সেই ফাইনালটা ভোলেননি শেরিংহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে এসেছেন ছেলে চার্লি শেরিংহামের খেলা দেখতে। কিন্তু টেডি শেরিংহাম যখন সামনে, তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা না এসে পারে! কাল রাজধানীর এক হোটেলে l প্রথম আলো
বাংলাদেশে এসেছেন ছেলে চার্লি শেরিংহামের খেলা দেখতে। কিন্তু টেডি শেরিংহাম যখন সামনে, তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা না এসে পারে! কাল রাজধানীর এক হোটেলে l প্রথম আলো

এমনিতে টেডি শেরিংহামের ঢাকায় আসার কোনো কারণ ছিল না। এসেছেন ছেলের টানে। ছেলে চার্লি শেরিংহাম ফুটবল খেলছেন সাইফ স্পোর্টিংয়ে। তা ছাড়া বাবা যখন আইএসএলে অ্যাটলেটিকো ডি কলকাতার কোচ হয়ে খুব কাছেই কলকাতায় থাকছেন তিন মাস ধরে, ঢাকায় তো একটু ঢুঁ মারাই যায়। 

ওদিকে সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরীও খুব করে ধরেছেন। তাই গতকাল সকালে ঝটিকা সফরে ঢাকায় এলেন টেডি শেরিংহাম। নামটা শুনলেই ফুটবলপিপাসুদের চোখের সামনে ভেসে ওঠার কথা ১৯৯৯ চ্যাম্পিয়নস লিগের সেই ফাইনালটা।
সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে সাইফ-মোহামেডান ম্যাচ দেখবেন ঠিক করাই ছিল। রাতে টিভিতে ম্যানচেস্টার ডার্বি দেখে আজ সকালেই কলকাতা ফিরে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা। তাড়াহুড়োর মধ্যে তাই কাটল ঝটিকা সফরটা।
একটু বেলা করেই গুলশানের একটি অভিজাত হোটেলে মধ্যাহ্নভোজে এলেন। সেখানেই নানা কথা, ফুটবল-জীবনের স্মৃতি হাতড়ানো। কথায় কথায় বললেন, বাংলাদেশের ফুটবল নিয়ে তাঁর কোনো ধারণা নেই। ছেলের কাছেই যা টুকটাক শুনেছেন।
খেলোয়াড়ি জীবনের কোন স্মৃতিটা বেশি দোলা দেয়? শেরিংহাম যেন স্মৃতির ভেলায় ভেসে ফিরে যান ১৯৯৯ সালে, যেবার ম্যানচেস্টার ইউনাইটেড ট্রেবল জিতেছিল। প্রিমিয়ার লিগ ও এফএ কাপের সঙ্গে ঘরে এনেছিল চ্যাম্পিয়নস লিগ।
‘ওই চ্যাম্পিয়নস লিগ ফাইনালের যেখানেই গিয়েছি, লোকের মুখে শুধু ওই একটা ম্যাচের কথাই শুনতাম। ন্যু ক্যাম্পে আমরা বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারালাম’-শেরিংহামের কণ্ঠে যেন এখনো সেই রোমাঞ্চ। নাটকীয়তায় ঠাসা সেই ম্যাচে ১ গোলে পিছিয়ে থাকা ইউনাইটেড যোগ হওয়া সময়ে টেডি শেরিংহাম আর ওলে গানার সোলসকায়েরের গোলে জিতে যায় অবিশ্বাস্যভাবে!
ইউনাইটেডের জার্সিতে তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগের ট্রফি পূর্ণতা দিয়েছে তাঁর ২৪ বছরের ক্যারিয়ারের। প্রিমিয়ার লিগে (বর্তমান সংস্করণে) দশম সর্বোচ্চ গোলদাতা শেরিংহাম (১৪৬)। গোলরক্ষকদের বাইরে তাঁর চেয়ে বেশি বয়সে (৪০ বছর ২৭২ দিন) কেউ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেননি, প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বয়সে (৪০ বছর ২৬৮ দিন) গোল করার রেকর্ডও তাঁর।
জাতীয় দলের হয়ে খেলার স্মৃতিচারণা করতে গিয়ে সবার আগে বললেন ১৯৯৬ ইউরোতে হল্যান্ডের বিপক্ষে ম্যাচটার কথা। ওয়েম্বলিতে ডাচদের গুঁড়িয়ে দিয়ে ৪-১ গোলে জিতেছিল ইংল্যান্ড। যে ম্যাচে অ্যালান শিয়েরারের দুই গোল, টেডি শেরিংহামেরও দুটি। বললেন, ‘গত ৫০ বছরে সম্ভবত ইংল্যান্ডের সেরা ম্যাচ ওটা, আমি দারুণ খেলেছিলাম।’
এসব আনন্দের স্মৃতির পাশে আছে কিছু দুঃখের স্মৃতিও। ২০০৬ এফএ কাপের ফাইনাল। ওয়েস্টহাম বনাম লিভারপুল। ৩-৩ সমতা চলছে ম্যাচে। তুমুল উত্তেজনা। অতিরিক্ত সময়ে ম্যাচ। ‘বদলি নেমে হেডে খুব ভালো একটা সুযোগ হারালাম ওয়েস্টহামের জার্সি গায়ে। ওই জায়গা থেকে বল বাইরে মারাই কঠিন ছিল। গোলটা হলে আমরা জিতে যাই। কিন্তু শেষ পর্যন্ত আমরা টাইব্রেকারে হেরে গেলাম’-দুঃখিত দেখায় ৫১ বছর বয়সী শেরিংহামকে।
সবচেয়ে বেশি মনে পড়ে চার মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময়টা। চ্যাম্পিয়নস লিগে গোটা বিশেক ম্যাচও মনে দোলা দেয় সব সময়। ফুটবলের বাইরে গলফ খুব পছন্দ করেন। টাইগার উডস তাঁর প্রিয়। একটু বেশিই পছন্দ করেন মেসিকে, তাই পেলে না ম্যারাডোনা বিতর্কে ঢুকতেই রাজি হলেন না একদম।
ছোটবেলাতেই ফুটবলের অন্ধ প্রেমে মজেছিলেন, তাই ফুটবলার ছাড়া আর কিছু কখনো হতে চাননি। পাড়ায় দাপিয়ে ফুটবল খেলতেন। বাড়ি থেকে গাড়িতে ৪০-৫০ মিনিট দূরে ছিল ওয়েস্টহাম ক্লাব। ছোটবেলায় ওই ক্লাবেরই সমর্থক ছিলেন, বড় হয়ে তো ওয়েস্টহামে খেলেছেনও তিন মৌসুম।
ফুটবলার না হলে কী হতেন? প্রশ্ন শুনে হাসেন। আসলে ফুটবলারই তো হতে চেয়েছিলেন। কোনো কারণে সেটা না হলে রৌদ্রকরোজ্জ্বল কোনো জায়গায় একটা বার খুলে বসতেন! কারণ, রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া নাকি তাঁর খুব ভালো লাগে। এভাবেই জীবনটা উপভোগ করতেন টেডি শেরিংহাম।
সময় পেলে আবার আসতে চান বাংলাদেশে। তখন যদি একটু ঘোরার সুযোগ মেলে!