সেই বার্সেলোনাই এখন মেসির সান্ত্বনা

>এবারই কি বিশ্বকাপ জেতার শেষ সুযোগ ছিল লিওনেল মেসির! হয়তো তা-ই! কিন্তু মেসি তো ২০২২ সালে কাতারেও একটা সুযোগ নিতে পারেন। তখন তো তাঁর বয়স হবে ৩৫। প্রশ্ন হচ্ছে, আর্জেন্টিনার প্রত্যাশার ভার তিনি ৩৫-এ কীভাবে বইবেন! সেই শক্তি তাঁকে নিতে হবে বার্সেলোনা থেকেই
বয়স তো কম হলো না। সেই ১৯ বছর বয়স থেকে বিশ্বকাপ খেলছেন। সেবার কোচ হোসে পেকারম্যান লিওনেল মেসিকে জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠেই নামালেন না। তারুণ্যদীপ্ত সেই মেসি সেদিন হয়তো ঝড় তুলতে পারতেন জার্মান রক্ষণে—ঠিক যেমনটা কাল তুললেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। পরের দুই বিশ্বকাপেও জার্মান দেয়ালেই আটকে গেছে মেসির স্বপ্নযাত্রা। গতবার ফাইনালে উঠেও কাপটা হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারেননি। ৩১ বছর বয়সী মেসি এবার আবারও চেষ্টা করেছিলেন স্বপ্নটা বাস্তব করতে। কিন্তু তিনি পারেননি। দেশকে বিশ্বকাপ জিতিয়ে ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে ব্রাকেটবন্দী হওয়াটা তাঁর আর হলো না।
পরের বিশ্বকাপ আসতে আসতে মেসির বয়স হবে ৩৫। মেসি কি পারবেন তখন কাতার বিশ্বকাপে খেলতে? কাতারের আবহাওয়ায় মেসির বয়স্ক শরীর কি পারবে আরেকবার নিজের জাদু দেখাতে? বয়স ত্রিশ ছোঁয়ার সঙ্গে সঙ্গেই ক্যারিয়ারের গোধূলিলগ্ন দেখে ফেলেন অনেক ফুটবলারই, আক্রমণভাগের খেলোয়াড়েরা তো বটেই। সামনের বিশ্বকাপে সেই ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে মেসি কি স্বপ্নপূরণের আরও একটি চেষ্টা করবেন?
কিছুদিন আগে মেসি নিজেই বলেছেন, বিশ্বকাপ না জেতা পর্যন্ত অবসর নেবেন না তিনি। সে কথাকে সত্যি মানলে বলা যেতে পারে, সামনের বিশ্বকাপেও মেসি খেলবেন। হাভিয়ের মাচেরানো, লুকাস বিলিয়ারা কালকের পর অবসরের ঘোষণা দিয়ে দিলেও মেসির মুখ থেকে এখনো এ রকম কিছু শোনা যায়নি। তাঁর মনে হয়তো আছে আরও চেষ্টার ব্যাপারটি। যেখানে তাঁর আইডল ডিয়েগো ম্যারাডোনা নিজেই ৩৪ বছর বয়স পর্যন্ত বিশ্বকাপ খেলেছেন, মেসিও ৩৫ বছর বয়সে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতেই পারেন!
কিন্তু বছরের পর বছর প্রত্যাশার গুরুভার নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া মেসি ৩৫ বছর বয়সে কি সেটা করতে পারবেন? সেটি নিশ্চিত তিনি করতে পারবেন বার্সেলোনাতেই। মেসি তো তাদেরই।
বিশ্বকাপের ক্লান্তি ভোলাতে সবচেয়ে বড় অবদান রাখতে পারে বার্সার চিরচেনা পরিবেশ। আর্জেন্টিনার হয়ে খেললেও দেশটির জল-হাওয়া-মানুষ তাঁকে খুব একটা আপন করতে পারেননি। তাঁর স্বস্তির জায়গা তো আর আর্জেন্টিনা নয়।
চার বছর পর আবারও মেসিসুলভ দীপ্তিতে চারপাশ উদ্ভাসিত করতে চাইলে মেসিকে ব্যর্থতার দুঃখ ভুলতে হবে এই ন্যু ক্যাম্পের মাটিতেই, শেষ একটিবারের জন্য প্রস্তুতও হতে হবে সেখানেই—বার্সেলোনায়।