সেই বাক্কাই জেতালেন মিলানকে
সাম্পদোরিয়ার হয়ে কলম্বিয়ান স্ট্রাইকার লুকাস মুরিয়েল ম্যাচের শুরু থেকেই বারবার ভয় ছড়াচ্ছিলেন। আর এসি মিলানের বেঞ্চে বসে সেটি শুধু চেয়ে চেয়েই দেখতে হচ্ছিল তাঁর স্বদেশি স্ট্রাইকার কার্লোস বাক্কাকে। ম্যাচের আগে গুঞ্জন ছিল, কোচ ভিনসেঞ্জো মন্টেলার সঙ্গে নাকি বিবাদে জড়িয়েছেন মিলান স্ট্রাইকার। সেই বাক্কাই পরশু জিতিয়ে দিলেন মিলানকে। মাঠে নেমেছেন ৬০ মিনিটে, গোল করেছেন ম্যাচ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে।
এই জয়ে কিছুটা স্বস্তি পাওয়ার কথা মিলান কোচের। তুরিনোর বিপক্ষে জয় দিয়ে লিগ শুরু হলেও পরের দুই ম্যাচেই হেরে যায় মিলান। এই মৌসুমেই রোজোনেরিদের দায়িত্ব নেওয়া মন্টেলার মুখে আবার জয়ের হাসি এনে দিলেন বাক্কা। ৩০ বছর বয়সী স্ট্রাইকারের সঙ্গে বিবাদ নিয়ে অবশ্য নিজের কর্তৃত্বই আরেকবার স্মরণ করিয়ে দিলেন মিলান কোচ, ‘খেলোয়াড়দের সঙ্গে আমার সব সময়ই এমন লেগে যায়। তবে সবকিছুই এখন নিয়ন্ত্রণে। আমিই কোচ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু আমার।’ এএফপি।