সেই স্মৃতি ফিরে আসছেই

এটা হতে পারত অন্য যেকোনো ম্যাচের মতোই। হতে দিচ্ছে না বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনাল। হতে দিচ্ছে না ওই ম্যাচের দুই চরিত্র এখানেও আছেন বলে—নেইমার ও হুয়ান ক্যামিলো জুনিগা। বিশ্বকাপের সেই ম্যাচেই কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগার জঘন্য এক ফাউলে শিরদাঁড়ার হাড় ভেঙে গিয়েছিল ব্রাজিল ফরোয়ার্ড নেইমারের। ম্যাচ হেরেছিল কলম্বিয়া, কিন্তু জুনিগা শেষ করে দিয়েছিলেন নেইমারের বিশ্বকাপ! পরোক্ষভাবে ব্রাজিলেরও কি নয়! নেইমারহীন ব্রাজিল লজ্জার সমুদ্রে ডুবেছিল সেমিফাইনালে জার্মানির কাছে সাত গোল খেয়ে।
ওই ম্যাচের মাস দুয়েক পরেই আবারও মুখোমুখি হয়েছিল ব্রাজিল-কলম্বিয়া। দুঃখ প্রকাশ করে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন জুনিগা, রাগ-ক্ষোভ ভুলে তাঁর সঙ্গে হাত মিলিয়েছিলেন নেইমারও। ব্রাজিল জিতেছিল আবারও। কিন্তু জুনিগার প্রতি সাধারণ ব্রাজিলিয়ানদের যে ক্ষোভটা ছিল, সেটা কি গেছে পুরোপুরি? আরও একবার কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে বিশ্বকাপের কোনো না কোনোভাবে যখন বিশ্বকাপের ওই ম্যাচের প্রসঙ্গ চলে আসছে, বোঝাই যায় ক্ষতে পুরো প্রলেপ পড়েনি এখনো।
আবার উল্টো পিঠে অন্য একটা ছবিও আছে। ব্রাজিলের কাছে ওই ম্যাচে হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল কলম্বিয়া। দুই মাস পরের প্রীতি ম্যাচটায় আবারও হার কলম্বিয়ার যন্ত্রণা আরও বাড়িয়েছে। কোপায় কাল যখন আরও একবার ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া, প্রতিশোধটাই কি তাদের বড় চাওয়া হবে না? ভেতরের চাওয়াটা যা-ই হোক, বাইরে সেটা প্রকাশ করে বাড়তি চাপ নিচ্ছেন না বিশ্বকাপে তারকা বনে যাওয়া কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ, ‘না, এটা প্রতিশোধের ম্যাচ নয়। এটা আরও একটা ম্যাচ এবং আমার মনে হয় ভালো ম্যাচই হবে।’
ভালো ম্যাচের জন্য অবশ্য দুই দলকেই নিজেদের প্রথম ম্যাচের চেয়ে অনেক ভালো খেলতে হবে। কলম্বিয়া তো ভেনেজুয়েলার কাছে প্রথম ম্যাচে হেরেই গেছে। ব্রাজিল শুরুটা করেছে পেরুর সঙ্গে ২-১ গোলের জয় দিয়ে, কিন্তু সেখানে দল ব্রাজিলকে খুঁজে পাওয়া যায়নি। গোল করে এবং করিয়ে নেইমার ৩টি পয়েন্ট এনে দিয়েছেন ব্রাজিলকে। এ রকম ‘ওয়ান ম্যান শো’ দিয়ে কলম্বিয়ার বিপক্ষে জেতা কঠিন হবে, সেই হুমকিও দিয়ে রাখলেন রদ্রিগেজ, ‘নেইমার দুর্দান্ত খেলছে। কিন্তু কলম্বিয়াকে হারাতে হলে ওদের সবাইকে ভালো খেলতে হবে।’
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে খুঁজে পাওয়া যায়নি বিশ্বকাপের কলম্বিয়াকে। তবে ব্রাজিলের বিপক্ষে অন্য রকম হবে বলেই মনে করেন রদ্রিগেজ, ‘আমার মনে হয়, রাজিলের বিপক্ষে ম্যাচটা আরও উন্মুক্ত হবে। আমরা খেলার জন্য আরও বেশি জায়গা পাব। ব্রাজিল অনেক আক্রমণ করে খেলে আর এতে করে প্রতিপক্ষেরও আক্রমণের সুযোগ তৈরি হয়। ওরা নিজেরা যেমন খেলে, প্রতিপক্ষকেও খেলতে দেয়।’
পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে। ২৭ ম্যাচের ১৭ বারই ব্রাজিল জিতেছে, কলম্বিয়া জিতেছে ২ বার। ড্র হয়েছে ৮টি ম্যাচ। ব্রাজিলের বিপক্ষে কলম্বিয়া সর্বশেষ জিতেছিল ১৯৯১ সালে কোপা আমেরিকারই গ্রুপ পর্বে। কী আশ্চর্য, হামেস রদ্রিগেজের জন্মও ওই বছরই! রয়টার্স, এএফপি।
ব্রাজিল-কলম্বিয়া
ম্যাচ ব্রাজিল কলম্বিয়া ড্র
মোট ২৭ ১৭ ২ ৮
কোপায় ১০ ৮ ১ ১