সেই রুবেল, আবারও চট্ট. আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবেল মিয়ার দ্বিতীয় গোলটি হলো অসাধারণ। আর এই গোলের পর তাঁকে কাঁধেই তুলে নিলেন চট্টগ্রাম আবাহনী অধিনায়ক মামুনুল ইসলাম। কাল এমএ আজিজ স্টেডিয়ামে l সৌরভ দাশ
রুবেল মিয়ার দ্বিতীয় গোলটি হলো অসাধারণ। আর এই গোলের পর তাঁকে কাঁধেই তুলে নিলেন চট্টগ্রাম আবাহনী অধিনায়ক মামুনুল ইসলাম। কাল এমএ আজিজ স্টেডিয়ামে l সৌরভ দাশ

সুযোগ পেলেই নিজেকে চেনান রুবেল মিয়া। স্বাধীনতা কাপের ফাইনালে তাঁর সেই বাইসাইকেল কিকে চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয় গোলটির কথা এখনো অনেকের মুখে। রুবেল তিন দিন আগে ঢাকার আবাহনীর বিপক্ষে পিছিয়ে পড়া দলকে এক পয়েন্ট এনে দিলেন বদলি হিসেবে মাঠে নেমেই গোল করে। কাল একাদশে সুযোগ পেয়েই রুবেল নিজেকে ছাপিয়ে গেলেন নামের পাশে দুই গোল লিখিয়ে।
ইয়ামিন মুন্নার ক্রসে ফেলিক্সের হেড বাতাসে থাকতেই রুবেল হেড করে প্রথম গোল করেন। ৪১ মিনিটে তাঁর ওই গোলই ঢাকা মোহামেডানের হারের পথটা দেখাতে শুরু করে। ৫২ মিনিটে তাঁর দ্বিতীয় গোল সাদা-কালো দলটির সব প্রতিরোধই দিল গুঁড়িয়ে। এবার বক্সের ওপর থেকে দুর্দান্ত এক শটে বল জালে পাঠালেন রুবেল। চলতি প্রিমিয়ার লিগে এটিকে অনেকেই দিয়ে ফেললেন আগের ২৪ গোলের মধ্যে সেরার স্বীকৃতি।
বঙ্গবন্ধু গোল্ডকাপে অনূর্ধ্ব-২৩ দলের জার্সিতে রুবেলের দৃষ্টিকাড়া গোল আছে। কিন্তু এমন ঝলক দেখিয়েও চট্টগ্রাম আবাহনীর একাদশেই তাঁর সুযোগ মেলে কম। কিন্তু কেন? ম্যাচের পর প্রশ্নটা করলে চট্টগ্রাম আবাহনীর কোচ যোসেফ পাভলিক একটু অবাকই করে দিলেন, ‘আসলে ওকে প্রথম ম্যাচে একাদশে না রাখা আমার একটা ভুল সিদ্ধান্ত। এটা আমি স্বীকার করি।’ পরক্ষণেই প্রশংসায় ভাসান গাইবান্ধার তরুণকে, ‘গত পাঁচ-ছয় মাসে ওর মধ্যে যে উন্নতির ছাপ দেখছি, আমার ক্যারিয়ারে কোনো ফুটবলারকে এত দ্রুত এমন উন্নতি করতে দেখিনি।’
সত্যিই তাই। রুবেল দ্রুত উঠে আসছেন। মোহামেডানের বিপক্ষে ৪-২ গোলে চট্টগ্রাম আবাহনীর এই জয়ে প্রথম ও তৃতীয় গোল তাঁরই। প্রথমার্ধের অন্তিম সময়ে পেনাল্টিতে ২-০ করেন লিওনেল। হাইতিয়ান এই ফরোয়ার্ড ফর্মে আছেন, রক্ষণ ভেঙে বারবারই তিনি ঢুকে পড়ছিলেন মোহামেডানের বক্সে। বদলি হিসেবে নামা জাহিদের পা থেকে ৮৯ মিনিটে আসে চতুর্থ গোল।
চট্টগ্রাম আবাহনীর সামর্থ্য আর বুদ্ধির কাছেই আসলে হারল মোহামেডান। এ নিয়ে তাদের দুঃখ করার কিছু নেই। তবে কোচ জসিমউদ্দিন জোসির দুঃখ আছে, ‘মোহামেডানের হার সব সময় আমাদের বুকে লাগে।’ রক্ষণের অনেক ভুল ছিল, গোলরক্ষক নেহালও পরিস্থিতি সামলাতে পারেননি ঠিকমতো। তবু লড়াই করে দুটি গোল আদায় করেছে মোহামেডান। ৭৬ মিনিটে ৩-১ করেন সবুজ। শেষ বাঁশির ঠিক আগে মালেকের কল্যাণে কমে ব্যবধান (৪-২)।
লিগের এই চট্টগ্রাম পর্বে কালই সবচেয়ে বেশি লোকসমাগম হলো এমএ আজিজ স্টেডিয়ামে। প্রায় ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার অর্ধেকই ভরে যাওয়ায় ফুটবল ফুটবল আমেজটা পাওয়া যাচ্ছিল। দর্শকেরাও উপভোগ করলেন ম্যাচটা। স্থানীয় দল জিতেছে। সেই আনন্দে মামুনুল, রুবেলদের পাঁচ লাখ টাকা বোনাস দিয়েছেন ক্লাবের ফুটবল চেয়ারম্যান তরফদার রুহুল আমিন।