সেই সনি নর্দেতে ডুবল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ১১ মিনিটে ছয়টি কর্নার! ২০ মিনিটে সাতটি। ২১ মিনিটে গোল, সেটি অবশ্য কর্নার থেকে নয়। কী দাপট, না? এমন দাপট নিয়েই শুরু করেছিল ঢাকা আবাহনী। তবে গোল পাওয়াটাই যেন কাল হলো। গোল করার পর আক্রমণের ধার কমে গেল দ্রাগো মামিচের দলের। সেটিরই মূল্য দিতে হলো ম্যাচ হেরে। আজ এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে শেষ পর্যন্ত কলকাতা মোহনবাগানের মাঠে ৩-১ গোলে হেরেছে আবাহনী। আবাহনীকে ডুবিয়েছেন কে? কয়েক বছর আগেই ঢাকার মাঠ মাতিয়ে যাওয়া সনি নর্দে। দলের প্রথম গোলটি করিয়েছেন, তৃতীয়টি নিজেই করেছেন হাইতিয়ান ফরোয়ার্ড।

একদিকে ঢাকার দল, অন্যদিকে কলকাতার - দুই বাংলার লড়াই হিসেবেই দেখা হচ্ছিল ম্যাচটিকে। তাতে অবশ্য মাঠে নামার আগেই একটু দুর্বল হয়ে পড়েছিল আবাহনী, বিশেষ করে রক্ষণে। পাসপোর্ট জটিলতায় ছিলেন না পরীক্ষিত ঘানাইয়ান সেন্টার-ব্যাক সামাদ ইউসুফ। ওয়ালী পুরো ফিট ছিলেন না। রায়হান দলে নতুন এসেছেন। সেন্টার-ব্যাকে নাসিরউদ্দিন, ইয়াছিনরাও নতুন। এই রক্ষণ ঢাকায় এএফসি কাপের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়াকে দুই গোল উপহার দিয়েছে।
তবে আজ শুরুটা ভালোই করেছে আবাহনী। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করে গেছে। ২১ মিনিটেই ওয়েলশ ফরোয়ার্ড জোনাথন ডেভিডের গোলে এগিয়েও যায়। ডান প্রান্ত থেকে নাবিব নেওয়াজ জীবনের কাট ব্যাক ধরে বল জালে জড়িয়ে দেন জোনাথান। গোলটা করেই অবশ্য যেন ঝিমিয়ে পড়ে আবাহনী। অথবা, এভাবেও দেখা যায়, গোল খেয়ে গা ঝাড়া দিয়ে ওঠে মোহনবাগান। সেটির ফল তারা পেল প্রথমার্ধের যোগ করা সময়ে। সনি নর্দের পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান জেজে লালপেখলুয়া।
বিরতি থেকে ফিরেই আবারও ধাক্কা! জাপানের ইউসা কাৎসুমির পাস ধরে ৪৮ মিনিটে গোল করেন বলবন্ত সিং। তা-ও যা ফিরে আসার সম্ভাবনা ছিল আবাহনীর, ৮৭ মিনিটে সেটি শেষ করে দেন সনি নর্দে। বলবন্তের কাছ থেকে বল পেয়ে বক্সে তিন ডিফেন্ডারের ফাঁক গলে গোল করেন এক সময় শেখ জামাল ও শেখ রাসেলে খেলা হাইতিয়ান।
এএফসি কাপে টানা দুই ম্যাচেই হারল আবাহনী। প্রথম ম্যাচে ঢাকায় মাজিয়ার কাছে ২-০ গোলে হারের পর এবার ৩-১ গোলে হার। গ্রুপপর্ব থেকে সামনে যাওয়াই কঠিন হবে দ্রাগো মামিচের দলের জন্য।