সেদিন কেঁদেছিলেন নাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেইলর নাভাস
কেইলর নাভাস

সব ঠিক হয়ে গিয়েছিল। ডেভিড ডি গিয়া ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে আসবেন। ওই একই চুক্তির অংশ হিসেবে উল্টো দিকে যাবেন কেইলর নাভাস। বিমানবন্দরে চলেও গিয়েছিলেন, শুধু শেষ মুহূর্তের নাটকীয়ভাবে চুক্তি ভেস্তে যাওয়ায় আর ম্যানচেস্টার যেতে হয়নি কোস্টারিকান গোলরক্ষককে। বিমানবন্দর থেকে ফিরে আসেন ক্লাবে। ওই মুহূর্তটিতে নাভাসের মনে কী চলছিল? রিয়াল গোলরক্ষক এতই খুশি হয়েছিলেন যে আনন্দের আতিশয্যে কেঁদেই ফেলেছিলেন সেদিন।
স্প্যানিশ রেডিও ক্যাদেনা কোপেকে নাভাস বলেছেন, ‘যখন জানলাম আমি থাকছি, কেঁদেই ফেলেছিলাম। অনুভূতিগুলো যেন জমাট বাঁধছিল। আমি যেতে চাইনি, মাদ্রিদই আমার বাড়ি।’
রিয়াল-ইউনাইটেডের দলবদল নাটকের পুরোটাই চলছিল ডি গিয়াকে ঘিরে। নাভাস যেন ছিলেন পার্শ্বচরিত্র। তিনি কী চান, সেটা নিয়ে যেন কারও ভাবারই সময় নেই! দলবদলের শেষ দিনে সবকিছু তাই সৃষ্টিকর্তার হাতেই ছেড়ে দিয়েছিলেন ২৮ বছর বয়সী এই গোলরক্ষক, ‘আমার এজেন্ট আমাকে ফোনের কাছে থাকতে বলেছিল। বারাহাস বিমানবন্দরেও যেতে হয়েছিল আমাদের। তবে বিমানে উঠিনি, ওয়েটিং রুমে বসে ছিলাম। ভাবছিলাম, যদি ঈশ্বর চান আমি রিয়াল ছাড়ি, সেটা ভালোর জন্যই হবে। তিনি সেটা চাননি। এ জন্যই আমি এখনো এখানে।’
থেকে যাওয়ায় অবশ্য লাভটা রিয়ালেরই হলো। এ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে নিজের জালটাকে অক্ষত রেখেছেন নাভাস। ভেঙে দিয়েছেন মিগুয়েল আনহেল লোপেসের ১৯৭৫-৭৬ মৌসুমের শুরুতে চার ম্যাচে গোল না খাওয়ার রেকর্ডটাও। গোলডটকম।