সেই ভারতের কাছেই বিধ্বস্ত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমার্ধে ভালো খেলার পর দ্বিতীয়ার্ধে হুড়মুড়িয়ে ভেঙে পড়া—মেয়েদের ফুটবলে রোগটা বেশ পুরোনো। কাল আবারও সেটির মঞ্চায়ন হলো পাকিস্তানে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে। প্রথমার্ধে যোগ হওয়া সময়ে প্রথম গোল খাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের কাছে হেরেছে ৫-১ গোলে।
সাফের বর্তমান চ্যাম্পিয়নদের কাছে গত দুই আসরে একবারও জিততে পারেনি বাংলাদেশ। প্রথমবার হেরেছিল ৬-০ গোলে, পরেরবার ৩-০। অথচ গত অক্টোবরে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে একসময় ১০ জন হয়ে পড়া বাংলাদেশ খেলেছিল দুর্দান্ত। ওই ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেনি, এগিয়ে গিয়েও বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছিল ২-১ গোলে।
ছোটরা লড়াই করলেও মেয়েদের জাতীয় দল এখনো আগের জায়গায় আটকে আছে। প্রথমার্ধের শেষ মুহূর্তে উমা দেবীর গোলের পর দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মন্দিরা দেবী এবং ৫৭ মিনিটে বালা দেবীর গোলে বাংলাদেশের রক্ষণভাগ হয়ে পড়ে তাসের ঘর। ৭৬ মিনিটে ৪-০ করেন ইন্দুমতী। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন বালা। বাংলাদেশের হয়ে সান্ত্বনার গোলটি করেছেন সাবিনা খাতুন, ম্যাচের ৮৪ মিনিটে।
এই হারেও অবশ্য বাংলাদেশের সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি। আগামীকাল মালদ্বীপের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জিতলেই শেষ চার নিশ্চিত হবে বাংলাদেশের। তবে ড্র করলেও গোল-গড়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশই যাবে সেমিফাইনালে। ‘এ’ গ্রুপে টানা দুই ম্যাচ জিতে ভারত কালই নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনাল। আর বাংলাদেশ দুই ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপের দ্বিতীয় স্থানে। এর আগে ‘বি’ গ্রুপ থেকে নেপাল ও শ্রীলঙ্কা উঠে গেছে সেমিফাইনালে।