গত এপ্রিলে নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের ভয়াল স্মৃতিটা এখনই মুছে যাওয়ার নয়। সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গটা তুলতেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মহিলা দলের অধিনায়ক কৃষ্ণা রানী বলল, ‘ভয় যেটুকু ছিল সেটুকুও মাথা থেকে ঝেড়ে ফেলেছি। আমাদের মাথায় এখন শুধুই ফাইনাল।’
এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ছিল গত ২৫ এপ্রিল। কিন্তু ওই দিনের ভয়াবহ ভূমিকম্পের কারণে ফাইনালটি স্থগিত করে দেয় এএফসি। পুনর্নির্ধারিত ম্যাচটি খেলতে আজ আবার নেপালে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। ২০ ডিসেম্বর বাংলাদেশ ফাইনালে খেলবে স্বাগতিক নেপালের সঙ্গে।
আঠারো সদস্যের বাংলাদেশ দলের ১০ জনই ময়মনসিংহের কলসিন্দুরের। বাকিদের মধ্যে টাঙ্গাইলের কৃষ্ণা, রুমা, জোছনা, মৌসুমী, রাজশাহীর নার্গিস, সাতক্ষীরার রাজিয়া, রাঙামাটির মনিকা, রংপুরের স্বপ্না। এপ্রিলের পর থেকে অবশ্য এরা সবাই খেলার মধ্যে ছিল। দেশে ফিরে সবাই খেলেছে জেএফএ অনূর্ধ্ব-১৪ ও আন্তস্কুল টুর্নামেন্ট, জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন প্রতিযোগিতায়। এরপর এসএ গেমসের ক্যাম্প শুরু হয় নভেম্বরে, সেখানেও ছিল ৯ জন ফুটবলার। এই ফাইনালের জন্য ১ ডিসেম্বর থেকেই হয়েছে আলাদা ক্যাম্প। যাওয়ার আগে সাবিনা, মিরোনাদের নিয়ে গড়া জাতীয় দলকে একমাত্র প্রস্তুতি ম্যাচে হারিয়েছে এই মেয়েরা! সব মিলিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নেপাল যাত্রা করছে বাংলাদেশ। শিরোপাতেই চোখ কোচ গোলাম রব্বানি ছোটনের, ‘আমাদের মেয়েরা খেলার মধ্যেই ছিল, তাই আশা করছি নেপালের সঙ্গে ফাইনালেও ভালো খেলব। চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরব।’
প্রতিযোগিতার গ্রুপ পর্বে দারুণ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। ভুটানকে হারায় ১৬-০ গোলে, শক্তিশালী ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এরপর সেমিফাইনালে ইরানকে ২-০ গোলে হারিয়ে ওঠে ফাইনালে।
এএফসি এই টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশ প্রস্তাবে সম্মত হয়নি, মাঠে খেলেই শিরোপা আনতে চায়। কাল সংবাদ সম্মেলনে বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ বললেন, ‘দুই মাস আগে চীনে এএফসির এক সভায় যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করতে চেয়েছিল ওরা। কিন্তু আমি রাজি হইনি। আমি চাই আমার মেয়েরা খেলেই শিরোপা আনুক।’