সেই ফাহিমকে খুঁজে পাওয়া গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই কিশোর ফাহিম এখন তরুণ। সংগৃহীত ছবি
সেই কিশোর ফাহিম এখন তরুণ। সংগৃহীত ছবি
>প্রিমিয়ার লিগ ফুটবলে আজ নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। একটি গোল এসেছে তরুণ ফাহিমের পা থেকে।

হঠাৎ যেন আলোর ঝলকানি! এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে কাতারের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে দুর্দান্ত গোল করে আলোচনায় এসেছিলেন ফয়সাল আহমেদ ফাহিম! প্রতি আক্রমণ থেকে বল ধরে শরীরের ঝটকায় দুই ডিফেন্ডারকে ঘোল খাইয়ে বক্সের বাইরে থেকে বা পায়ের শটে গোল। সিরাজগঞ্জের এই ছেলে কী করতে পারে তা আরও বেশি দেখা গিয়েছিল ২০১৭ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফে। ৪ ম্যাচে একটি হ্যাটট্রিকসহ ৭ গোল। স্ট্রাইকার-সংকটে আচ্ছন্ন দেশের ফুটবলে সেটি ছিল যেন এক পশলা বৃষ্টি।

কিন্তু সেই ফাহিমকেই পরবর্তীতে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাঝে সাইফের জার্সিতে অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে লাল কার্ড দেখে আলোচনায় এসেছিলেন। এর পরে খেলার সুযোগ না পেয়ে হারিয়ে যাওয়ার দশা! অবশেষে প্রিমিয়ার লিগ ফুটবলে দুর্দান্ত এক গোলের মধ্যে খুঁজে পাওয়া গেল তরুণ ফাহিমকে। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে আজ নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচে একটি করে গোল করেছেন দানিয়ের করদোবা, ফাহিম ও ওটাবেক জকিরোভ। লিগে আজই প্রথম গোল করেছেন ফাহিম। বয়সভিত্তিক দলে খেলার পর থেকেই ফাহিমের দায়িত্ব নিয়েছে সাইফ স্পোর্টিং। কুড়ি থেকে ফুল ফুটানোর দায়িত্বটা ভালোই পালন করে আসছে করপোরেট ক্লাবটি। 

অবনমন শঙ্কা থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেদের মাঠে আজ জয় খুব বেশি প্রয়োজন ছিল নোফেলের। কিন্তু ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও তারা গড়ে তুলতে পারেনি তারা। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে তারা হজম করে দুই গোল। কলম্বিয়ান মিডফিল্ডার করদোবার গোলে ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় সাইফ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফাহিমের গোল। আজই প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছিলেন এই তরুণ। গোল করেই দিলেন কোচের আস্থার প্রতিদান। ৭০ মিনিটে ৩-০ করেছেন উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক। লিগে এটি তাঁর চতুর্থ গোল।

এই জয়ে ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে সাইফ। সমানসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অবনমন শঙ্কায় নোফেল। তেরো দলের মধ্যে ১২ তম অবস্থানে আছে তারা।