সেই রুবেলই আবাহনীর নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ মুহূর্তে দলকে এনে দিলেন অমূল্য এক গোল। রুবেল মিয়ার এই গোলেই চিরপ্রিতদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়েছে আবাহনী l প্রথম আলো
শেষ মুহূর্তে দলকে এনে দিলেন অমূল্য এক গোল। রুবেল মিয়ার এই গোলেই চিরপ্রিতদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়েছে আবাহনী l প্রথম আলো

রুবেল মিয়াকে নিয়ে তখন গণমাধ্যমকর্মীদের টানাটানি। গ্যালারি থেকেও উঠছে রুবেল নামের জয়ধ্বনি। গাইবান্ধার যুবকের জন্য এমন সোনালি সন্ধ্যা কবেই বা এসেছে! প্রিমিয়ার লিগে এ মৌসুমে কালই প্রথম মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান। গোলের জন্য হাপিত্যেশ করতে করতে ড্রটাই যখন নিয়তি বলে ধরে নিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী, তখনই জ্বলে উঠলেন রুবেল। যোগ হওয়া সময়ে গোল করে আনন্দে ভাসালেন আবাহনীকে। লিগে আবাহনীর এটি দ্বিতীয় জয়, মোহামেডানের টানা তৃতীয় হার।

ম্যাচ শেষে রুবেলের কণ্ঠে উচ্ছ্বাস, ‘জিদ ছিল যেভাবেই হোক আজকের ম্যাচে আমাকে গোল করতেই হবে। আমরা চ্যাম্পিয়ন দল, মোহামেডানের কাছে হারা যাবে না। মোহামেডানের বিপক্ষে প্রথম ম্যাচে নেমেই গোল পেয়েছি। এই আনন্দ বলে বোঝানো যাবে না।’

গত মে মাসে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই এএফসি কাপে রুবেল অবিশ্বাস্য এক গোল করেন বেঙ্গালুরু এফসির বিপক্ষে। সেই রুবেলই নামের প্রতি মোটেও সুবিচার করতে পারছিলেন না লিগে। প্রথম দুটি ম্যাচে গোল পাননি। তবে কাল গোলের পর ফিরে পেলেন আত্মবিশ্বাস, ‘এই বছরে অন্তত আট-দশটা গোল করতে চেয়েছি। কিন্তু প্রথম ম্যাচে সহজ সুযোগ নষ্ট করেছিলাম। আজকের গোলটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ইনশা আল্লাহ, চেষ্টা করব পরের ম্যাচ থেকে নিয়মিত গোল করতে।’

আবাহনী-মোহামেডান ম্যাচ এখন আর আগের মতো উত্তাপ ছড়ায় না! তবুও গ্যালারিতে ঠিকই কাল ভুভুজেলা বাজল। অন্য দিনের চেয়ে দর্শকও এল একটু বেশিই। দুই দলের সমর্থকেরাই গলা ফাটিয়েছেন জয়ের আশায়। কিন্তু কালকের সন্ধ্যাটা ছিল শুধুই আবাহনীর।

ব্যক্তিগত পুরস্কার নিতে গত সপ্তাহে কলকাতায় গেছেন সৈয়দ নইমুদ্দিন। মোহামেডানের কোচের দেখা নেই প্রিমিয়ার লিগের গত ম্যাচ থেকেই। কাল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষেও মাঠে ছিলেন না কোচ। অথচ মোহামেডানের খেলা দেখে মনেই হয়নি কোচ ছাড়া খেলছে!

হারলেও মোহামেডানের নায়ক গোলরক্ষক মামুন খান। আবাহনীকে ৯০ মিনিট পর্যন্ত গোলবঞ্চিত করে রেখেছিলেন তিনিই। সামাদ ইউসুফ আর এমেকার দুর্দান্ত দুটি শট ফিস্ট করে নিশ্চিত দুটি গোল বাঁচিয়েছেন।

আবাহনী গোলের জন্য হাপিত্যেশ করেছে পুরো ম্যাচেই। এমেকাকে তো বোতলবন্দীই করে রাখে মোহামেডানের রক্ষণ। ৭০ মিনিটে এমেকার হেড ক্রসবারে লেগে ফিরলে কোচ দ্রাগো মামিচের অস্থির পায়চারি বেড়ে যায় আরও। ম্যাচের শেষ পাঁচ মিনিটে হয়েছে আক্রমণ আর পাল্টা আক্রমণ। ৯০ মিনিটে তকলিচের ক্রসে পা ছোঁয়াতে পারেননি মোহামেডান স্ট্রাইকার এনকোচা কিংসলে। পরের মিনিটে আবারও ব্যর্থ কিংসলে, এবার বল বাড়িয়েছিলেন অনীক। এরপরই প্রতি-আক্রমণ থেকে ম্যাচের শেষ মিনিটে রুবেলের ওই জয়সূচক গোল। ডান প্রান্ত দিয়ে নাবিব নেওয়াজ জীবনের হেড, রুবেল কোনাকুনি শটে বল জড়ালেন জালে। চট্টগ্রাম আবাহনী ২: ০ বিজেএমসি

ঘামে ভেজা শরীরে বেঞ্চে বসতেই তৌহিদুল আলমকে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন উদোকা এলিসন। পিঠ চাপড়ে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার বললেন, ‘জাস্ট ক্যারি অন...।’ তৌহিদুল তো এমনিতেই ছুটে চলেছেন। প্রিমিয়ার লিগের গত মৌসুমে কোনোরকমে অবনমন এড়ানো মোহামেডানে ছিলেন ভাঙা ঘরে চাঁদের আলো। মোহামেডানের ২০ গোলের মধ্যে সর্বোচ্চ ৮টিই করেছিলেন মহেশখালীর যুবক। স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। এবার চট্টগ্রাম আবাহনীতে নাম লিখিয়েও লিগের তিন ম্যাচে টানা ৩ গোল। কাল বিজেএমসির বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর ২-০ গোলের জয়ে অন্য গোলটি আফিজ ওলাদিপোর। গোল দুটি হয়েছে ৬২ ও ৭২ মিনিটে। লিগে এটি চট্টগ্রাম আবাহনীর টানা তৃতীয় জয়।