সেই রোনালদিনহো এখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদিনহো
রোনালদিনহো

বল পায়ে আগের সেই কারিকুরি আর নেই, গতিও কমে গেছে অনেকটাই। রোনালদিনহোর এখন এমনই অবস্থা, নিজের ভক্তদের দুয়ো পর্যন্ত শুনতে হয়! ফ্লুমিনেন্সের হয়ে পরশু এই অভিজ্ঞতাই হয়েছে ৩৫ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডারের।
২০১১ সালে এসি মিলান ছাড়ার পর কোথাও থিতু হতে পারেননি রোনালদিনহো। ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, অ্যাটলেটিকো মিনেইরো ঘুরে পাড়ি জমিয়েছিলেন মেক্সিকোর কেরেতারোতে। সেখানেও এক মৌসুমের বেশি থাকেননি, আবার ফিরেছেন জন্মভূমিতে। কিন্তু নিজের ছায়াই হয়ে রইলেন। পরশু মারাকানায় পুরোনো ক্লাব মিনেইরোর সঙ্গে ম্যাচে দর্শকের দুয়ো পর্যন্ত শুনতে হলো। এই মৌসুমে নতুন ক্লাবের হয়ে ছয় ম্যাচে কোনো গোল পাননি। শেষ পর্যন্ত পরশু ৬৫ মিনিটে তুলেই নেওয়া হয়েছে সাবেক ফিফা বর্ষসেরাকে।
ফ্লুমিনেন্স কোচ অ্যান্ডারসন মুরেইরা অবশ্য কারণটা খোঁজার চেষ্টা করছেন, ‘কয়েক মাস না খেলার মূল্য তাকে দিতে হচ্ছে। আমরা ওর জন্য ঠিক রাস্তাটা খুঁজছি। কাজটা সহজ নয়, বিশ্ব ফুটবল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সে দারুণ খেলোয়াড়, কিন্তু ফিটনেসের দিক দিয়ে ও অনেক পিছিয়ে আছে।’
আরেকটা ‘বোকামি’ করেছেন রোনালদিনহো, ম্যাচ শেষে পুরোনো সতীর্থদের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। সমর্থকদের ক্ষোভের আগুনে সেটা আরও ঘি-ই ঢেলে দিয়েছে। এএফপি।