সেই রানিয়েরি বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানিয়েরির ক্যারিয়ারে তো বটেই, লেস্টারের ইতিহাসেই সবচেয়ে আনন্দের ছবি এটি। প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সেই উৎসবের নয় মাসের মধ্যেই আলাদা হয়ে গেল লেস্টার আর রানিয়েরির পথ l ডেইলি মেইল
রানিয়েরির ক্যারিয়ারে তো বটেই, লেস্টারের ইতিহাসেই সবচেয়ে আনন্দের ছবি এটি। প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সেই উৎসবের নয় মাসের মধ্যেই আলাদা হয়ে গেল লেস্টার আর রানিয়েরির পথ l ডেইলি মেইল

সোমবার ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে যখন খেলতে নামবে লেস্টার সিটি, টিভি ক্যামেরা লেস্টারের ডাগআউটের দিকে ঘুরবে। লেস্টার খেলোয়াড়দের পরিচিত মুখগুলো ভাসবে, ফিজিও ও অন্য সহযোগীদের মুখও। তবে একটা মুখ দেখা যাবে না। সাদা চুলের, চশমা পরা এক প্রৌঢ়ের মুখ। ক্লদিও রানিয়েরি!
গত পরশু লেস্টার সিটি বরখাস্ত করেছেন ইতালিয়ান এই কোচকে।
অবিশ্বাস্য! গত মৌসুমে দুর্দান্ত এই রূপকথার কাহিনিকার মাত্র নয় মাসের মধ্যেই রূঢ় বাস্তবকে বুঝলেন। গতবারের চ্যাম্পিয়নরা এবার জঘন্য খেলছে, ড্রেসিংরুমের নিয়ন্ত্রণও রানিয়েরি হারিয়েছেন বলে মাস দুয়েক ধরে গুঞ্জন। সবকিছুর দায় নিয়েই সরতে হলো ৬৫ বছর বয়সী ইতালিয়ানকে।
সরে গেছেন, তবে লেস্টারের ইতিহাসে নিজের নামটিকে অমর দিয়ে গেছেন রানিয়েরি। গত মৌসুমে যখন লেস্টারে এসেছিলেন, কে ভেবেছিল, এর আগের মৌসুমে অবনমন বাঁচানো দলটিই চ্যাম্পিয়ন হবে! আগের ১৩১ বছরের ইতিহাসে কখনো ইংল্যান্ড-সেরা হতে পারেনি ক্লাবটি, রানিয়েরি নিজেও ক্যারিয়ারে জুভেন্টাস, মোনাকো, ভ্যালেন্সিয়া, চেলসি, রোমার মতো দলকেও লিগ শিরোপা জেতাতে পারেননি। মৌসুমের আগে তাই লেস্টার চ্যাম্পিয়ন হওয়ার বাজির দর ছিল ৫০০০-১!
অবিশ্বাস্য দর! তবে বিশ্বাস-অবিশ্বাসের মাত্রা ভুলিয়ে মাঠে রূপকথাটা লিখেছে লেস্টার। মাহরেজ-ভার্ডি-কান্তেদের এক আশ্চর্য জাদুমন্ত্রে জাগিয়ে দেন রানিয়েরি...ডিলি ডিং, ডিলি ডং। সহজ-সুন্দর কিন্তু ভয়ংকর ফুটবল, গত মৌসুমে তাই প্রায় সবারই দ্বিতীয় পছন্দের দল হয়ে যায় লেস্টার! কিন্তু ২৯৮ দিন আগের স্বপ্নালু সময়টা এখন যেন ধূসর অতীত। শিরোপা হাতে লেস্টারের উদ্যাপন, রানিয়েরিকে মধ্যমণি করে খেলোয়াড়দের নাচানাচি...ছবিগুলো কখনো রং হারাবে না, তবে একটা দীর্ঘশ্বাস জাগাবে নিশ্চিত।
কান্তে দল ছেড়ে গেছেন চেলসিতে। পাশাপাশি মাহরেজ-ভার্ডিরাও এবার অচেনা। প্রভাবটা পারফরম্যান্সে স্পষ্ট—লিগে ২৫ ম্যাচে ২১ পয়েন্ট। তালিকায় ১৭তম লেস্টার, অবনমন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্ট বেশি। লিগে সর্বশেষ পাঁচ ম্যাচেই হার। জয় দূরে থাক, ২০১৭ সালে কোনো গোলই নেই—ইংল্যান্ডের চারটি পেশাদার স্তরে নতুন বছরে এখনো গোল না পাওয়া একমাত্র ক্লাব! চ্যাম্পিয়নস লিগে অবশ্য শেষ ষোলোতে খেলছে, প্রথম লেগে সেভিয়ার মাঠে ২-১ গোলে হারলেও শেষ আটের আশা জাগিয়ে রেখেছে।
মাঠের বাইরেও খেলোয়াড়দের সামলাতে হিমশিম খাচ্ছিলেন রানিয়েরি। কদিন আগেই নাকি লেস্টারের সিনিয়র খেলোয়াড়েরা ক্লাব সভাপতির কাছে ইতালিয়ান কোচের বিরুদ্ধে নালিশ করেছেন। কৌশল, খেলোয়াড় বদল, এমনকি ম্যাচের পর বার্গারের বদলে খাদ্যতালিকায় পিৎজা কেন—এসব নিয়েও অভিযোগ খেলোয়াড়দের!
সবকিছুর দায় নিয়ে রানিয়েরির সরে যাওয়াটা তাই সময়ের ব্যাপারই ছিল। তাঁকে বরখাস্ত করার সময় নিয়ে হয়তো বিতর্ক হবে, তবে ‘হৃদয় ও মস্তিষ্কের যুদ্ধে’ জিতল লেস্টার কর্মকর্তাদের মস্তিষ্কই। যদিও রানিয়েরিকে হৃদয়ে বড় ঠাঁই দিয়েই রেখেছেন তাঁরা, ক্লাবের বিবৃতিতে লিখেছেন, ‘ক্লদিও—২০১৫ সালের জুলাইয়ে যিনি এসেছিলেন—১৩৩ বছরের ক্লাব ইতিহাসে ফক্সেসকে (লেস্টারের ডাকনাম) সবচেয়ে বড় জয়টা এনে দিয়েছেন। লেস্টার সিটির সর্বকালের সেরা কোচ হিসেবে তাঁর মর্যাদা থাকবে প্রশ্নাতীত।’ রানিয়েরি এভাবে বরখাস্ত হওয়ায় ইতালিয়ান সংবাদমাধ্যম অবশ্য গোটা ইংলিশ জাতিকেই বলছে ‘অকৃতজ্ঞ’। লা গাজেত্তা দেল্লো স্পোর্ত ‘ইংলিশরা অকৃতজ্ঞ’ এই শিরোনামের প্রতিবেদনে লিখেছে, ‘সারা বিশ্বকে বিমোহিত করেছিল যে রূপকথা, সেটিকে শেষ করে দিল লেস্টার।’
রানিয়েরি চলে যাচ্ছেন। তাঁর জায়গায় আসবেন নতুন কেউ। শোনা যাচ্ছে রবার্তো মানচিনি, গাস হিডিঙ্ক, মার্টিন ও’নিল, নাইজেল পিয়ারসনদের নাম। তবে তাঁরা যত সাফল্যই পান, রানিয়েরি জ্বলবেন আপন আলোয়। তাঁর হাস্যরসে ভরা কথাগুলো কানে বাজবে। ধ্বনিত হবে ডিলি ডিং, ডিলি ডং মন্ত্রটাও। আর লেস্টার-রূপকথাটা তো থাকবেই। রয়টার্স।