সেই মজিদ-মুমিনুল, সেই ভিক্টোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিক্টোরিয়ার জয়রথ থামাতে পারল না প্রাইম ব্যাংক। কাল ভিক্টোরিয়ার টানা চতুর্থ জয়টি এল বর্তমান চ্যাম্পিয়নদের ২৩ রানে হারিয়েই। বর্ষার আবাহন এখন সারা দেশেই, রাতে নামা বৃষ্টি কাল ভোরেও ঝরেছে ফতুল্লায়। আর এই বৃষ্টি-বিলম্বিত ম্যাচটি জিতেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকল ভিক্টোরিয়ানরা। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে প্রাইম ব্যাংকের পয়েন্ট ১২।
নির্ধারিত সময়ের সোয়া দুই ঘণ্টা পরে শুরু হওয়ায় ৫০ ওভারের ম্যাচটি হয়ে যায় ৪০ ওভারের। কর্তিত ওভারের ম্যাচ আর নির্ভেজাল ব্যাটিং উইকেট—এই দুই মিলিয়েই বোলারদের ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। একটু কম কাঁদতে হয়েছে অবশ্য ভিক্টোরিয়ার বোলারদের, আর তাতেই ম্যাচ শেষে তাঁদের মুখে হাসি।
ভিক্টোরিয়াকে ২৭২ রানের বড় পুঁজি এনে দিয়েছিলেন ব্যাটসম্যানরা। টস জিতে ব্যাটিং নেওয়া দলটির হয়ে সর্বোচ্চ ৭২ রান আবদুল মজিদের। আগের দুই ম্যাচে সেঞ্চুরি পাওয়া এই ওপেনার যেভাবে ব্যাট করছিলেন তাতে ঢাকার শীর্ষ লিগে এর আগে কেউ টানা তিন সেঞ্চুরি করেছেন কি না তা নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছিল। দুলকি চালে দৌড়ে রানআউট হয়েই অবশ্য ‘গবেষকদের’ মুক্তি দেন ৬৮ বলে ১০ চার ও ১ ছক্কা মারা মজিদ। পেসার রুবেল হোসেনের করা ২৪তম ওভারের পঞ্চম বলটিকে পয়েন্টে ঠেলেই রান নেওয়ার জন্য ধীরেসুস্থে দৌড়াতে শুরু করেন মজিদ। হয়তো বুঝতে পারেননি পয়েন্ট থেকে সরাসরি নন-স্ট্রাইক প্রান্তের উইকেট ভেঙে দেবেন নাজমুল ইসলাম!
ভিক্টোরিয়ার রান তখন ঠিক দেড় শ। এর আগেই ৪৭ বলে ৫৫ রান করে ফিরেছেন তিনে নামা মুমিনুল। চার-চারটি ছয় বাংলাদেশের সীমিত ওভারের দলের বাইরে থাকা এই বাঁহাতি ব্যাটসম্যানের ইনিংসে! এই দুজনের গড়ে দেওয়া ভিত্তির ওপরে দাঁড়িয়ে পরে তাণ্ডব চালিয়েছেন নাদিফ চৌধুরী (৪১ বলে ৪১) ও চতুরাঙ্গা ডি সিলভা (২৩ বলে ৩৯)। পঞ্চম উইকেটে মাত্র ৩৫ বলেই ৬৬ রান যোগ করেছেন এঁরা দুজন।
প্রাইম ব্যাংকের ইনিংসে জবাবটা দিতে পেরেছেন শুধু ওপেনার মেহেদী মারুফ (৪৩ বলে ৫৫) ও নুরুল হাসান (৪৮ বলে ৫২)। দুজনই অবশ্য আউট হয়েছেন অবিবেচকের মতো। মারুফ মুমিনুলের করা প্রথম বলটাকে আকাশে উঠিয়ে ও নুরুল অসম্ভব এক রান নিতে গিয়ে।
কাল পড়ন্ত বিকেলে প্রায় অবিশ্বাস্য একটি ক্যাচও দেখেছে ফতুল্লা। ৩৪তম ওভারে জনশূন্য স্কোয়ার লেগে ক্যাচ তোলেন তাইবুর রহমান। মিড অন থেকে দৌড়ে এসে ক্যাচটা তালুবন্দী করেন ভিক্টোরিয়া অধিনায়ক নাদিফ।
সংক্ষিপ্ত স্কোর
ভিক্টোরিয়া: ৪০ ওভারে ২৭২/৬ (মজিদ ৭২, মুমিনুল ৫৫, নাদিফ ৪১, ডি সিলভা ৩৯, আল আমিন ২৮; আজিম ২/৬৫, মনির ১/৪৩, শুভাগত ১/৪৫)। প্রাইম ব্যাংক: ৪০ ওভারে ২৪৯/৮ (মারুফ ৫৫, নুরুল ৫২, সাব্বির ২৭, শুভাগত ২৬, তাইবুর ২৫; মাহবুব ২/৩৭, মুমিনুল ১/১০, সোহরাওয়ার্দী ১/৪০, কামরুল ১/৪৭, ডলার ১/৪৮)।
ফল: ভিক্টোরিয়া ২৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আবদুল মজিদ।