সেই প্যারাগুয়েই ব্রাজিল-ঘাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে ভেবেছিল, চার বছর আগের লা প্লাটার স্মৃতিটা কনসেপসিয়নে এভাবে ফিরে আসবে? ২০১১ কোপা আমেরিকায় শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর ম্যাচ গড়াল টাইব্রেকারে। ভুতুড়ে কাণ্ডই বলা ভালো, একটা পেনাল্টি থেকেও গোল করতে পারল না ব্রাজিল! পরশুর ম্যাচটির সঙ্গে পার্থক্য মনে হয় শুধু এটাই। নইলে সেই প্যারাগুয়ের কাছে শেষ আটেই বা কেন হেরে বিদায় নিতে হবে? নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকা ম্যাচে টাইব্রেকারেই কেন কপাল পুড়বে? টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল ব্রাজিলের এবারের কোপা অভিযান। আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনালে স্বপ্নের সুপারক্লাসিকো তাই হলো না।
এক মাস আগেও মনে হচ্ছিল, দুঙ্গা বোধ হয় বিশ্বকাপের ক্ষতে একটু প্রলেপ দিতে পারবেন। জার্মানির কাছে ৭-১ গোলে হারা ব্রাজিল যেন বদলেই গিয়েছিল। দুঙ্গার অধীনে প্রথম ১০টি ম্যাচেই জয়, হলুদের উচ্ছ্বাসের অপেক্ষাতেই মনে হয় ছিল কোপার মঞ্চ। কিন্তু কলম্বিয়ার সঙ্গে নেইমারের লাল কার্ডের পর যেন সবকিছুই ওলটপালট হয়ে গেল।
অথচ পরশু শুরুটা অন্য রকম আভাসই দিচ্ছিল। গোলের উৎস রবিনহো, সমাপ্তিও তাঁর পায়ে। দানি আলভেজের ক্রস থেকে দলকে এগিয়ে দেন ১৫ মিনিটেই। ১-০ গোলে এগিয়ে যাওয়া ব্রাজিলের কাছে প্যারাগুয়ে খুব একটা পাত্তা পাবে বলে মনে হয়নি। কিন্তু বাকি সময় ব্রাজিল সেভাবে বলার মতো আক্রমণই করতে পারল না। ৫৯ শতাংশ বল দখলটাও পুরো ছবিটা দেখায় না, সেভাবে পরিষ্কার কোনো সুযোগই পায়নি ব্রাজিল। রবিনহো-ফিরমিনো-ডগলাস কস্তাদের পরে খুঁজেই পাওয়া যায়নি।
রক্ষণ নিজেদের কাজটা ঠিকঠাকই করে যাচ্ছিল। কিন্তু ৭১ মিনিটে বক্সের ভেতর স্কুলবালকের মতো বলে হাত লাগিয়ে বসেন থিয়াগো সিলভা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ডার্লিস গঞ্জালেজ। টাইব্রেকারেও নায়ক ২১ বছর বয়সী এই স্ট্রাইকার, শেষ কিকে গোল করে প্যারাগুয়েকে নিয়ে গেছেন শেষ চারে।
তার আগে অবশ্য নাটক হয়ে গেছে কয়েক পর্ব। প্রথম শটে দুই দল গোল করার পর বাইরে মেরে বসেন ব্রাজিলের এভারটন রিবেইরো। ব্রাজিলের ডগলাস কস্তাও বাইরে মারলে সান্তা ক্রুজের সুযোগ ছিল প্যারাগুয়েকে জেতানোর। কিন্তু তিনিও লক্ষ্যভ্রষ্ট হলে গঞ্জালেজই আসেন ত্রাতা হয়ে।
কোপা ছিল দুঙ্গার প্রথম বড় পরীক্ষা। সেটিতে ব্যর্থ হওয়ার পর ব্রাজিল কোচ এখন তাকাচ্ছেন সামনের দিকে, ‘এটাকে প্রস্তুতি হিসেবেই দেখছি, ভালো অভিজ্ঞতাই হলো। আমরা জিততেই চেয়েছিলাম, কিন্তু ২০১৮ বিশ্বকাপের দিকে তাকিয়ে আমাদের শিক্ষাটা ভালো হয়েছে।’ পরাজয় নিয়ে খুব বেশি মাতামাতিরও কারণ দেখছেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘শুরু থেকেই জানতাম, ব্যাপারটা সহজ হবে না। পেনাল্টিতে অনেক বড় খেলোয়াড়ই গোল করতে পারেননি। আর আমার কাজটা যদি আরও অনেকেই করতে পারত তাহলে তো কথা ছিল না। এটা নিয়ে এখন এত কান্নাকাটির কিছু নেই।’
দুঙ্গা যতই ব্যাপারটা লঘু করে দেখুন, ব্রাজিলের জন্য এটা ধাক্কাই। অধিনায়ক মিরান্ডা বলছেন, ‘এখন কিছু বলা কঠিন। মুহূর্তটা দুঃখের।’ রবিনহো দোষ দেখছেন নিজেদেরই, ‘দ্বিতীয়ার্ধেই আমরা ম্যাচটা হাতের মুঠোয় আনতে পারতাম। কিন্তু আমাদের খেলা পড়ে গিয়েছিল।’
দুঙ্গাকে আরও অনেক প্রশ্নেরই উত্তর দিতে হতে পারে। উইলিয়ান, রবিনহোদের কেন টাইব্রেকারের আগে উঠিয়ে নেওয়া হলো? রবিনহো তো পরে নিজেই বলেছেন, ‘আমি পেনাল্টি নিতে চেয়েছিলাম, কিন্তু কোচের সিদ্ধান্তকে আমি সম্মান করি। সাধারণত এটা আমি করেই থাকি।’
দুঙ্গার সামনে আরও কঠিন সময়ই হয়তো আসছে। এএফপি, রয়টার্স।
কোপা আমেরিকা সূচি
সেমিফাইনাল
৩০ জুন ভোর ৫-৩০ মি.
চিলি
পেরু
১ জুলাই ভোর ৫-৩০ মি.
আর্জেন্টিনা
প্যারাগুয়ে

ফাইনাল
৪ জুলাই রাত ২টা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
৪ জুলাই ভোর ৫-৩০ মি.