সেন্টফিটকে নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে ঢাকায় এসে বাংলাদেশের ফুটবল কোচ হওয়ার ব্যাপারে প্রাথমিক আলোচনা সেরে গিয়েছিলেন টম সেন্টফিট। আজ এসে জাতীয় দলের ক্যাম্পের দায়িত্ব নেওয়ার কথা এই বেলজিয়ানের। কিন্তু এরই মধ্যে এই কোচকে নিয়ে শঙ্কায় পড়ে গেছে বাফুফে। নাইজেরিয়ার কোচ হওয়ার দৌড়েও যে এগিয়ে রয়েছেন সেন্টফিট! তিনজনের সংক্ষিপ্ত তালিকার প্রথমেই আছেন তিনি।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কাল জানিয়েছেন, ‘সেন্টফিটের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাঁর কাছে জানতে চেয়েছিলাম, নাইজেরিয়ার কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায় তিনি আছেন কি না। উত্তরে কোচ জানান, তিনি দুই মাস ধরে বিভিন্ন দেশের ফেডারেশনে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় নাইজেরিয়া তাঁকে ডেকেছে। ১৮ জুলাই নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের কাছে সাক্ষাৎকার দেবেন তিনি।’ এর মধ্যেই সেন্টফিটবাংলাদেশের উদ্দেশে রওনা দিলেও তাই কিছুটা সংশয়ে পড়ে গেছে বাফুফে। ‘তিনি যেহেতু আমাদের সঙ্গে কোনো চুক্তি করে যাননি, তাই এ মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। তবে তিনি আসার পরই বোঝা যাবে, বাংলাদেশের দায়িত্ব নেবেন কি না’—বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক।

গত জুনে লোডভিক ডি ক্রুইফের বিদায়ের পর ঢাকায় এসে কোচ হওয়ার আগ্রহ দেখান সেন্টফিট। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফিরে যান দেশে। যাওয়ার আগে জানিয়েছিলেন, আপাতত সেপ্টেম্বর ও অক্টোবরে ভুটানের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফের দুটি ম্যাচের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু ‘সুপার ইগলদের’ সঙ্গে কাজের সুযোগ পেলে তাঁর সিদ্ধান্ত কী হয়, সেটাই এখন দেখার বিষয়।