সেই বলের সঙ্গে 'দেখা' হয়ে গেল হার্স্টের

বাইরে থেকে আর দশটা বলের মতো স্রেফ একটা বলই। প্রায় ৫০ বছর বয়স হয়ে গেছে, এত দিনে বেশ কয়েক জায়গায় কাটাছেঁড়ার দগদগে ক্ষত হয়ে যাওয়ার কথা। কিন্তু এই বলটা দেখলে বোঝা যায়, যত্নআত্তি করা হয় বেশ। সেটা তো করতেই হবে, বলটা এমনই বিশেষ কিছু, খালি হাতে পর্যন্ত ধরা নিষেধ। ধরতে হলে পরতে হবে গ্লাভস। শুধু ব্যতিক্রম কয়েকজনের জন্য, যাঁরা এই বলটাকে এমন মহিমান্বিত করেছেন। সাবেক ইংলিশ স্ট্রাইকার জিওফ হার্স্ট তাই খালি হাতেই বলটা ধরলেন। যে বল দিয়ে হ্যাটট্রিক করে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন, সেই বলটা তো খালি হাতে ধরার অধিকার হার্স্টের আছেই!
ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপ জয়ের ৫০ বছর উদ্যাপন ছিল কাল। বিশেষ একটা অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে। সেবার পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড, অতিরিক্ত সময়ে হ্যাটট্রিক করেছিলেন হার্স্ট। এর মধ্যে দ্বিতীয় গোলটি সম্ভবত ফুটবলের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। বলটি গোললাইন অতিক্রম করেছিল কি না, সেটি নিয়ে বিতর্ক এখনো থামেনি। হ্যাটট্রিকের ওই বল হার্স্ট বা ইংল্যান্ডের জন্য শুধু নয়, ফুটবল–ইতিহাসেই বিশেষ কিছু।
পরশু সেটি হাতে নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়লেন হার্স্ট, ‘এই বল তো আপনি সব সময় দেখতে পাবেন না। ফাইনালের পর হেলমুট হেলার (জার্মানি মিডফিল্ডার) বলটা চুরি করেছিল। ৩০ বছর ওটা জার্মানিতে ছিল। এরপর সেটি ১৯৯৬ সালে জার্মানি থেকে ইংল্যান্ডে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে সেটি ম্যানচেস্টারের জাদুঘরে আছে। এটা এমন একটা স্মৃতিচিহ্ন, যেটা ধরতে গেলে গ্লাভস পরতে হয়। তবে যারা বিশ্বকাপ জিতেছে, তারাই শুধু এটা হাত দিয়ে ধরতে পারে। আমাকে জিমি গ্রিভস মজা করে বলেছিল, বলটা চুরি গেলে তো এর ওপর শুধু আমাদের হাতের ছাপই পাওয়া যাবে।’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। হার্স্টের ওই বিতর্কিত গোল নিয়ে রসিকতাও করেছেন, ‘৫০ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যাপনে থাকতে পেরে আমি গর্বিত। তবে গোল লাইন প্রযুক্তির ৫০ বছর নয়, ইংল্যান্ডের এই ৫০ বছর বিশ্বকাপ জয়ের উপলক্ষে।’ এএফপি।