সেই ব্রাভোই প্রশ্নের মুখে ফেললেন গার্দিওলাকে

পেপ গার্দিওলা এখন ম্যানচেস্টার সিটি সমর্থকদের কী জবাব দেবেন?
ম্যানচেস্টার সিটিতে যখন এসেছিলেন স্প্যানিশ কোচ, দলে অনেক বদলের সম্ভাবনা টের পাওয়া যাচ্ছিল। সিটি সমর্থকেরাও হয়তো তেমন কিছুর প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা খেলেন, যখন খবর এল, গোলকিপার জো হার্টকেই দল থেকে বের করে দিতে চাইছেন গার্দিওলা। কেন? পোস্টের নিচে আরও নির্ভরতা চাই। যিনি কিনা হাতের মতো বল পায়েও সমান দক্ষ। হার্টের মতো মাঝে মাঝে শিশুতোষ ভুলও করে বসবেন না। সমাধান? বার্সেলোনা থেকে নিয়ে আসা হলো ক্লদিও ব্রাভোকে।
কিন্তু সেই ব্রাভো আজ ম্যানচেস্টার ডার্বিতে অভিষেকেই করে বসলেন শিশুতোষ ভুল! তাও একটি নয়, একই রকম দু-দুটি ভুল! যার একটির জন্য মূল্য দিতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে, অন্যটিতে বেঁচে গেছে কোনো রকমে। অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মৌসুমের প্রথম বড় ম্যাচেও এই প্রতিবেদন লেখার সময়ে ২-১ গোলে এগিয়ে আছে সিটি। দ্বিতীয়ার্ধের খেলা চলছিল।
ম্যাচের ১৫ মিনিটে ডি ব্রুইন ও ৩৬ মিনিটে ইহিয়ানাচোর গোলে ২-০তে এগিয়ে যায় সিটি। সেই সময়টায় বেশ দাপটও ছিল গার্দিওলার দলের। কিন্তু পরিস্থিতি পাল্টে গেল ব্রাভোর ভুলে। ৪২ মিনিটে ফ্রি কিক ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে পড়লেন দুই দলের খেলোয়াড়দের ভিড়ের মধ্যে। বল লুফে নেওয়া তো দূরে থাক, কোনোমতে হাত ছোঁয়াতে পারলেন। বল গিয়ে পড়ল ইব্রাহিমোভিচের পায়ে। গোল! এর আগ পর্যন্ত ম্যাচে ধুঁকতে থাকা ইউনাইটেড হঠাৎই স্কোর করে ফেলল ২-১!
প্রথমার্ধের যোগ করা সময়েও আবারও ব্রাভোর একই ভুল। আবারও পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন বল ধরতে। কিন্তু সময়ের হিসেবে গোলমাল হয়ে গেল, আগেই বল ধরে ফেললেন ইব্রাহিমোভিচ। কিন্তু এবার ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকারের শটটি ছিল দুর্বল। সিটিকে তাই এবার আর চড়া মূল্য দিতে হলো না।
তবে এখনই কিছু প্রশ্ন উঠে যাচ্ছে গার্দিওলার দিকে। হার্টকে দল থেকে বলতে গেলে বেরই করে দিয়েছেন। ইংলিশ গোলকিপারের প্রতি তাঁর আচরণ নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন। কিন্তু সেটি হয়তো সিটি সমর্থকেরা ভুলে যেতেন, যদি মাঠে ব্রাভোর পারফরম্যান্স ভুলিয়ে দেওয়ার মতো হতো। কিন্তু অভিষেকের প্রথম ৪৫ মিনিটে ব্রাভোর পারফরম্যান্স বরং আরও বেশি করে যেন হার্টের কথা মনে করিয়ে দিচ্ছে সিটিজেনদের। স্টার স্পোর্টস ২।