সেন্টফিট আছেন, সেন্টফিট থাকবেন?

কাজী নাবিল আহমেদ বললেন, ‘এটি হবে পেশাদার একটা চুক্তি।’ বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির প্রধানের মুখে কথাটা শুনতে ভালোই লাগে। কোচের সঙ্গে বাফুফের পেশাদার চুক্তিই হওয়া উচিত। কিন্তু অনেক ঢাকঢোল পিটিয়ে লোডভিক ডি ক্রুইফের সঙ্গে পেশাদার চুক্তি করা হলেও কয়েক মাস পর তা অপেশাদারির বড় এক বিজ্ঞাপন হয়ে ওঠে। এবার তাই টম সেন্টফিটের সঙ্গে চুক্তিটা দেখেশুনে করতে চায় বাফুফে।
সেই চুক্তির পথ পরিষ্কারই হয়ে গেছে পরশু নাইজেরিয়ার সিদ্ধান্তে। দেশটির জাতীয় দলের জন্য তিনজন কোচের তালিকায় ছিলেন সেন্টফিট, কিন্তু নাইজেরিয়া শেষ পর্যন্ত বেছে নেয় ফরাসি কোচ পল লেগুনকে। যাঁর মাসিক বেতন ৫০ হাজার ডলার। টম সেন্টফিটকে নিয়ে তাই আর কোনো অনিশ্চয়তা নেই। তাঁর সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করার সুযোগও তৈরি হয়েছে বাফুফের সামনে।
সেটা জানাতেই সাংবাদিকদের সঙ্গে কথা বললেন কাজী নাবিল আহমেদ, ‘অবশ্যই ভুটানকে টপকে এশিয়া কাপের বাছাইয়ে ঢুকতে পারলে আমরা সেন্টফিটকে লম্বা সময়ের জন্য চাইব। তেমন কথা বলা আছে তিন মাসের চুক্তির খসড়ায়ও।’
এই তিন মাসের চুক্তিটি স্বাক্ষর হতে পারে আগামী মঙ্গল বা বুধবার। আইনজীবীর পরামর্শ নিয়ে চুক্তির খুঁটিনাটি দেখে সবুজ সংকেত দিয়েছেন সেন্টফিট। দুপুরে বাফুফে সভাপতির কক্ষে বসে ভুটান ম্যাচের প্রস্তুতির পথরেখাও ঠিক করে ফেলেছেন। ঠিক হয়েছে, ২১-২২ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ৬ সেপ্টেম্বর ঢাকায় ভুটানের সঙ্গে প্রথম প্লে-অফের আগে ১ সেপ্টেম্বর মালদ্বীপে গিয়ে সে দেশের জাতীয় দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলাও চূড়ান্ত।
এই উদ্যোগের প্রশংসা করে সেন্টফিট বললেন, ম্যাচটি ঢাকায় হলে বেশি ভালো হতো। তবে বলতে ভোলেননি এটা দলের প্রস্তুতির জন্য দারুণ হবে। বাফুফেরও একই মত। দেখা যাচ্ছে, বাফুফে বেশ তৎপর জাতীয় দল নিয়ে। ভাবনার বিষয়, জাতীয় দলের স্বার্থ দেখতে গিয়ে আগস্ট-সেপ্টেম্বরে ১৫ থেকে ২০ দিনের জন্য প্রিমিয়ার লিগ বন্ধ থাকবে। কাজী সালাউদ্দিন সেটাই বললেন, ‘জাতীয় স্বার্থেই ২১ আগস্ট থেকে আমরা লিগ বন্ধ রাখব।’
যাঁকে সামনে রেখে এত আয়োজন, সেই সেন্টফিট চট্টগ্রামে যাবেন লিগের খেলা দেখতে। সেখানে কয়েক দিন খেলা দেখে দেশে সপ্তাহ খানেক কাটিয়ে আসবেন। মনে হচ্ছে, ডি ক্রুইফের মতো লম্বা সময়ের জন্য তাঁকে বসিয়ে রাখবে না বাফুফে। বাংলাদেশকে নিয়ে ৪৩ বছর বয়সী কোচও নিজেও বেশ আগ্রহী, ‘আমি ভুটান ম্যাচের জন্য চূড়ান্ত ক্যাম্পটা করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। নাইজেরিয়া তাদের কোচ নিয়োগ দেওয়ায় আমি এখন মানসিকভাবেও মুক্ত। এখন শুধু বাংলাদেশ নিয়ে ভাবছি এবং লম্বা সময়ের জন্যও আমরা চুক্তি করতে পারি।’
গত কয়েক দিন বাংলাদেশে কাটিয়ে তাঁর নাকি অনেক ভালো লেগেছে। বাংলাদেশের ফুটবল নিয়েও এই বেলজিয়ান বেশ ইতিবাচক।