সেই ম্যাচই প্রেরণা লিভারপুলের
দলের ফর্ম খারাপ, মূল স্ট্রাইকার হয়ে ওঠার কথা ছিল যাঁর মাঠের বাইরে তিনি নানা বিতর্কিত কাণ্ডকীর্তি করে নিষিদ্ধ। ওদিকে শোনা যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ নতুন কোচ খুঁজছেন। দুশ্চিন্তার কি আর শেষ আছে ব্রেন্ডন রজার্সের? লিভারপুলের এমন দুঃসময়ে আজ অ্যানফিল্ডে প্রতিপক্ষ আর্সেনাল।
বর্তমান যখন খারাপ যায়, তখন অতীতের দিকে তাকাতে হয়। সেখান থেকে খুঁজতে হয় প্রেরণা। রজার্সের দলের সেই প্রেরণাটা অবশ্য খুব বেশি অতীতের নয়। গত ফেব্রুয়ারিতেই অ্যানফিল্ডে আর্সেনালকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল রজার্সের দল। ৫ গোলের প্রথম চারটি এসেছিল খেলার ২০ মিনিটের মধ্যে! অ্যানফিল্ডে আরও একবার আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে ওই ম্যাচটাকেই সবচেয়ে বড় প্রেরণা হিসেবে নিচ্ছে লিভারপুল।
লিভারপুলের যেটা অনুপ্রেরণা, সেটাই আবার আর্সেনালের বড় ক্ষত। স্বাভাবিকভাবেই ওই ম্যাচের কথা মাথা থেকে মুছে ফেলতে চান আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার, ‘অ্যানফিল্ডে তো আমাদের অনেক সুখের স্মৃতিও আছে, আমরা সেগুলোই শুধু মাথায় রাখছি। এমনকি যে ম্যাচটার কথা বলা হচ্ছে ওই ম্যাচের এক সপ্তাহ পরেই আমরা একই লিভারপুল দলকে এফএ কাপে হারিয়েছিলাম।’
এমনিতে অবশ্য দুই দলের পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়। ১৬টি করে ম্যাচ খেলে আর্সেনালের ২৬, লিভারপুলের ২১। কিন্তু ফর্মটা একেবারেই ভালো যাচ্ছে না লিভারপুলের। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে, লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে সর্বশেষ ম্যাচে হেরেছে ৩-০ গোলে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা করে নেওয়া আর্সেনাল সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ৬ ম্যাচের ৫টিতেই জিতেছে। দারুণ ফর্মে আছেন আলেক্সিস সানচেজ। সার্জিও আগুয়েরো (১৪) আর ডিয়েগো কস্তার (১২) পর প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা চিলিয়ান এই স্ট্রাইকার (৯)। অন্যদিকে লুইস সুয়ারেজ বার্সেলোনায় চলে যাওয়ার পর থেকেই ধুঁকছে লিভারপুল। বালোতেল্লি লিগে গোলের দেখা পাননি, বর্ণবাদী আচরণের কারণে আবার আজকের ম্যাচে খেলতেও পারবেন না। ড্যানিয়েল স্টারিজকে আগেই কেড়ে নিয়েছে চোট। গত ফেব্রুয়ারির ম্যাচটা যতই প্রেরণা হোক, আজ আর্সেনালের সঙ্গে লড়াই করা রজার্সের দলের জন্য একটু কঠিন বৈকি! এএফপি, রয়টার্স।