সেক্সওয়েলকে নিয়ে সন্দিহান আফ্রিকাই!
জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, তিনি সভাপতি নির্বাচিত হলে বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ৪০ করবেন। ফিফা প্রশাসনে সংস্কার প্রস্তাব দিয়েছেন জর্ডানের প্রিন্স আলী। বাহরাইনের শেখ সালমান চান স্যার অ্যালেক্স ফার্গুসনকে ফিফা প্রশাসনে নিয়ে আসতে। মোটকথা, ফিফা সভাপতি পদে প্রায় সব প্রার্থী প্রচারণা চালাচ্ছেন যে যাঁর মতো করে। কিন্তু দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়েল কী করছেন?
নির্বাচনের মাঠে আফ্রিকান ধনকুবের ও ফিফার সাবেক বর্ণবাদবিরোধী কমিটির সদস্য সেক্সওয়েলের কোনো কর্মকাণ্ডই নাকি চোখে পড়ছে না খোদ দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনের (এসএএফএ) চোখে। তারা সন্দিহান, সভাপতি পদে সেক্সওয়েল আসলেই প্রতিদ্বন্দ্বিতা করেত চান, নাকি নির্বাচনে দাঁড়ানোটা স্রেফ লোক দেখানো! এই সন্দেহ দূর করতেই আগামী ৫ ফেব্রুয়ারি কিগালি হতে যাওয়া কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের এক সভায় ডাকা হয়েছে সেক্সওয়েলকে। এসএএফএর প্রধান নির্বাহী ডেনিস মুম্বেল বলেছেন, ‘আমরা তাঁকে সমর্থন করতে চাই। তবে তার আগে আমাদের জানতে হবে, সামনে এগিয়ে যাওয়ার জন্য তাঁর পরিকল্পনা কী।’
সেক্সওয়েলের মুখপাত্র অবশ্য জানিয়েছেন, আগে থেকেই নির্ধারিত একটা সফরে সেক্সওয়েল এখন দেশের বাইরে আছেন। ওই সভায় তাই তিনি যোগ দিতে পারছেন না। তবে ফিরেই এসএএফএর কর্তাদের সঙ্গে কথা বলবেন।
শেষ পর্যন্ত সেক্সওয়েল আফ্রিকান কনফেডারেশনের সমর্থন পান কি না, সেটি সময়ই বলে দেবে। তবে আরেক সভাপতি প্রার্থী ইনফান্তিনো কিন্তু এরই মধ্যে তাঁর মহাদেশ ইউরোপের সমর্থন আদায় করে নিয়েছেন। কয়েক দিন আগে উয়েফা আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, সর্বসম্মতিক্রমে ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। সুইস এই ফুটবল প্রশাসকের জন্য আরও সুখবর, মধ্য আমেরিকান ফুটবল ইউনিয়নও (ইউএনসিএএফ) পরশু বলেছে, তারাও ইনফান্তিনোকেই সমর্থন দেবে ফিফা সভাপতি নির্বাচনে।
কোস্টারিকা, এল সালভাদর, হন্ডুরাস, পানামা, গুয়াতেমালা, বেলিজ ও নিকারাগুয়া—এই সাতটি দেশের ফুটবল ফেডারেশন নিয়ে গঠিত ইউএনসিএএফ। এএফপি।