সেই সোয়ানসি সেই ইউনাইটেড
আগের দিন ঘরের মাঠে শততম প্রিমিয়ার লিগের ম্যাচটা উদ্যাপন করতে পারেননি হোসে মরিনহো। চেলসি যে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। কাল ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে নিজের ৫০তম ম্যাচটা উদ্যাপন করতে পারলেন না লুই ফন গালও। ম্যানচেস্টার ইউনাইটেডও যে ২-১ গোলে হেরে গেছে সোয়ানসি সিটির কাছে।
সোয়ানসির কাছে হারাটাকে অবশ্য অভ্যাসই বানিয়ে ফেলেছে ফন গালের ইউনাইটেড। গত মৌসুমে এই সোয়ানসির বিপক্ষে ম্যাচ দিয়েই ইউনাইটেডের ম্যানেজার হিসেবে অভিষেক ফন গালের। ঘরের মাঠের ম্যাচটা ২-১ গোলে হেরেছিল ইউনাইটেড। ফিরতি ম্যাচে লিবার্টি স্টেডিয়ামেও একই ব্যবধানে হার। এরপর গতকালের হার, সোয়ানসির কাছে হারের হ্যাটট্রিকই করে ফেলল ইউনাইটেড। লিগে রেড ডেভিলদের বিপক্ষে মাত্র ষষ্ঠ ক্লাব হিসেবে টানা তিন ম্যাচ জিতল ওয়েলসের ক্লাবটি।
কাল লিবার্টি স্টেডিয়ামে প্রথম গোলটা দিয়েছে ইউনাইটেডই। ৪৮ মিনিটে লুক শর ক্রস থেকে হুয়ান মাতার গোল। ১৩ মিনিট পর সমতায় ফেরে সোয়ানসি। প্রতি-আক্রমণ থেকে হেডে গোলটি করেন আবেদি পেলে-তনয় আন্দ্রে আইয়ু। পাঁচ মিনিট পর আন্দ্রে আইয়ুর দারুণ এক পাস থেকে গোল করেন বাফেতিম্বি গোমিজ। প্রথম তিন ম্যাচে কোনো গোল না খাওয়া ইউনাইটেডের পয়েন্ট চার ম্যাচে ৭, সোয়ানসির পয়েন্ট ৮।
এদিকে কাল সিরি ‘আ’তে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে এএস রোমা। এএফপি, বিবিসি।