সেই ব্রাজিলের কে কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সর্বকালের সেরা দলের ছোট্ট তালিকায়ও সত্তরের সেই ব্রাজিলের নাম থাকবে। তিন দিন আগে চলে গেছেন সেই কিংবদন্তি দলের অধিনায়ক কার্লোস আলবার্তো। পেলেও বার্ধক্যে, কিন্তু সেই দলের বাকিরা এখন কোথায়, কজনই বা বেঁচে আছেন?

ফেলিক্স
বিশ্বকাপের আগে গোলপোস্টের নিচে তাঁর ওপর ভরসা রাখতে পারেননি অনেকেই। শেষ পর্যন্ত ফেলিক্স উতরে গিয়েছিলেন ভালোমতোই। পরে ব্রাজিলের হয়ে আরও ৪০টি ম্যাচ খেলেছেন। ফ্লুমিনেন্সের হয়ে পাঁচবার লিগও জিতেছেন। পরে গাড়ি ও ফ্রিজের বিক্রয়কর্মীর কাজ করেছেন, ফুটবল নিয়ে ভাষণও দিয়েছেন। ধূমপান করতেন খুব, ফুসফুসের রোগ ভুগিয়েছে অনেক দিন। সেই লড়াইয়ে হার মেনে চার বছর আগে নিয়েছেন চিরবিদায়।

কার্লোস আলবার্তো
মাত্র তিন দিন আগেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কার্লোস আলবার্তো। বিশ্বকাপের পর ১৯৭৪ সালে ফিরে যান নিজের প্রথম ক্লাব ফ্লুমিনেন্সে। পরে ফ্ল্যামেঙ্গোতে খেলার পর পেলের সঙ্গে ক্যারিয়ার শেষ করেছিলেন নিউইয়র্ক কসমসে। ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, নাইজেরিয়া, আজারবাইজানে কোচ হিসেবেও কাজ করেছেন। ব্রাজিলের ‘চিরদিনের অধিনায়ক’ কাজ করেছিলেন ধারাভাষ্যকার হিসেবেও।

হারকিউলিস ব্রিতো
দীর্ঘদেহী এই ডিফেন্ডারের মেজাজটা ছিল খুব চড়া। ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন। ভাস্কো দা গামা, ফ্ল্যামেঙ্গো, করিন্থিয়ানসসহ ১০টি আলাদা ক্লাবেও খেলেছেন। ১৯৭৯ সালে অবসর নেন ৪০ বছর বয়সে। এরপর প্রকাশ্যে খুব একটা আসেননি।
উইলসন পিয়াজ্জা
১৯৬৪ থেকে ১৯৭৯ পর্যন্ত ক্রুজেইরোর হয়ে খেলেছেন। ব্রাজিলের ১৯৭৪ বিশ্বকাপের দলেও ছিলেন। পরে মন দেন পেট্রলপাম্পের ব্যবসায়। শেষে জড়িয়ে পড়েন স্থানীয় রাজনীতির সঙ্গে।

এভেরালদো
ব্রাজিলের হয়ে খেলা শুরু করেন ১৯৬৭ সালে। তিন বছরের মধ্যেই কোচ মারিও জাগালো এই তরুণ লেফটব্যাককে মূল দলে খেলার সুযোগ দেন। গ্রেমিওর অবিচ্ছেদ্য অংশ ছিলেন। ১৯৭৪ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে যে ২৪টি ম্যাচ খেলেছেন, তার একটিতে মাত্র জিতেছেন। সবচেয়ে করুণ পরিণতি হয়েছে এই ডিফেন্ডারেরই। ১৯৭৪ সালে স্ত্রী-কন্যাসহ প্রাণ হারান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।

ক্লদোয়ালদো
১৯৭০ বিশ্বকাপের সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। এরপর দুর্দান্ত এক প্রত্যাবর্তনের পথ দেখান তিনি, ৩-১ গোলে জেতে ব্রাজিল। ফাইনালে কার্লোস আলবার্তোর অবিস্মরণীয় সেই গোলেও তাঁর অবদান ছিল, চার ইতালিয়ানকে কাটিয়ে গোলের সুযোগ সৃষ্টি করেছিলেন। সান্তোসে পেলের সতীর্থ ছিলেন, পরে হন সান্তোসের পরিচালক।

গারসন
মধ্যমাঠের প্রাণভোমরা ছিলেন গারসন। ‘তোতাপাখি’ নামে পরিচিত এই মিডফিল্ডারকে বলা হতো সর্বকালের সেরা পাসারদের একজন। তাঁর বাবা ও চাচা ছিলেন পেশাদার ফুটবলার। ব্রাজিলের হয়ে মোট ৭০টি ম্যাচ খেলেছেন। ফুটবল ছাড়ার পর রেডিও-টেলিভিশনে বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। দরিদ্র শিশুদের জন্য একটা স্কুলও খুলেছেন।

রিভেলিনো
গোঁফওয়ালা এই উইঙ্গারের ডাকনাম ছিল ‘ইলাস্টিকো’। ২০ বছরের ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন। করিন্থিয়ানস, ফ্লুমিনেন্স ও আল হিলালের হয়ে সাত শতাধিক ম্যাচ খেলেছেন। ’৭০ বিশ্বকাপে তিনটি গোলও করেছিলেন, চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ফ্রি-কিকে করা গোলটি তো স্মরণীয়। ১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপেও খেলেছেন। এখন জিকোর সঙ্গে সহ-ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।
পেলে
তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা ফুটবলার। সত্তরের বিশ্বকাপ ছিল ফুটবলসম্রাটের মুকুটে বিশ্বকাপের তৃতীয় পালক। ওই বিশ্বকাপে চারটি গোল করেছিলেন, গর্ডন ব্যাঙ্কস ওই অবিশ্বাস্য সেভ না করলে পেতেন আরেকটি গোল। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। নিউইয়র্ক কসমসের হয়ে ক্যারিয়ার শেষ করার পর ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী হয়েছেন।

টোস্টাও
আরেকটু হলেই ১৯৭০ বিশ্বকাপটা বাইরে বসে দেখতে হতো। চোখে বলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় রেটিনা। কিন্তু পরে মাঠে নেমে পেলের সঙ্গে গড়েছিলেন দুর্দান্ত এক জুটি। চোখের সমস্যার জন্য ২৬ বছর বয়সেই খেলা ছেড়ে দিতে হয়েছিলেন। পেশায় একজন চিকিৎসক, কাজ করেছেন ক্রীড়াসাংবাদিক হিসেবেও।

জেয়ারজিনহো
বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই গোল করা একমাত্র খেলোয়াড়। ১৯৭০ বিশ্বকাপে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা। ব্রাজিলের হয়ে ৮১ ম্যাচে তাঁর গোল ৩৩টি। বোটাফোগোর হয়ে চার শতাধিক ম্যাচ খেলে পরে খেলেছেন ফ্রেঞ্চ ক্লাব মার্শেইতে। ইচ্ছে ছিল রিওর মেয়র হবেন, কিন্তু ফি দিতে না পারায় তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদোকে খুঁজে বের করার কৃতিত্বও তাঁকে দেওয়া হয়। এএফপি অবলম্বনে।