সেন্টফিটকে নিয়ে নাটক

টম সেন্টফিটকে নিয়ে বেশ বিপাকেই পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বেলজিয়ান এই কোচ এখন বাংলাদেশ জাতীয় দল নিয়ে কাজ করছেন স্বল্পমেয়াদি অনানুষ্ঠানিক চুক্তিতে। আসলে দীর্ঘমেয়াদি আনুষ্ঠানিক চুক্তি করতে চাইছে বাফুফে। কিন্তু কৌশলে তিনি এড়িয়ে যাচ্ছেন।
চুক্তির আনুষ্ঠানিকতা সারতে কাল দুপুরে বাফুফে ভবনে আসার কথা ছিল সেন্টফিটের। শেষ মুহূর্তে জানা গেল, আসছেন না। কারণ, তিনি পেটের পীড়ায় ভুগছেন! পরে অবশ্য বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে ঘণ্টা দেড়েক বৈঠক করেছেন সেন্টফিট। ওই বৈঠকের পরও অবশ্য চুক্তি হয়নি। পরে সুবিধামতো সময়ে চুক্তিটি করা হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
সেন্টফিট চুক্তিতে সই করতে না আসায় কাল গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, নাইজেরিয়ার কোচ হয়ে তিনি চলে যাচ্ছেন পশ্চিম আফ্রিকার দেশটিতে। গুঞ্জনটা ভিত্তিহীনও নয়। তিন দিন আগে দক্ষিণ আফ্রিকার ক্রীড়াবিষয়ক ওয়েবপোর্টাল সুপারস্পোর্ট সেন্টফিটের একটি সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনে তাঁকে উদ্ধৃত করেছে, ‘নাইজেরিয়া আমার প্রথম পছন্দ, এ জন্যই বাংলাদেশে কাজ করতে চাইছি না। বাংলাদেশের সঙ্গে আপাতত চুক্তি করছি না। আমি নাইজেরিয়াকে রাশিয়া বিশ্বকাপে তুলতে চাই।’ দুই দুইয়ে চার মেলানো হয় এ থেকেই। নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের পছন্দের সংক্ষিপ্ত তালিকায় যে আছে সেন্টফিটের নাম! যদিও বেলজিয়ান কোচ আগেই দাবি করেছেন, নাইজেরিয়া কোনো আনুষ্ঠানিক প্রস্তাব তাঁকে দেয়নি।
চট্টগ্রাম থেকে প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের খেলা দেখে ফেরা সেন্টফিট উঠেছেন রাজধানীর একটি তিন তারকা হোটেলে। বাফুফের সাধারণ সম্পাদক সেখান থেকে অসুস্থ কোচকে দুপুরে নিয়ে যান বাফুফের সভাপতির ব্যবসায়িক কার্যালয়ে। ঘণ্টা খানেক বৈঠকের পর চুক্তি না করেই বের হন সেন্টফিট। কবে নাগাদ চুক্তি হতে পারে, সে ব্যাপারে ধোঁয়াশাই রইল তাঁর কথাবার্তায়, ‘জানি না কবে নাগাদ চুক্তি করব। কিন্তু আমি তো এখানে কাজ করছি। এটাই প্রমাণ করে আমি এখানকার কোচ। বাংলাদেশে কাজ করার ব্যাপারে বাফুফের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
সুপারস্পোর্টে দেওয়া সাক্ষাৎকার নিয়ে তাঁর ব্যাখ্যা, ‘লেখাটা আমি পড়েছি। কয়েক সপ্তাহ আগে ওরা আমার সাক্ষাৎকারটি নিয়েছিল। কিন্তু এটা দু-তিন দিন আগে প্রকাশিত হয়েছে। এ জন্যই সমস্যাটা হয়েছে।’
৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভুটানের সঙ্গে এশিয়ান কাপের বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে পর্যন্ত থাকার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন সেন্টফিট, ‘রিয়াল মাদ্রিদ বা আর্জেন্টিনার কোচ হওয়ার জন্য ডাকলে অবশ্যই ভাবব। কিন্তু এ মুহূর্তে বাংলাদেশ ছাড়া আর কোনো ক্লাব বা ফেডারেশনের প্রস্তাব আমার কাছে নেই। এবং বাংলাদেশে কাজ করতে পেরে আমি খুশিও।’
সেন্টফিট যা-ই বলুন, বাস্তবতা হচ্ছে গতবারসহ মোট পাঁচবার বিশ্বকাপে খেলা নাইজেরিয়ার কোচের প্রস্তাব পেলে তাঁকে ধরে রাখা কঠিনই হবে। সেটা যেন পরোক্ষে মেনেও নিচ্ছেন বাফুফের সাধারণ সম্পাদক, ‘নাইজেরিয়া থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে হয়তো সেন্টফিট বাংলাদেশে থাকবেন না। এটি মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায়ও নেই।’
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ৩১ জুলাই বেলজিয়াম ফিরে যাবেন সেন্টফিট। ১৭ আগস্ট ঢাকায় ফিরে তাঁর জাতীয় দলের অনুশীলন শুরু করার কথা।