সেই রামোস রিয়ালকে নিয়ে গেলেন শেষ আটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও রিয়ালের কান্ডারি সার্জিও রামোস। ছবি: এএফপি
আবারও রিয়ালের কান্ডারি সার্জিও রামোস। ছবি: এএফপি

ম্যাচ শেষ নাপোলি কোচ মাউরিজিও সারির বেশ কয়েকটা ফোন পাওনা ছিল। ফোনগুলো বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ শিবির থেকেই আসা উচিত ছিল। বার্সা কোচ লুইস এনরিকে কিংবা অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে তো জানেন যন্ত্রণাটা। বিবিসির তারকাখচিত আক্রমণভাগের কেউ নয়; প্রতিপক্ষের সব আশা যখন গুঁড়িয়ে দেন অন্য একজন। আক্রমণভাগ নয়; যাঁর মূল দায়িত্ব রক্ষণ। কিন্তু কখনো কখনো আক্রমণে তিনি এত আলো ছড়ান, বেল-বেনজেমা-রোনালদোরাও চলে যান আড়ালে। কাল সার্জিও রামোস এমনই আলো ছড়ালেন।

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে নাপোলির বিপক্ষে গোল করেছেন রামোস। সেই গোলে উজ্জীবিত হয়ে পিছিয়ে থেকেও ৩-১ গোলের দারুণ এক জয়ে শেষ আট নিশ্চিত করেছে রিয়াল। প্রথম লেগেও নিজেদের মাঠ বার্নাব্যুতে একই ব্যবধানে জয় পেয়েছিল জিদানের দল।
স্তাদিও সান পাওলোর দর্শক সমর্থনে দারুণভাবে উজ্জীবিত হয়েই মাঠে নেমেছিল নাপোলি। ম্যাচের ২৪ মিনিটে দ্রিস মার্টেনসের গোলে এগিয়ে যায় তারা। রিয়ালের জালে আর একটা গোল হলেই চলে নাপোলির। এ-ই তখন সমীকরণ। ভাগ্যও নাপোলিকে দেখাচ্ছে আশা। ৩০ মিনিটে যখন ক্রিস্টিয়ানো রোনালদোর শট পোস্টে লেগে ফিরে এল। ফিরতি বলে বল পেয়ে বেল অবশ্য চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি।
নাপোলি বুঝে গেল ভাগ্য আসলে নিরপেক্ষ ভূমিকায়। ৩৭ মিনিটে মার্টেনসের শট রিয়াল গোলকিপার কেইলর নাভাসকে পরাস্ত করলেও তা পোস্টে লেগে ফেরত আসে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে রিয়াল। নিজেদের গুছিয়ে ঘুরে দাঁড়ায় দারুণভাবেই। ৫১ মিনিটেই রামোস গোল করে সমতায় ফেরান রিয়ালকে। টনি ক্রুসের কর্নার থেকে দারুণ হেডে গোলটি করেন রামোস। ৬ মিনিটের ব্যবধানেই আবারও রামোস-দুঃখের মুখোমুখি নাপোলি। আবারও ক্রুসের কর্নার। আবারও রামোসের বুলেট হেড। তবে এবার বলটি মার্টেনসের গায়ে লেগে প্রবেশ করে গোলে।
ম্যাচের একেবারে শেষ সময়ে নাপোলির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় রিয়াল। রোনালদোর শট নাপোলির গোলকিপার ঠেকানোর পর ফিরতি বলটি জালে ঠেলে দেন আলভারো মোরাতা।
ম্যাচ শেষে আনন্দের সঙ্গে একটা ‘হতাশা’ও আছে রামোসের। সেটি হচ্ছে রিয়ালকে এগিয়ে দেওয়া গোলটি উয়েফা ‘আত্মঘাতী’ ঘোষণা দেওয়ায়। ক্রুসের কর্নার থেকে রামোসের হেড মার্টেনসের গায়ে লেগে জালে প্রবেশ করে। রামোস ম্যাচ শেষে কিছুটা রসিকতা করেছেন কপট এক আক্ষেপ প্রকাশ করে, ‘ওহ্! আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করছেন। আমার এক সাধের জোড়া গোল ছিনিয়ে নিল তারা!’
পিছিয়ে পড়ে এই জয়ে অবশ্য তৃপ্তই ঝরেছে রামোসের কণ্ঠে, ‘আমরা চাপে ছিলাম। কিন্তু সবাই মিলে সেই চাপ থেকে বের হয়ে এসেছি। চাপ থেকে বের হয়ে আসার উপায় জানলে সবকিছুই সহজ হয়ে যায়।’
সেই উপায়টি কি, সেটি অবশ্য প্রকাশ করেননি রামোস, যিনি এর আগে অনেকবারই রিয়ালকে এমন চাপের মুখ থেকে বের করে এনেছেন। সূত্র: রয়টার্স।