সেই লিরার অবসর

গত ১১ জানুয়ারি সন্ধ্যায় জুরিখের ব্যালন ডি’অরের মঞ্চে উঠে ওয়েন্ডেল লিরা নিজে কেঁদেছিলেন, কাঁদিয়েছিলেন অন্যদের। লিওনেল মেসিকে হারিয়ে ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (বছরের সেরা গোল) জিতে নিয়েছিলেন ব্রাজিলের তৃতীয় বিভাগের এই খেলোয়াড়। মাত্র ২৭ বছর বয়সেই সেই লিরা অবসরে চলে গেলেন।
২০১৫ সালের ১১ মার্চ বৃষ্টিভেজা মাঠে অ্যাটলেটিকো গোইয়ানেন্সের বিপক্ষে দুর্দান্ত ‘স্পিনিং বাইসাইকেল কিকে’ গোল করে বিখ্যাত হয়েছিলেন ভিলা নোভার স্ট্রাইকার। সেদিন মাঠে ছিলেন মাত্র ২৯৭ জন দর্শক। তবু সে গোলটি সবার কাছে ছড়িয়ে গেল মাঠে থাকা এক দর্শকের করা ভিডিও থেকে। ইউটিউবে ছড়িয়ে পড়া সেই ভিডিওর সৌজন্যেই জুরিখে পা রেখেছিলেন, বিশ্বসেরা তারকাদের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়েছিলেন। ইউটিউবের শক্তি বুঝতে পেরেছেন বলেই হয়তো ফুটবল ছেড়ে এখন এই ভিডিও গেম খেলাটাকেই জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন লিরা।
জুরিখেই প্রমাণ দিয়েছিলেন, ভিডিও গেম ফিফাও দারুণ খেলেন তিনি। ফিফার বিশ্ব চ্যাম্পিয়ন আবদুল আজিজ আলশেহরিকে হারিয়েছিলেন ৬-১ গোলে। এ প্রতিভাকেই এখন পুঁজি করবেন লিরা। ইউটিউবে ব্যক্তিগত এক চ্যানেলে শেখাবেন কীভাবে ফিফায় ভালো খেলা যায়। গত বৃহস্পতিবার মাঠের ফুটবলকে বিদায় বলে দেওয়া লিরা একদিন ফিফার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও দেখেন। সূত্র: ফক্সস্পোর্টস।