সেবার কেঁদেছিলেন এবার হাসলেন

এই সেই বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম। সেই জুন মাস, তারিখটা শুধু এদিক-ওদিক। ২০০৬ বিশ্বকাপ। মনে পড়ে লিওনেল মেসি?
মাত্রই তিন দিন আগে ২০ বছরে পা দেওয়া মেসির জন্য জন্মদিনের সবচেয়ে বড় উপহার হতে পারত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালটা। ক্লাব ক্যারিয়ারে তখনকার মেসি ঠিক আজকের জাদুকরী মেসি হয়ে ওঠেননি। কিন্তু আগের বছরই যুব বিশ্বকাপের গোল্ডেন বল আর বুট, সেই সঙ্গে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে মেসি বড় মঞ্চে নিজের সামর্থ্যের কথা জানান দিয়ে রেখেছেন।
কিন্তু আর্জেন্টিনার কোচ হলে কিছু কিছু পাগলামী করতে হয়। না হলে যে ঐতিহ্য থাকে না। কোয়ার্টার ফাইনালে সেই পাগলামী করলেন হোসে পেকারম্যান। তরুণ তুর্কি মেসিকে বসিয়ে রাখলেন বেঞ্চে। ম্যাচের ঘড়িতে ৮০ মিনিট। রবার্তো আয়ালার গোলে তখনো এগিয়ে আর্জেন্টিনা। কিন্তু জার্মানি, যাদের সম্পর্কে গ্যারি লিনেকার শেষ কথাটা সেই কবেই বলে গেছেন, ‘ফুটবল হচ্ছে এমন একটা খেলা, যাতে ২২ জন মিলে খেলে এবং শেষ পর্যন্ত জার্মানি জেতে।’
৮০ মিনিটে ক্লোসার গোলে সমতা ফেরাল স্বাগতিক জার্মানি। মেসি, মেসি, মেসি—আকূল আর্তনাদ বার্লিনের আকাশি-সাদা অংশে। এবং টিভির সামনে বসে থাকা বিশ্বজুড়ে আর্জেন্টিনা সমর্থকদেরও। কিন্তু না, পেকারম্যান নামালেনই না। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে আসা মেসি বেঞ্চে বসে দেখলেন, কীভাবে টাইব্রেকারের পেনাল্টি শ্যুট আউটে আয়ালা আর ক্যাম্বিয়াসোর ব্যর্থতায় ছিটকে গেল আর্জেন্টিনা। কে সান্ত্বনা দেবে সদ্য তারুণ্যে পা রাখা মেসিকে। সবাই-ই তো কাঁদছে!
মেসির কাছে তখন থেকেই জার্মানি একটা যন্ত্রণার প্রতিশব্দ। ২০১০ বিশ্বকাপ, মেসি তাঁর ক্যারিয়ারের সেরা ফর্মে। এবারও কোয়ার্টার ফাইনাল। এবারও জার্মানি। মেসির সামনে প্রতিশোধ নেওয়া সুযোগ। প্রতিশোধ! একে একে আর্জেন্টিনার জালে ঢুকল চার গোল!
২০১৪ বিশ্বকাপ। এইবার আর্জেন্টিনা ফাইনালে। এই তো সুযোগ। সর্বকালের অবিসংবাদিত সেরা ফুটবলার হতে আর একটা ম্যাচই তো জিততে হয়। মেসি টুর্নামেন্টে খেলছেনও বেশ। যদিও সেই চোট জর্জর সেই মৌসুম পুরো ছন্দে ফিরতে দিচ্ছিল না। কিন্তু তবুও চার গোল করেছেন। ডি মারিয়া-হিগুয়েইনকে দিয়ে করিয়েছেন গুরুত্বপূর্ণ গোল। কিন্তু প্রতিপক্ষ যে জার্মানি!
সেই জার্মানির সেই বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে ফিরে গেলেন কাল। ১১ বছর আগের স্মৃতিটা উঁকি না দিয়ে যায়-ই না। স্মৃতিকাতর তো শুধু মেসিই নন, জিজি বুফোনও। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে বিধ্বস্ত ইতালির ঘরোয়া ফুটবলকে পেছনে ফেলে ২০০৬ সালে এই মাঠেই বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন। কিন্তু না, শেষ পর্যন্ত সেদিন বার্লিনে হাসিতে উদ্ভাসিত বুফোন কাঁদলেন। সবচেয়ে বেশি কাঁদলেন ‘আর্কিটেক্ট’ আন্দ্রেয়া পিরলো।

আর মেসি? তাঁর বয়স যেন হুট করে ৯ বছর কমে গেল। সদ্যই টিনএজ পেরিয়ে আসা সেই তরুণটা যেন। পুরস্কার বিতরণী মঞ্চে কী দুষ্টুমিটাই না করলেন। লাফালেন। গান গাইলেন, সে কী হেড়ে গলার গান!
না, ফাইনালে গোল পাননি। যেমনটা পেয়েছিলেন ২০০৯ আর ২০১১-এর ফাইনালে। দৃশ্যত জুভ কোচ তাঁকে আটকে রাখতে পারলেন ঠিকই। কিন্তু আসলেই পেরেছেন কি? রাকিটিচের সেই গোলটা তাঁর লং বলের জাদুর স্পর্শে। সমতায় ফিরে বার্সা তখন কাঁপছে, দুর্দান্ত মেসি তখন একাই তাঁর সেই বিখ্যাত সলো রান দিয়ে একেকজনকে ছিটকে ফেলে এগিয়ে যাচ্ছেন। সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু। বাঁ প্রান্তে পেয়ে গেলেন বল। জোরাল শট। গোলরক্ষকটার নাম বুফোন বলেই শটটা প্রতিহত হলো। কিন্তু সেই শটের ‘আফটার শক’ ছিল। বুফোনের হাত থেকে ছিটকে আসা বলে বার্সাকে আবার এগিয়ে দিলেন সুয়ারেজ।
২-১, যোগ করা সময়ের খেলা চলছে। ৫ মিনিট সময়টাকে বার্সা সমর্থকদের মনে হচ্ছে বড় লম্বা সময়। জুভেন্টাস তখন বার্সা রক্ষণে হামলে পড়েছে। সেই সময় বার্সার দুর্দান্ত প্রতিআক্রমণ। মেসির দুর্দান্ত থ্রু বল জুভদের এগিয়ে আসা রক্ষণের তিনজনকে স্রেফ বিবশ করে ফেলল, খুঁজে পেল নেইমারকে। নেইমার থেকে পেদ্রো, পেদ্রো থেকে নেইমার। ৩-১! গোল পাননি, কিন্তু তিনটা গোলেরই আসল কারিগর ছিলেন।
মেসিকে আটকে রেখেও তাই আটকে রাখতে পারলেন না ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। বার্লিনের সেই বিশ্বকাপ ফাইনালে ঢুস কেলেঙ্কারি দিয়ে আলোচিত ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি মেসিকে আটকানোর সবচেয়ে ভালো উপায়টা বলে গিয়েছিলেন, ‘মেসির সামনে পড়লে প্রথমেই আপনাকে মনে মনে প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে। এর পরই যেটা করতে হবে, ওকে একটা ফাউল করে ফেলে দেবেন!’
ভিদাল-পগবারা মাঝমাঠে× সেই চেষ্টাও করেছে। পারেনি। মেসি যে এবার বার্লিনে হাসবেন বলেই পণ করেছিলেন!