সেই ফ্যাব্রিগাস, এই ফ্যাব্রিগাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেন ওয়েঙ্গার ভূয়োদর্শী লোক। নিজের আবেগটা পেশাদারির খোলসে কীভাবে ঢেকে রাখতে হয়, সেটা ভালোই জানেন। আর জানেন বলেই আজ হয়তো ‘তাই মাঝে হলো ছাড়াছাড়ি গেলেম কে কোথায়’ ধরনের অনুভূতি মনে একদমই দানা বাঁধতে দেবেন না। একসময় যাঁকে হাতে ধরে বিশ্বমঞ্চে পরিচিত করিয়েছেন, একসময় আর্সেনালের সঙ্গে যাঁর নাম ছিল সমার্থক, সেই সেস্ক ফ্যাব্রিগাসকেই যে আজ ঠেকাতে কৌশল সাজাতে হচ্ছে ওয়েঙ্গারকে। তা-ও আবার নগরপ্রতিদ্বন্দ্বী চেলসির বিপক্ষে। লন্ডন ডার্বিতে আর সবকিছুকে ছাপিয়ে এখন ফ্যাব্রিগাসই প্রধান চরিত্র।

তা স্প্যানিশ মিডফিল্ডারকে নিয়ে এত কথা হওয়াটাই স্বাভাবিক। বার্সেলোনা থেকে চেলসিতে আসার পর যেন নিজেকে ফিরে পেয়েছেন নতুন করে। এর মধ্যেই ৭টি গোল করিয়ে ফেলেছেন, ডিয়েগো কস্তার সঙ্গে যুগলবন্দী গড়ে চেলসিকে রীতিমতো ওড়াচ্ছেন। অথচ ফ্যাব্রিগাস আর্সেনালেরই হতে পারতেন। পুরোনো ক্লাবে ফিরছেন, এমন গুঞ্জন মৌসুম শুরুর আগে ছিল। ওয়েঙ্গার কি একটু হলেও আফসোস করেন না? হয়তো করেন, তবে বলছেন অন্য কথাই, ‘আমি এটাকে বড় করে দেখতে চাই না। কারণ বার্সেলোনায় যাওয়ার পরই আমাদের বিচ্ছেদ হয়ে যায়, এটা আপনাকে মানতেই হবে। এরপর ওর ঠিকানা যেকোনো কিছুই হতে পারত।’

ওয়েঙ্গার অবশ্য দাবি করলেন, চাইলে ফ্যাব্রিগাসকে এবার ফিরিয়ে আনতে পারতেন। কিন্তু ইচ্ছে করেই সেটি করেননি। আর্সেনাল কোচের যুক্তি, এই দলে তাঁকে দরকার নেই। দাবি করলেন, ফ্যাব্রিগাসের প্রতি কোনো ক্ষোভও নেই, ‘আমার তো ওর সঙ্গে কোনো শত্রুতা নেই। খেলোয়াড় ও মানুষ হিসেবে ওকে আমি ভালোবাসি।’ সে জন্যই আর্সেনাল সমর্থকদের আহ্বান জানালেন ফ্যাব্রিগাসকে দুয়ো না দেওয়ার জন্য। কিন্তু সেটা তারা শুনবে তো?

উত্তরটা জানা যাবে আজই। তবে হোসে মরিনহো ব্যাপারটা দারুণ উপভোগ করছেন। হালকা খোঁচা দিয়ে বলেছেন, ‘সে (ফ্যাব্রিগাস) এর মধ্যেই চেলসিকে ভালোবেসে ফেলেছে। সে এখানে খুবই সুখে আছে। ওর কাছে জিজ্ঞাসা করুন পাঁচ বছর পর সে নিজেকে কোথায় দেখতে চায়। সে চেলসির কথাই বলবে।’

অথচ আজকের ম্যাচের আগে ‘প্রতিশোধ’ নিয়েই বেশি কথা হওয়া উচিত ছিল। দুই দলের আগের দেখায় চেলসি আর্সেনালকে ৬ গোলে উড়িয়ে দিয়েছিল। আজ স্টামফোর্ড ব্রিজে আর্সেনাল কি পারবে বদলা নিতে? ইতিহাস অবশ্য আর্সেনালের বিপক্ষে, মরিনহোর সঙ্গে যে ওয়েঙ্গার কখনোই জিততে পারেননি! এএফপি, রয়টার্স।