সেই বালোতেল্লি এখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিও বালোতেল্লি
মারিও বালোতেল্লি

চট করে দেখলে মনে হবে, বয়স হঠাৎই বেড়ে গেছে। মুটিয়ে গেছেন বেশ, আগের সেই পাথর কুঁদে তৈরি করা শারীরিক গড়ন কোথায় যেন মিলিয়ে গেছে। মারিও বালোতেল্লির এখন এমনই দশা, নিসের মতো ক্লাবেও জায়গা পান না। কাল ফ্রেঞ্চ লিগের মঁপেলিয়ের সঙ্গে ম্যাচের আগে জানিয়ে দেওয়া হয়েছে, বালোতেল্লি দলে থাকছেন না। গত শনিবার দলের সঙ্গে অনুশীলনও করেননি। ফর্ম-টর্ম নয়, শারীরিকভাবে ফিট নেই বলেই বাদ পড়ে গেছেন ইতালিয়ান স্ট্রাইকার।
অথচ এক সপ্তাহ আগে মনে হচ্ছিল, ছবির দেশে, কবিতার দেশে এসে নতুন জীবন পেয়েছেন। ক্লাব ক্যারিয়ারে অভিষেকটা সব সময়ই মধুর ছিল, এর আগে ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, এসি মিলানে প্রথম ম্যাচেই গোল পেয়েছেন বালোতেল্লি। নিসের অভিষেকে একটি নয়, করেছেন জোড়া গোল। কিন্তু এরপর ইউরোপা লিগে শালকের সঙ্গে গোল তো পানইনি, পুরো ম্যাচেই তাঁকে খুঁজেই পাওয়া যায়নি। পরশু নিস কোচ জানিয়ে দিলেন, বালোতেল্লি ঠিক খেলার অবস্থায় নেই।
নিসে আসা নিয়েও কত নাটক! দুই মৌসুম আগে লিভারপুলে এসে কখনোই সেভাবে থিতু হতে পারেননি। গত মৌসুমে এসি মিলানে ধারে গেলেও ভাগ্য ফেরাতে পারলেন না। এই মৌসুমে লিভারপুল ধারে কোনো ক্লাবে পাঠিয়ে দেবে, এ রকমই শোনা যাচ্ছিল। বালোতেল্লি নিজেই বলেছিলেন, সুযোগ পেলে ফিরে যেতে চান ইতালিতে। সাসসুওলো, পালের্মোর নাম একটু-আধটু শোনা গিয়েছিল, কিন্তু আগ্রহ দেখিয়েও কেউই শেষ পর্যন্ত চুক্তি করেনি। দলবদলের শেষ দিনে যখন মনে হচ্ছিল আরও এক মৌসুম অ্যানফিল্ডে থেকে যাওয়াটাই তাঁর নিয়তি, বালোতেল্লিকে দল নিল নিস। ষাটের দশকে চারবার লিগ জিতলেও নিস এখন আর তেমন কোনো শক্তি নয়। তবে বালোতেল্লি যোগ দিয়েই বলেছিলেন, লিভারপুলের ওই দুঃস্বপ্ন পেছনে ফেলে এসেছেন আর খাঁচা থেকে মুক্তি পাওয়া পাখির মতো মনে করছেন নিজেকে। মনে হচ্ছিল, এবার বোধ হয় সুমতি হয়েছে খ্যাপাটে ইতালিয়ানের।

কিন্তু লোকটা যে বালোতেল্লি! ফ্রান্সে এসেই সঙ্গিনীদের নিয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হলেন। মাঠের চেয়ে মাঠের বাইরের খবর নিয়ে আবারও আলোচনায়। বিতর্কের সঙ্গে গলাগলি করে এগিয়েছে পুরো ক্যারিয়ার, ফ্রান্সে কি আর ব্যতিক্রম হয়? বর্ণবাদী মন্তব্য, আতশবাজি জ্বালাতে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া, কারফিউ অমান্য করে রাস্তায় নেমে পড়া—খামখেয়ালি সব কাণ্ডের ফিরিস্তি অনেক লম্বা। অথচ বয়স এখনো ২৬। একজন স্ট্রাইকারের আলো ছড়ানোর এটাই শ্রেষ্ঠ সময়। কিন্তু ইতালি, ইংল্যান্ডের বড় সব ক্লাবে খেলে আসার পর বালোতেল্লি এখন জায়গা পান না নিসের মতো ক্লাবেও।

প্রতিভার কী বিপুল অপচয়—কথাটা বোধ হয় বালোতেল্লির জন্যই লেখা! সূত্র: মেইল অনলাইন।