবার—১৯৯৩ সালে ষষ্ঠ সাফ গেমসে। বাকি দুটো হার কলকাতা ও দিল্লির মাঠে।
নেপালের বিপক্ষে সবচেয়ে বড় জয় ৫-০ ব্যবধানে, ১৯৮৪ সালে কাঠমান্ডুর প্রথম সাফ গেমসে। ওই একই সাফ গেমসের ফাইনালে ২ গোলে পিছিয়ে পড়েও বাংলাদেশকে নেপাল হারিয়েছিল ৪-২ গোলে। ওটাই বাংলাদেশের বিপক্ষে নেপালের সবচেয়ে বড় জয়।
পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে। কিন্তু তার পরও নেপাল এই মুহূর্তে বাংলাদেশের প্রবল প্রতিদ্বন্দ্বীই। এর দায়টা সম্পূর্ণ বাংলাদেশের। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার যেসব যুগান্তকারী পদক্ষেপ নেপাল ফুটবল ফেডারেশন গ্রহণ করেছে, তার চেয়ে যে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। তাই এই মুহূর্তে নেপালের বাংলাদেশের চেয়ে ভালো দল হয়ে ওঠাটা তাদের পদ্ধতিগত উন্নতিরই অংশ। আজকের ম্যাচটা বাংলাদেশ জিততে পারলে সেটা হবে বড় পাওয়াই।