সেই শরণার্থীর কোচ হওয়ার আবেগময় গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে হাসি ফুটেছে মোহসেন এবং যায়িদের মুখে। ছবি: রয়টার্স
অবশেষে হাসি ফুটেছে মোহসেন এবং যায়িদের মুখে। ছবি: রয়টার্স

সিরিয়ান শরণার্থীদের নিয়ে ইউরোপে তুলকালাম হচ্ছে। সমুদ্র তীরে ছোট্ট আয়লানের মৃতদেহ নাড়া দিয়েছে সবাইকে। মানবিকতার ডাকে সাড়া দিয়ে বেশ কিছু দেশ ইতিমধ্যে শরণার্থীদের নিজেদের ভূখণ্ডে স্থান দিচ্ছে। কিন্তু এরই মাঝে বর্ণবাদী কাণ্ড ঘটিয়ে ফেললেন হাঙ্গেরিয়ান এক নারী ক্যামেরা-কর্মী। ছেলেকে কোলে নিয়ে সীমানা পেরোচ্ছিলেন এক শরণার্থী। পেত্রা লাসলো নামের ওই সাংবাদিক ল্যাং মেরে বসলে ছেলেকে নিয়ে উলটে পড়ে যান সেই সিরিয়ান শরণার্থী। ভিডিওতে ঘটনাটি প্রকাশ পেলে আলোচনার ঝড় উঠে সাড়া বিশ্বে।
এবার সেই মোহসেনকে শুধু নিজের​ শহরে আশ্রয় নয়; মাথা উঁচু করে বাঁচার পথ করে দিল স্পেনের শহর গেটাফের মেয়র। গেটাফের কোচিংয়ের জন্য বিখ্যাত সিনাফ (সিইএনএএফই) স্কুল এই কোচকে আবাসন ও চাকরির ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে গেটাফের মেয়র সারা হার্নান্দেজ জানান, ‘এটা দুঃখজনক যে, ওরকম একটি ঘটনায় তাঁরা পরিচিতি পেয়েছে। ওই সাংবাদিকের জাতি-বিদ্বেষী পরিচয়ের প্রকাশ ঘটেছে এই ঘটনায়। তবে গেটাফেতে তাঁরা সঠিক পরিচর্যাই পাবেন।’
ওসামা আবদুল মোহসেন সিরিয়ান প্রিমিয়ার লিগে আল ফতুওয়া এসসির কোচ ছিলেন। চার সন্তানের জনক মোহসেন পরিবার নিয়ে ভালোই ছিলেন সেখানে। কিন্তু নিজভূমে যুদ্ধের দামামা বেজে উঠলে তুরস্কে আশ্রয় নেন। সেখানেও টিকতে না পেরে ছোট সন্তানকে নিয়ে ইউরোপের দিকে পাড়ি জমান। পরিবারের অন্য সবাইকে ফেলে এসেছেন সেখানেই। আয়লানের পরিবারের মতোই ডিঙি নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়ে এসেছেন ইউরোপে।
কিন্তু ইউরোপেও উষ্ণ অভ্যর্থনা পাননি। সীমানা বন্ধ করে দেওয়া হয় তাঁদের চোখের সামনে। দিশেহারা হয়ে শরণার্থীরা সবাই সীমানা পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলে তাঁদের দলে যোগ দেন তিনিও। এক সীমান্তরক্ষীর ধাক্কায় সাত বছরের ছেলে যায়িদ আহত হলে ছেলেকে কোলে নিয়েই দৌড়াচ্ছিলেন মোহসেন। সীমান্তরক্ষীদের হাত থেকে ছুটিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ৫২ বছর বয়স্ক মোহসেন, ঠিক এ সময় পা বাড়িয়ে তাঁকে ফেলে দেন লাসলো।
কোলের শিশুকে নিয়েই হুমড়ি খেয়ে পড়েন মোহসেন। থুতনিতে ব্যথা পান তিনি, ছেলে যায়িদ পায়ে এবং থুতনিতে আঘাত পায়। পরে এই ঘটনার জের ধরে যায়িদ বমিও করে বেশ কয়েকবার। এই ঘটনা প্রকাশ পেলে সবার টনক নড়ে। বিশেষ করে যখন জানা যায়, মোহসেন সিরিয়ান প্রিমিয়ার লিগের কোচ ছিলেন, তখন ফুটবল বিশ্বে এ ব্যাপারে আলোচনা শুরু হয়।
এ কারণে ইউরোপে শুধু তাঁকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা নয়, যোগ্যতা অনুযায়ী একটি জীবিকার ব্যবস্থাও করে দিল গেটাফে। যেন তিনি মাথা উঁচু করে সসম্মানে বাঁচতে পারেন। আশ্রিতের অপমান গায়ে না লাগে। গেটাফের মেয়র হার্নান্দেজ বললেন, ‘আমরা গেটাফের (লা লিগার ফুটবল দল) সঙ্গে এ ব্যাপারে কাজ করব। যেন ওসামা আবদুল মোহসেন নতুন করে ট্রেনিং নিতে পারেন। তাঁর ছেলে যায়িদ যেন দলের হয়ে খেলতে পারে সেই চেষ্টাও করা হবে। কে জানে ভবিষ্যতে অন্য কোনো দলেও এ রকম কিছু ঘটতে পারে।’
পূর্ণাঙ্গভাবে কোনো দলের কোচিংয়ের দায়িত্ব পেতে হলে মোহসেনকে স্প্যানিশ ভাষা শিখতে হবে। তার আগে মোহসেনকে শরণার্থী হিসেবে নিবন্ধনের সব দায়িত্ব গেটাফে শহর এবং সিনাফই নিয়ে নিয়েছে। তাঁর পরিবারের সদস্যদের স্পেনে আনানোর প্রক্রিয়াও শুরু হচ্ছে। নিজের জীবনের সবচেয়ে বীভৎস ঘটনার দশ দিনের মাথায় তাই পালাবদলের স্বপ্ন দেখতে পাড়ছেন মোহসেন।