সেই ফুটবল রোমাঞ্চের হাতছানি

সংগীতটাই যেন ঘোর লাগিয়ে দেওয়ার মতো। অর্কেস্ট্রার সেই মূর্ছনার সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো পর্যন্ত গত বছর গলা মিলিয়েছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে। যেন সেটি পর্তুগালেরই জাতীয় সংগীত! ১৯৯২ সালে ব্রিটিশ সুরকার পল ব্রিটেন যে সুরটি বেঁধেছিলেন, কে জানত একদিন সেটি ফুটবল-বিশ্বের সবচেয়ে প্রতীকী সংগীত হয়ে যাবে? চার মাস বিরতির পর আজ আবার বেজে উঠবে সেই সুর, ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের যে পর্দা উঠছে।
পঞ্জিকা বলছে এখন শরৎকাল। তবে চ্যাম্পিয়নস লিগ যেন ফুটবল-বিশ্বকে ফিসফিস করে বলছে, ‘বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে...।’ কিন্তু আজকের দিনের আবহসংগীত কী হতে পারে? সেটা তো অবশ্যই ‘প্রত্যাবর্তন’ হওয়া উচিত। এক বছর বিরতির পর ম্যানচেস্টার ইউনাইটেড আবার ফিরছে চ্যাম্পিয়নস লিগে। দলের তিন ডাচ লুই ফন গাল, মেম্ফিস ডিপাই ও ড্যালে ব্লিন্ড ফিরছেন হল্যান্ডে। বেশ কয়েক বছর বিরতির পর ফিরছে সেভিয়া-ভলফ্সবুর্গ। আজ যেন শুধু ‘ফেরারই’ দিন। আর ইব্রার সঙ্গে প্রথম ক্লাব মালমোর ‘পুনর্মিলনী’, ম্যানচেস্টার সিটি-জুভেন্টাস আর রিয়াল মাদ্রিদ-শাখতার দোনেৎস্ক ম্যাচ মিলে ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ক্লাব প্রতিযোগিতার উদ্বোধনী দিনটি আগ্রহের অনেক উপাদান নিয়েই অপেক্ষমাণ।
ওল্ড ট্রাফোর্ডে গত মৌসুমে বাজেনি চ্যাম্পিয়নস লিগের বাঁশি। এবার আবারও শোনা যাবে, তবে তার আগে ইউনাইটেডকে একটু ঢুঁ মেরে আসতে হবে হল্যান্ডে। ডাচ ক্লাব পিএসভি আইন্দহফেনের সঙ্গে ম্যাচটা ডিপাইয়ের জন্য একটু আবেগেরই হওয়ার কথা। কিছুদিন আগেই এই ক্লাব থেকে নাম লিখিয়েছেন ইউনাইটেডে, গত বছর এখানেই আলো ছড়িয়েছিলেন। কে জানত, দেখাটা এত তাড়াতাড়ি হয়ে যাবে! ফন গালের জন্যও উপলক্ষটা একটু বিশেষ। ডাগ-আউটে পাশেই থাকবেন ফিলিপে কোকু, হল্যান্ড ও বার্সেলোনায় যিনি ফন গালের অধীনে খেলেছেন। ফন গালের মনে একটা খচখচানি অবশ্য থাকবেই। চোট কেড়ে নিয়েছে ওয়েইন রুনিকে। এটিই চ্যাম্পিয়নস লিগে অভিষেকের দরজা খুলে দিতে পারে অ্যান্থনি মার্শালের সামনে।
ইব্রার জন্যও মালমোর সঙ্গে পুনর্মিলনী কম স্মৃতিকাতর হবে না। ২০০১ সালে মাত্র ১৬ বছর বয়সে ছেড়েছিলেন কৈশোরের স্মৃতিময় ক্লাব। এরপর ইতালি-স্পেন হয়ে ফ্রান্সে থিতু হয়েছেন, নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। আজ অবশ্য ঠিক সেই অর্থে ফেরা হচ্ছে না, কারণ ম্যাচটা হচ্ছে প্যারিসে।
ফুটবলীয় বিচারে অবশ্য সিটি-জুভেন্টাস দ্বৈরথটাই সবচেয়ে বেশি রোমাঞ্চের হাতছানি দিচ্ছে। জুভেন্টাস গতবার ফাইনালে খেলেছিল, সিটি বিদায় নিয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকেই। কিন্তু লিগে দুই দলের ফর্মে এবার অদ্ভুত বৈপরীত্য। সিটি যেখানে ইংলিশ লিগের প্রথম পাঁচ ম্যাচ জিতেই উড়ছে, জুভেন্টাস ১৯৬৮ সালের পর এই প্রথম তিন ম্যাচের একটিতেও জয় পায়নি।
রিয়াল মাদ্রিদের সঙ্গে শাখতারের ম্যাচের আগে সবচেয়ে বড় কৌতুহল, ক্রিস্টিয়ানো রোনালদো কি আজ বার্নাব্যুতে মৌসুমের প্রথম গোল পাবেন? তিন দিন আগে ৫ গোল করেছেন এক ম্যাচেই, আর ৬ গোল করলেই রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের করে নেবেন। চ্যাম্পিয়নস লিগেও সবচেয়ে বেশি গোলের রেকর্ডটিতে মেসির সঙ্গে একই সমতলে (৭৭টি করে), সিআর সেভেনের সামনে তো প্রেরণার অভাব নেই! এএফপি, রয়টার্স।
আজ মুখোমুখি
| পিএসজি | মালমো |
| রিয়াল মাদ্রিদ | শাখতার |
| আইন্দহফেন | ইউনাইটেড |
| ভলফ্সবুর্গ | সিএসকেএ মস্কো |
| গ্যালাতাসারাই | অ্যাটলেটিকো |
| ম্যান সিটি | জুভেন্টাস |
| সেভিয়া | মনশেনগ্লাডবাখ |
* স্বাগতিক দল আগে
আজ শুরু চ্যাম্পিয়নস লিগ (২০১৫-১৬)
* স্পেন, জার্মানি, ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স ও পর্তুগালের বাইরে ১৯৯৯ সালের পর থেকে অন্য দেশের ক্লাব কোয়ার্টার ফাইনালে খেলেছে মাত্র দশবার
* এসি মিলানের পর প্রথম ক্লাব হিসেবে টানা দুবার শিরোপা জয়ের হাতছানি বার্সেলোনার সামনে
* সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জাভি (১৫১)। পোর্তোর হয়ে কাল সেটি ছুঁয়ে ফেলার সুযোগ ইকার ক্যাসিয়াসের সামনে
নতুন ক্লাব
আস্তানা (কাজাখস্তান)
গেন্ট (বেলজিয়াম)
মনশেনগ্লাডবাখ (জার্মানি)*
*মনশেনগ্লাডবাখ এর আগে ইউরোপিয়ান কাপে খেললেও চ্যাম্পিয়নস লিগে এই প্রথম
৩
তৃতীয় কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়নস লিগের হাতছানি হোসে মরিনহোর সামনে
৯৯
চ্যাম্পিয়নস লিগে এবার একটি ম্যাচ খেললেই শততম ম্যাচ হবে লিওনেল মেসির, ৩২তম খেলোয়াড় হিসেবে
৫
স্পেনের পাঁচটি ক্লাব খেলছে এবার, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে যেটি কোনো দেশের প্রথম দৃষ্টান্ত