সেই মেসির সামনেই যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার বিপক্ষে গোলের পর লিওনেল মেসির উচ্ছ্বাস। কাল ফক্সবরোতে l এএফপি
ভেনেজুয়েলার বিপক্ষে গোলের পর লিওনেল মেসির উচ্ছ্বাস। কাল ফক্সবরোতে l এএফপি

সান্তা ক্লারা থেকে শিকাগো। সিয়াটল থেকে ফক্সবরো। তাঁকে মাঠে দেখার জন্য দর্শকদের কী যে আকুতি! ফুটবল যে দেশে সকার নামে পরিচিত, সেই দেশের রাগবি-বেসবল-বাস্কেটবলপাগল অনেকে টিকিটই কেটেছেন শুধু লিওনেল মেসির খেলা দেখার জন্য। মেসির চোটের কারণে আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো সেই চাওয়া প্রতি ম্যাচেই পূরণ করতে পারেননি। যখন পারেননি সেই সময়টায় ডাগ-আউটে বসেই মেসি জয়ধ্বনি কুড়িয়েছেন যুক্তরাষ্ট্রের দর্শকদের।
কে জানত যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য নিয়তি এমন পরিকল্পনাই করে রেখেছে! বাংলাদেশ সময় আগামী পরশু সকাল ৭টায় কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। তার মানে, যাঁর নামে আমেরিকান দর্শকদের এত জয়ধ্বনি, সেই মেসিই এবার তাঁদের প্রতিপক্ষ!
ব্যাপারটা নিশ্চিত হয়েছে গতকাল কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ৪-১ গোলে ভেনেজুয়েলাকে হারানোর পর। এই ম্যাচেও আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক মেসি। নিজে একটি গোল করেছেন, গঞ্জালো হিগুয়েইন আর এরিক লামেলাকে দিয়ে একটি করে গোল করিয়েছেন। আর্জেন্টিনার ৪ গোলের বাকিটিও হিগুয়েইনের। সব মিলিয়ে সেমিফাইনালের আগে দারুণ ছন্দে পাঁচবারের ফিফা-ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়।
আর্জেন্টিনার দুর্দান্ত এই জয়টা মেসির কাছে আরেকটু বিশেষ হয়ে এসেছে আরেকটি কারণে। ৫৪ গোল নিয়ে এত দিন এককভাবে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা ছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। কোপা আমেরিকা শুরুর আগে বাতিস্তুতার চেয়ে ৪ গোল পেছনে ছিলেন মেসি। পানামা ম্যাচে ১৯ মিনিটে হ্যাটট্রিকের পর কাল দলের তৃতীয় গোলটি করে সেই রেকর্ডে বাতিগোলের পাশে চলে এলেন মেসি। অবশ্য আর্জেন্টিনার জার্সিতে মোট ৫৬ গোল করেছেন বাতিস্তুতা, তবে ১৯৯৫ সালে স্লোভাকিয়ার বিপক্ষে যে প্রীতি ম্যাচে তিনি জোড়া গোল করেছিলেন, সেটি ফিফার কাছ থেকে অফিশিয়াল ম্যাচের স্বীকৃতি পায়নি।
তবে এসব ব্যক্তিগত অর্জনের চেয়ে মেসি আপাতত বড় করে দেখছেন জয়টাকেই। যে জয় তাঁর দলকে আরও একবার ২৩ বছর ধরে অধরা ট্রফিটার আরেকটু কাছে নিয়ে এসেছে। ম্যাচ শেষে তাই বললেন, ‘বাতিগোলের পাশাপাশি আসতে পারাটা তো দারুণ ব্যাপার। তবে আমার কাছে আজকের (গতকাল) সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের জয়টা। এ রকম বড় একটা টুর্নামেন্টে আরও একবার সেমিফাইনালে যাওয়াটাও বড় ব্যাপার।’
৪ গোল করে চিলির এদুয়ার্দো ভার্গাসের সঙ্গে যৌথভাবে এবারের কোপার সর্বোচ্চ গোলদাতাও এখন মেসি। তবে ভার্গাসের চেয়ে আর্জেন্টাইন অধিনায়ক খেলেছেন অনেক কম সময়। প্রথম ম্যাচে মাঠেই নামেননি, দ্বিতীয় ম্যাচে খেলেছেন আধঘণ্টার মতো, তৃতীয় ম্যাচে নামেন দ্বিতীয়ার্ধের শুরুতে। শুধু গতকালই প্রথমবারের মতো পুরো ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন জাদুকর।
তবে মেসির রেকর্ড ছোঁয়ার দিনে শুধু একজনকে যদি আর্জেন্টিনার নায়ক বলতে হয়, সেটি গোলরক্ষক সার্জিও রোমেরো। প্রথমার্ধে দুটি অবিশ্বাস্য সেভের পাশাপাশি একটি পেনাল্টিও ঠেকিয়েছেন। গত সেপ্টেম্বর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বেঞ্চে বসে থাকা রোমেরো এমন দেয়াল তুলে দাঁড়িয়েছিলেন বলেই আর্জেন্টিনার জয়ের ব্যবধানটা এত বড়।
কোপায় এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ গোল করা আর্জেন্টিনাও হয়ে উঠেছে শিরোপার অন্যতম দাবিদার। অবশ্য গতকাল মেক্সিকোকে ৭-০ গোলে হারানোর পর চিলিরও ৪ ম্যাচে ১৪ গোল হয়ে গেছে। সেমিফাইনালে চিলির প্রতিপক্ষ কলম্বিয়া। তবে যুক্তরাষ্ট্রের দর্শকেরা মনে হয় না ওই ম্যাচ নিয়ে আপাতত একটুও ভাবছেন। তাঁদের ভাবনাজুড়েই যে এখন শুধু মেসি! সূত্র: সনি-ইএসপিএন, এএফপি।