সেই ভ্যালেন্সিয়ার মাঠেই ভাগ্য ফেরাবে রিয়াল?

৪ জানুয়ারি, ২০১৫ -বছরে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, ভেন্যু—মেস্তায়া।
২ জানুয়ারি, ২০১৬ -বছরে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, ভেন্যু—মেস্তায়া।
বেশ মিল, তাই না? পরপর দুই বছরেরই প্রথম ম্যাচ, ভেন্যু এক, প্রতিপক্ষও এক। কিন্তু গত বছর এই সময়ের রিয়াল আর নতুন বছরের রিয়াল কী এক?
উত্তরটা আসবে নেতিবাচকই। সেই রিয়াল আর এই রিয়ালে অনেক তফাৎ। গতবার যে রিয়াল ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে গিয়েছিল, তারা ছিল চ্যাম্পিয়নস লিগ জয়ী। সদ্যই ক্লাব বিশ্বকাপ জিতে ফেরত আসায় তাদের গায়ে ছিল বিশ্বসেরা ক্লাবের তকমা। টানা ২২ ম্যাচ জয়ের রেকর্ডটাকে ২৩-এ টেনে নেওয়ার ইচ্ছে নিয়েই সেদিন মাঠে নেমেছিল তারা।
কিন্তু আজ মেস্তায়ায় যে রিয়াল মাঠে নামবে, সেই রিয়াল? শিরোপাহীন! টানা তৃতীয় জয়ের লক্ষ্যে, ধারাবাহিকতার খোঁজে, নিজেদের ফিরে পাওয়ার আশায় মাঠে নামছে লস ব্লাঙ্কোসরা।
গতবার ভ্যালেন্সিয়ার মাঠে এই ম্যাচে হেরেই শুরু হয়েছিল রিয়ালের পথ হারানো। প্রথমার্ধে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ভ্যালেন্সিয়ার দুই গোলে থেমে গিয়েছিল রিয়ালের জয়যাত্রা। এরপর থেকে চোট আর অধারাবাহিকতা মিলিয়ে মৌসুমের বাকি সময়টিতে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি রিয়াল। এভাবে পথ হারানোকেই পরে কার্লো আনচেলত্তিকে বিদায় করে দেওয়ার কারণ হিসেবে দেখিয়েছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
ইতালিয়ান কোচের জায়গায় নিয়ে আসা হয়েছিল রাফায়েল বেনিতেজকে, যাঁকে নিয়ে শুরু থেকে শঙ্কায় ছিলেন সমর্থকেরা। শঙ্কাটা অনেকটা সত্যিও হয়েছে। পারফরম্যান্স অবশ্য অতটা হয়তো খারাপ নয়—লিগে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলে পিছিয়ে আছে দুই পয়েন্টে। চ্যাম্পিয়নস লিগেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে শেষ ষোলোতে। কোপা দেল রেতে ম্যাচ জিতেও নিজেদের ভুলে (নিষেধাজ্ঞা থাকা খেলোয়াড় মাঠে নামিয়ে) বাদ পড়ে যেতে হয়েছে।
তবে সবকিছুর চেয়ে সমর্থকদের বেশি চোখে লাগছে রিয়ালের খেলার ধরনটাই। বেনিতেজের অধীনে একটু বেশি রক্ষণাত্মক খেলছে রিয়াল, সেটা নিয়ে সমালোচনা তো আছেই। সঙ্গে রোনালদো, হামেস রদ্রিগেজ, ইসকোর মতো তারকা খেলোয়াড়দের সঙ্গে কথিত সম্পর্কের টানাপোড়েনের কারণে কোণঠাসা হয়ে পড়েছেন রিয়াল কোচ। এর সঙ্গে যোগ করে নিন বার্সেলোনার কাছে ৪-০ গোলে হার কিংবা সেভিয়া, ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসজি—বড় কোনো ম্যাচেই জিততে না পারার ব্যর্থতা।
সব মিলিয়ে সমর্থকের সঙ্গে একদমই একই সুরে মিলছে না বেনিতেজের। অবস্থা এমন দাঁড়িয়েছে, দল যেমনই খেলুক, বেনিতেজকে দুয়ো শুনতেই হচ্ছে। এমনিতে বড়দিনের আগে-পরে দুই ম্যাচে ভালোই খেলেছে রিয়াল।
রায়ো ভায়েকানোকে বিধ্বস্ত করেছে ১০-২ গোলে, জিতেছে রিয়াল সোসিয়েদাদের সঙ্গেও। এ ছাড়া ডিসেম্বরের মাঝামাঝিতে ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হার ছাড়া বাকি ৮ ম্যাচেই মাঠে খেলে জিতেছে রিয়াল (মাঠে খেলে বলতে হচ্ছে, কারণ কোপা দেল রেতে কাদিজের সঙ্গে ৩-১ গোলে জিতলেও রিয়ালের ভুলের কারণে সেটিকে এখন রেকর্ডে দেখানো হচ্ছে কাদিজের ৩-০ জয় হিসেবে)। এই ৮ ম্যাচে রিয়াল গোলও দিয়েছে ৩০ টি!
নতুন বছরে ভ্যালেন্সিয়ার মাঠেই জয় দিয়ে পুরোনো সব বিভেদ, শঙ্কা, পারফরম্যান্স নিয়ে অসন্তোষ ভুলিয়ে দিতে চাইবে রিয়াল। এক ম্যাচেই সব কিছু ঠিক হয়ে যাবে না। তবে ২০১৫ তে যেমন ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে ‘পথ হারানোর’ শুরু হয়েছিল, ২০১৬ তে সেই ভ্যালেন্সিয়া ম্যাচ দিয়েই ‘ফিরে আসা’র গল্পটা নতুন করে লিখতে চান রোনালদোরা। নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে কোচ বেনিতেজ বলেছিলেন, ‘শিরোপা জয়ের জন্য নতুন বছরে নতুন করে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বেন।’ এই ম্যাচ দিয়েই শুরু হবে নতুন সেই পথচলা? পরিসংখ্যান অবশ্য আশার আলোই দেখাচ্ছে। ২০১৫ ’র শুরুর ওই পরাজয়ের আগে-পরে সব প্রতিযোগিতা মিলিয়ে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১৩ ম্যাচে অপরাজিত রিয়াল (৮ জয়, ৫ ড্র)।
দেখা যাক, আজ কী হয়! কার্লো আনচেলত্তির শেষের শুরু এখানে। রাফায়েল বেনিতেজের ‘খারাপ শুরু’র শেষও কী হবে মেস্তায়ায়?