সেই পোর্তোই কাঁটা মরিনহোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই শহরের দুই ক্লাব, স্বাভাবিকভাবেই দুই দলের দ্বৈরথে ঝাঁজটাও বেশি। তবে নিয়তি আজ চেলসি-আর্সেনালকে মিলিয়ে দিচ্ছে এক বিন্দুতে, পুরো লন্ডনই যে তাদের জন্য প্রার্থনায় বুঁদ থাকবে। আর্সেনালের কাজটাই কঠিন, নকআউট পর্বে ওঠার জন্য আজ অলিম্পিয়াকোসকে হারাতেই হবে। সেই তুলনায় চেলসির কাজটা একটু সহজই বলা যায়, নিজেদের মাঠে পোর্তোর সঙ্গে ড্র করলেই নকআউট পর্ব।
সহজ বলা হচ্ছে, কিন্তু আসলেই কি সহজ? অন্তত এই মৌসুমের বিবেচনায় তা বলা মুশকিল। স্টামফোর্ড ব্রিজের দুর্গ এবার গুঁড়িয়েই গেছে। এই মৌসুমে লিগে ঘরের মাঠে চারটি ম্যাচ হেরেছে হোসে মরিনহোর দল। বোর্নমাউথের মতো প্রিমিয়ার লিগে নবাগত দলের কাছে হারের ক্ষতটা এখনো টাটকা। মরিনহো তাই ড্রর কথাটাও জোর দিয়ে বলতে পারছেন না!
চেলসি কোচের আত্মবিশ্বাসটাও কি খানিকটা নড়বড়ে হয়ে গেছে? বোর্নমাউথের কাছে হারার পর স্বীকার করেছেন, লিগে শীর্ষ চারে থাকার আশা বাদ দিয়ে দিয়েছেন। চ্যাম্পিয়নস লিগ এখনো আঁধার ঘরের প্রদীপ হয়ে আছে, সেটাও নিভে গেলে মরিনহোর পায়ের নিচের মাটি আরেকটু সরে যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, আজ হেরে গেলে সেটা পুরোটাই সরে যেতে পারে। চেলসি মালিক রোমান আব্রামোভিচ নাকি ইঙ্গিত দিয়ে রেখেছেন, চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
ম্যাচটির বদলে যাওয়া রূপের কথা বললেন মরিনহোও, ‘গ্রুপ পর্বে আপনার পয়েন্টের জন্যই খেলার কথা। কিন্তু এটা নকআউট ম্যাচ হয়ে গেছে। বাস্তবতা এখন এটাই। চেলসি বা পোর্তোর কেউ বাদ যাবেই।’ অদ্ভুতই বলতে হবে, যে পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জেতানোয় ফুটবল বিশ্ব চিনেছিল মরিনহোকে, সেই পোর্তোর কারণেই মরিনহোর চাকরি চলে যেতে পারে। মরিনহোর কথায় অবশ্য তাত্ত্বিকভাবে একটু গলদ আছে, অন্য ম্যাচে ম্যাকাবি তেল আবিবের সঙ্গে ডায়নামো কিয়েভ ড্র করলে চেলসি-পোর্তোর ম্যাচের ফল যা-ই হোক, দুই দলই চলে যাবে পরের পর্বে।
এমন অবস্থায় একটু অভয়বাণী নিশ্চয় কাজে দেবে মরিনহোর। সেটা পেয়েছেন চিরশুভার্থী ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের কাছ থেকে। আব্রামোভিচের উদ্দেশে ফার্গুসন বলেছেন, ‘এই মুহূর্তে ওকে বরখাস্ত করাটা হবে বোকামি। বিশ্বের অন্যতম সেরা কোচকে ছাঁটাই করার কোনো যুক্তি নেই। এটা হবে বাজে সিদ্ধান্ত।’
কিন্তু ফার্গুসনের কথায় তো আর মরিনহোর ভাগ্য বদলাবে না। তাঁর দল যে জিততেই ভুলে গেছে! চেলসি-পোর্তোয় মরিনহোর দলে খেলা রিকার্ডো কারভালহো ব্যাপারটা দেখছেন অন্য দৃষ্টিকোণ থেকে, ‘মরিনহো পরাজয় সহ্য করতে পারেন না, সে জন্যই ভালো করতে পারছেন না। তারপরও আমি মনে করি, চেলসিকে পথে আনার সেই ঠিক লোক।’
আর্সেন ওয়েঙ্গারের অবশ্য চাকরি হারানোর ভয় নেই। তবে আর্সেনাল কোচের কাজটা আজ অনেকই কঠিন। অলিম্পিয়াকসের মাঠে গিয়ে জিতলেই শুধু হবে না, ব্যবধান হতে হবে অন্তত ২ গোলের। ৩-২ গোলে জিতলেও অবশ্য আর্সেনাল চলে যাবে নকআউট পর্বে। চোটের কারণে কাজোরলা, সানচেজের মতো খেলোয়াড় নেই, এটা একটা বড় দুশ্চিন্তা। ২০০০ সালের পর থেকে চ্যাম্পিয়নস লিগে প্রতিবারই গ্রুপ পর্বের বৈতরণি পার হয়েছে আর্সেনাল। সেই ধারাটা আজ ধরে রাখতে পারবে তো? এএফপি, উয়েফা ডটকম।

আজ মুখোমুখি
চেলসি : পোর্তো
অলিম্পিয়াকোস : আর্সেনাল
লেভারকুসেন : বার্সেলোনা
রোমা : বাতে বরিসভ
জাগরেব : বায়ার্ন
কিয়েভ : তেল আবিব
ভ্যালেন্সিয়া : লিও
গেন্ট : জেনিত
* প্রথমে স্বাগতিক দল