সেই পুরোনো আফসোস

গল্পটা একই। ফুটবল-ঈশ্বর হয়তো বাংলাদেশের জন্য এমন চিত্রনাট্যই লিখে রাখেন সব সময়। এগিয়ে যাওয়া বাংলাদেশ একসময় জয়ের স্বপ্ন দেখতে শুরু করবে। কিন্তু শেষ সময়ের গোলে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়বেন মামুনুলরা।
সে ক্ষেত্রে তাজিকিস্তানের বদলে অনায়াসে প্রতিপক্ষের জায়গায় বসিয়ে দেওয়া যাবে ভারত বা পাকিস্তানের নাম। সর্বশেষ সাফে নেপালে ভারতের সঙ্গে শেষ সময়ের গোলে ড্র করেছিল বাংলাদেশ, হেরেছিল পাকিস্তানের সঙ্গে। ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষেও সেই একই দৃশ্য। শেষ সময়ের গোলে হেরে রানার্সআপ বাংলাদেশ। আর ২ জুনের প্রীতি ম্যাচে আফগানিস্তানের সঙ্গেও শেষ মিনিটের গোলে ড্র। কাল আবারও জয়বঞ্চিত বাংলাদেশ। অথচ ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল স্বাগতিকেরাই!
কিরগিজস্তান ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে কাল ডাগআউটে থাকতে পারেননি লোডভিক ডি ক্রুইফ। হসপিটালিটি বক্সে বসে নিশ্চয় রাগে-ক্ষোভে নিজের মাথার চুল টানতে ইচ্ছে করছিল কোচের!
৬৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাজিক ডিফেন্ডার আশরোরোভ সিয়োভুস। ১০ জনের দলের সঙ্গে এগিয়ে থাকা বাংলাদেশের জয় উদ্যাপনের এর চেয়ে মোক্ষম উপলক্ষ আর কি-ই বা হতে পারত? কোথায় প্রতি আক্রমণে কোণঠাসা করে রাখবে তাজিকদের, অথচ এগিয়ে যাওয়ার পর খেলেছে রক্ষণাত্মক কৌশলে!
প্রথমার্ধের শেষ দিকে এসে তাজিকিস্তান ফর্মেশন বদলে ৪-৪-২-এ খেলেছে। বাধ্য হয়েই নাকি এমন কৌশল ছিল দলের। প্রধান কোচের বদলে সংবাদ সম্মেলনে আসা সহকারী সাইফুল বারী টিটুও বললেন সেটাই, ‘ওরা আসলে গোল বের করতে মরিয়া ছিল। এ কারণেই আমরা একটু নিচে নেমে খেলতে চেয়েছিলাম। যাতে পাল্টা আক্রমণে উঠে গোল করতে পারি। স্কোরটা ২-০ হলে তো ম্যাচ সেখানেই শেষ হয়ে যেত।’ উল্টো নিজেরাই গোল খেয়ে ম্যাচ ড্র হয়ে যাওয়ায় ভাগ্যকেই দুষছেন তিনি, ‘ওরা ১০ জনের দল হয়ে যাওয়ার পরও স্বাভাবিক খেলাটাই খেলতে বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে শেষ সময়ে একটা গোল খেয়ে বসলাম।’
এক পয়েন্ট পাওয়ায় হতাশ টিটু। তবে ফুটবলারদের পারফরম্যান্সে ছিলেন উচ্ছ্বসিত, ‘যেভাবে ছেলেরা খেলেছে, তাতে আমরা গর্বিত। বিশেষ করে প্রথমার্ধে সব পরিকল্পনামতো হয়েছে। আর জুয়েল রানা অসাধারণ খেলেছে।’
বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে অন্তত দেশের মাটিতে কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিপক্ষে জয়ের আশা ছিল বাংলাদেশের। আফসোস করে টিটু বলছিলেন, ‘আমরা বড় জয়ের সুযোগ হারালাম।’ তিনিই মূল দায়িত্বে ছিলেন বলে দুঃখটা হয়তো একটু বেশিই। যদিও বললেন, ‘ক্রুইফের বদলে দায়িত্ব পালন করেছি সেটা বড় কিছু না। আমার কাজই ছিল এটা। দল জিতলেই কাজটা বেশি উপভোগ করতাম।’
বাংলাদেশের পরের ম্যাচটি প্রতিপক্ষের মাঠে। ৩ সেপ্টেম্বর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ৮ সেপ্টেম্বর জর্ডানের বিপক্ষে আবার বঙ্গবন্ধুতে খেলা। এর আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চান টিটু, ‘অস্ট্রেলিয়া যাওয়ার আগে কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলা উচিত আমাদের। দক্ষিণ কোরিয়ার মতো কোনো দল হলে ভালো হয়।’
হারতে হারতে ড্র করেও তাজিক কোচ মুখসিন মুখামাদিয়েভ অবশ্য মোটেই খুশি নন। খুশি নন দলের পারফরম্যান্সেও। কারণ হিসেবে দুষলেন লম্বা বিমানভ্রমণ ও ঢাকার যানজটকে, ‘জর্ডানের ম্যাচের পর প্রায় ২০-২১ ঘণ্টা বিমান ভ্রমণ করেছি। ছেলেরা এ জন্য ক্লান্ত ছিল। তা ছাড়া এখানকার যানজটেও অনেক সময় নষ্ট হয়েছে। রাস্তায় অনেক সময় কেটেছে বলে ট্রেনিংও করতে পারিনি ভালোমতো।’