সেই মার্টিনোই মেসিদের কোচ

আলেসান্দ্রো সাবেলা সরে দাঁড়ানোর পর থেকেই তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছিল জেরার্ডো মার্টিনোর নাম। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। বার্সেলোনার সদ্য সাবেক কোচ মার্টিনোই দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টিনার জাতীয় দলের।
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) পরশু এক বিবৃতিতে মার্টিনোকে কোচ করার বিষয়টি নিশ্চিত করলেও চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাওয়া যায়নি মার্টিনোর কোনো প্রতিক্রিয়াও। পরশু নিয়োগ দিলেও নতুন কোচকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে আজ। মার্টিনো স্বপ্ন পূরণের মধুর অনুভূতির কথা হয়তো শোনাবেন সেখানেই।
যেকোনো কোচেরই স্বপ্ন থাকে একদিন জাতীয় দলের কোচ হওয়ার। ২০১২-১৩ মৌসুমে নিওয়েলস ওল্ড বয়েজের কোচ থাকার সময় মার্টিনো নিজের সেই স্বপ্নের কথা প্রকাশও করেছিলেন, ‘নিজ দেশের জাতীয় দলের কোচ হওয়াটা যেকোনো কোচেরই স্বপ্ন।’ সেই স্বপ্ন পূরণের আনন্দ তো আছেই, এর মাধ্যমে মার্টিনো পেয়ে গেলেন খেলোয়াড়ি জীবনের আক্ষেপ ঘুচানোর সুযোগও।
খেলোয়াড় মার্টিনো জাতীয় দলের হয়ে পুরো একটা ম্যাচও খেলতে পারেননি! ১৯৯১ সালে হাঙ্গেরির সঙ্গে প্রীতি ম্যাচে অভিষেক হলেও খেলা হয়নি পুরো ম্যাচ। এরপর আর জাতীয় দলে কোনো ডাকই পাননি! আন্তর্জাতিক দীর্ঘায়িত করতে না পারার আক্ষেপ সঙ্গী হয়ে আছে সেই থেকে।
কোচ হিসেবে সফল হয়ে সেই আক্ষেপ মুছে ফেলার সুযোগ পাচ্ছেন বটে, কিন্তু সত্যিই কি নতুন চ্যালেঞ্জে মার্টিনো জয়ী হতে পারবেন? প্রশ্নটা আরও বড় হয়ে উঠছে বার্সেলোনার অভিজ্ঞতার কারণে। ১৯৯৮ সালে কোচিংয়ে অভিষেকের পর মার্টিনোর নামডাক হয়েছে মূলত প্যারাগুয়ে জাতীয় দলের হয়ে। ২০১০ বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়েছিলেন প্যারাগুয়েকে। ২০১১ কোপা আমেরিকায় তুলেছিলেন ফাইনালে। তবে নিশ্চিতভাবেই কোচ মার্টিনোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বার্সেলোনার দায়িত্ব নেওয়াটা।
সেই চ্যালেঞ্জের শুরুটা দুর্দান্তই হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ। গত ছয় মৌসুমের মধ্যে প্রথম বার্সেলোনার একটা মৌসুম কেটেছে বড় কোনো শিরোপা ছাড়াই। এক মৌসুম শেষেই তাই ছেড়ে দিতে হয়েছে বার্সার দায়িত্ব। যাঁর সুপারিশে ন্যু ক্যাম্পে যাওয়ার পথ সুগম হয়েছিল, চারবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী সেই লিওনেল মেসির সেরাটা বের করে আনতেও ব্যর্থ হয়েছিলেন মার্টিনো। সেই মেসি তো আর্জেন্টিনা দলেরও প্রাণভোমরা। এবার কি পারবেন মার্টিনো?
উত্তর দেবে সময়। যেটির জন্য খুব বেশি অপেক্ষাও করতে হচ্ছে না। আর্জেন্টিনার কোচ হিসেবে মার্টিনোর প্রথম বড় চ্যালেঞ্জ হবে আগামী বছর চিলিতে অনুষ্ঠেয় কোপা আমেরিকা, যা শুরু হতে ১০ মাসও বাকি নেই। রয়টার্স।