সেই স্মৃতি জাগিয়ে অস্ট্রিয়া-হাঙ্গেরি
ভৌগোলিকভাবে দুটি দেশ প্রতিবেশী। সে কারণে ফুটবলে খুব চেনা প্রতিপক্ষও। তবে অস্ট্রিয়া আর হাঙ্গেরির মিল এখানেই শেষ হয়ে যাচ্ছে না। দুটি দলই এখন তাদের সোনালি অতীতের ছায়া। কিংবা হয়তো ছায়াও নয়, সোনালি দিনগুলো তাদের কাছে শুধুই স্মৃতি! গৌরবময় অতীতকে পেছনে ফেলে আসা দুই প্রতিবেশী আজ মুখোমুখি ইউরোর ‘এফ’ গ্রুপের ম্যাচে।
এই অস্ট্রিয়াকে দেখে কে বলবে, ফুটবল ইতিহাসের প্রথম ‘ওয়ান্ডার টিম’ ছিল তাদের। গত শতাব্দীর ত্রিশের দশকে কোচ হুগো মেইসলের অধীনে মুগ্ধতা জাগানো এক দল হয়ে উঠেছিল তারা। ১৯৩১ থেকে ১৯৩২—এক বছরে টানা ১৪ ম্যাচে অপরাজিত থেকে হয়ে উঠেছিল বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তি। কিন্তু দুর্ভাগ্য, হট ফেবারিট হয়েও ১৯৩৪ বিশ্বকাপটা জিততে পারেনি অস্ট্রিয়া। বিদায় নিয়েছিল ওই বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইতালির কাছে সেমিফাইনালটা বিতর্কিতভাবে হেরে।
অস্ট্রিয়ার সোনালি এই অতীতটা অনেকের অজানা থাকতে পারে। তবে হাঙ্গেরির গল্পটা অনেক বেশি জানা। পঞ্চাশের দশকের হাঙ্গেরিকে এখনো ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা দল বলে মানেন সবাই। টানা চার বছর অপরাজিত থেকে ১৯৫৪ সালে ফিফা ইতিহাসের সর্বোচ্চ রেটিং নিয়ে শীর্ষে উঠেছিল ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’। ৪২ জয় আর ৭টি ড্রয়ের পর যাদের একমাত্র পরাজয়টি ১৯৫৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে! ওই জার্মানিকেই কিন্তু গ্রুপ পর্বে ৮-৩ গোলে উড়িয়ে দিয়েছিল হাঙ্গেরি।
সেই অস্ট্রিয়া ১৯৯৮ সালের পর আর বিশ্বকাপে সুযোগ পায়নি। এবারের আগে ইউরোতেও একবারই খেলেছে, সেটিও ২০০৮ সালে স্বাগতিক হিসেবে। সেই হাঙ্গেরিও ১৯৮৬ বিশ্বকাপের পর এই প্রথম ফুটবলের কোনো বড় টুর্নামেন্টে। বোর্দোতে আজ যেন ঐতিহ্য ধারণ করে রাখা দুই ‘পুরাকীর্তি’ই মুখোমুখি!
তবে বড় আসরে অনুপস্থিত থাকলেও দুটি দলই প্রীতি ম্যাচে বেশ নিয়মিত খেলেছে একে অন্যের সঙ্গে। আর সেই মুখোমুখি লড়াইয়ে হাঙ্গেরির পাল্লাটাই ভারী। ১৩৭ বারের দেখায় ৬০ জয় হাঙ্গেরির, ৪০টি ম্যাচ জিতেছে অস্ট্রিয়া, ড্র হয়েছে বাকি ৩৭ ম্যাচ। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে আবার অস্ট্রিয়া এগিয়ে। বাছাইপর্বে ‘জি’ গ্রুপ থেকে অপরাজিত (৯ জয়, ১ ড্র) চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে এসেছে মার্সেল কোলারের দল। হাঙ্গেরিকে ফ্রান্সের টিকিট পেতে হয়েছে প্লে-অফ খেলে।
আজ বোর্দোয় দুই দলের লড়াইটা জমতেই পারে!