সেই সেইন্টফিটই নতুন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কোচ টম সেইন্টফিটকে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কাল বাফুফে ভবনের সামনের অ্যাস্ট্রো টার্ফে l প্রথম আলো
নতুন কোচ টম সেইন্টফিটকে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কাল বাফুফে ভবনের সামনের অ্যাস্ট্রো টার্ফে l প্রথম আলো

দুপুরে সাদা রঙের একটা গাড়িতে চড়ে ফুটবল ভবনে এলেন টম সেইন্টফিট। এসেই সোজা দোতলায় উঠে গেলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করতে। বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ নিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় এসেছেন এই বেলজিয়ান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসে এরই মধ্যে ফেডারেশন কাপের দুটি ম্যাচও দেখেছেন। কাল সালাউদ্দিনের সঙ্গে ঘণ্টা খানেকের বৈঠক শেষে হাসিমুখেই বের হলেন সেইটন্টফিট। ডি ক্রুইফ-অধ্যায় শেষে ৪৩ বছর বয়সী এই ভদ্রলোকই তাহলে হচ্ছেন বাংলাদেশের নতুন ফুটবল কোচ। যদিও কোচের নিয়োগ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো ঘোষণা কাল দিতে চাইলেন না সালাউদ্দিন ‘যদি সবকিছু ঠিক থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে তিনি কাজ শুরু করবেন।’
সালাউদ্দিন আপাতত এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফের ভুটানের সঙ্গে দুটি ম্যাচের দায়িত্ব দিতে চান সেইন্টফিটকে, ‘এখনই তাঁর সঙ্গে দীর্ঘ মেয়াদে কোনো চুক্তিতে যাব না। কোচ চান দীর্ঘমেয়াদি চুক্তি। কিন্তু আমার প্রথম লক্ষ্য ভুটান ম্যাচ। আমার সঙ্গে তাঁর কথা হয়েছে, যদি আমরা বাছাইপর্ব পার হই, তবেই দীর্ঘ মেয়াদে যাব। তা না হলে কেন আমি কোটি কোটি টাকা দিয়ে কোচ রাখব?’
আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় এবং ১১ অক্টোবর ভুটানে হবে প্লে-অফের ওই ম্যাচ দুটি। এই ম্যাচ সামনে রেখেই খণ্ডকালীন দায়িত্ব দিতে চান সালাউদ্দিন। যদিও কোচের প্রোফাইল দেখে বেশ সন্তুষ্ট তিনি, ‘এই কোচের প্রোফাইল খুব ভালো। এখন পর্যন্ত এত হাইপ্রোফাইলের কোচ আমার কাছে আসেনি।’ ছয়টি জাতীয় দলের সঙ্গে কাজ করা সেইন্টফিট সর্বশেষ ছিলেন টোগোর দায়িত্বে।
কাল দুপুরে বৈঠকের এক ফাঁকে সেইন্টফিটকে নিয়ে কাজী সালাউদ্দিন বাফুফের অ্যাস্ট্রো টার্ফে যান। সেখানে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলনরত মেয়েদের খেলা দেখেন খানিকটা সময়। মহিলা ফুটবলের ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এই মেয়েদের সাফল্যের গল্প শোনান সেইন্টফিটকে। টানা দুবার এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী মেয়েদের খেলা দেখে প্রশংসাও করেন তিনি।
মেয়েদের অনুশীলন দেখেছেন আগ্রহভরে, তবে সেইন্টফিটের ভাবনা জাতীয় দল নিয়েই, ‘জাতীয় দল নিয়ে কাজ করার ইচ্ছা আছে বলেই ঢাকায় এসেছি। তবে কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে কথা বলতে চাই।’
ফেডারেশন কাপের যে দুটি ম্যাচ দেখেছেন তাতে বেশ আশাবাদী সেইন্টফিট, ‘এই ম্যাচগুলোয় কিছু মেধাবী খেলোয়াড় আমার চোখে পড়েছে। এখানে আরও দুটি বড় দল চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমন্ডির খেলা এখনো দেখিনি। যাদের দেখেছি তাদের দেখেই মনে হয়েছে ভুটানকে হারানোর মতো সম্ভাবনাময় ফুটবলার এই দেশে আছে।’
বাফুফের খণ্ডকালীন চুক্তির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বললেন, ‘আমি জানি ফেডারেশন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। তারা দুই বছরের জন্য চুক্তি করতে পারবে না, কারণ ভুটানের কাছে হারলে আর কোনো ম্যাচ খেলার নিশ্চয়তা থাকবে না বাংলাদেশের। তারাও পেশাদার এবং আমারও এ নিয়ে কোনো সমস্যা নেই। আমি মনে করি, আমার কোনো সমস্যা হবে না।’
তবে শুধু একা নন, পুরো কোচিং স্টাফ নিয়েই বাংলাদেশে কাজ করতে চান সেইন্টফিট।