সেন্টফিটের বিদায়ী ব্যবস্থাপত্র

দুপুরের পর থেকেই মতিঝিলের ফুটবল ফেডারেশন ভবনের সামনে ভিড়। ভুটানের কাছে বাংলাদেশের হারে গত মঙ্গলবারের পর কালও একদল সমর্থক বাফুফের গেটে দাঁড়িয়ে বিক্ষোভ করেছেন। মাথায় কালো কাপড় বেঁধে, হাতে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড লিখে তাঁরা বৃষ্টিতে ভিজে স্লোগান দিচ্ছিলেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ব্যানারে। ফুটবলের অধঃপতনের জন্য দায়ীদের পদত্যাগের দাবিতে দুই পৃষ্ঠার একটি লিফলেটও বিলি করেন এই তরুণেরা। একপর্যায়ে পাশের মতিঝিল থানা থেকে পুলিশ এসে বিক্ষোভ মিছিল ঘিরে দাঁড়ায়। বাফুফে কর্তাদের পদত্যাগের দাবি করেছে মোহামেডানও।
ফুটবল ভবনের বাইরে যখন বিক্ষোভ চলছে, ভেতরে কোচ টম সেন্টফিট বিদায়ী সংবাদ সম্মেলন করছেন। বাংলাদেশের সঙ্গে তাঁর খণ্ডকালীন চুক্তি শেষ। আপাতত চুক্তি বাড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই। কাল রাতেই বেলজিয়ামে ফিরে গেছেন সেন্টফিট।
তবে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য দিয়ে গেছেন ব্যবস্থাপত্র। ফুটবলের এই হারটাকে তিনি ইতিবাচকই দেখছেন, ‘এটা এক অর্থে বাংলাদেশের জন্য ভালোই হয়েছে। বাংলাদেশ এখন আবার নতুন করে শুরু করতে পারবে সবকিছু।’
জাতীয় দলের এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন বেলজিয়ান কোচ, ‘হারটা আমার অপছন্দ। যেহেতু আমি এই দলের কোচ ছিলাম, ব্যর্থতার দায় আমারও।’
জাতীয় দলের সাফল্যের জন্য এখন থেকেই বয়সভিত্তিক দল গড়তে বলেছেন কোচ, ‘জাফর ইকবাল, রুবেল মিয়া, মনসুর আমিন, নিপু, সাদ—এই দলে এদের মতো অনেক তরুণ প্রতিভাবান ফুটবলার আছে। একই সঙ্গে বাফুফে ও ক্লাব মিলে যদি বয়সভিত্তিক দলগুলো নিয়ে বেশি কাজ করে তাহলে আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ একটা ভালো জাতীয় দল পেয়ে যাবে বলে আমার বিশ্বাস।’
থিম্পুতে ভুটানের কাছে পরাজয় প্রসঙ্গে তিনি টেনে এনেছেন ইতিহাস, ‘বাংলাদেশ এর আগে কখনোই ভুটানে গিয়ে খেলেনি। আবাহনী, শেখ রাসেলের মতো দলগুলো বিদেশি খেলোয়াড় নিয়ে গিয়েও বিভিন্ন টুর্নামেন্টে হেরে এসেছে। তবে এসব আমার কাছে অজুহাত নয়। আমাদের ক্লাব ও জাতীয় দলের ফুটবলারদের মানটা ভালো খেলার জন্য যথেষ্ট নয়। বলতে খারাপ লাগছে, এই দেশের ক্লাবগুলো খেলোয়াড়দের যতটা প্রাপ্য তার চেয়েও বেশি টাকা দিচ্ছে। আমার মনে হয়, এরপরও তারা দেশকে কিছু দেওয়ার জন্য সচেষ্ট থাকে না। আমি আফ্রিকায় দেখেছি, স্থানীয় লিগে ছেলেরা প্রাণপণ লড়াই করে যাতে জাতীয় দলে সুযোগ পায়, ইউরোপের কোনো ক্লাবে যাওয়ার সুযোগ পায়। এখানে ফুটবলারদের সেই আগ্রহ নেই।’